রোজার আগেই ঈদের বাজার
রমজানের প্রথম সপ্তাহের পর দর্জির দোকানগুলো আর ফরমায়েস (অর্ডার) নেবে না। তাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তুহিনা ও তাঁর বান্ধবী সানজিদা এসেছেন থান কাপড় কিনতে। তাঁদের পছন্দ নেটের সুতির কাপড়। অক্লান্ত বিক্রয়কর্মী কাপড় নামাতে নামাতে দোকানের তাক প্রায় খালি করে এনেছেন। দোকানের খালি চেয়ারগুলো ততক্ষণে ভরে উঠেছে। বিক্রয়কর্মীর ব্যস্ততা হঠাৎই বেড়ে যায়। ভাই এটা নামান, ওটা দেখিতো... ক্রেতাদের এমন গুঞ্জনে ভরে ওঠে বিপণীকেন্দ্র।২৪ জুলাই নগরের সেন্ট্রাল প্লাজার থান কাপড়ের একটি দোকানে এমন চিত্রই দেখা গেল। প্রতিবছরই রোজা শুরুর আগে থান কাপড়ের কেনাকাটা শুরু হয়, এবারও তার ব্যতিক্রম হয়নি। সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তুহিনা জানান, ‘ঈদে সবাই চায় পোশাকে একটু ভিন্নতা আনতে। নিজের নকশায় এবার জামা বানাব। তাই থান কাপড় কিনতে এসেছি।’ নগরের বিপণী বিতানগুলোয় থান কাপড়ের দোকানেই ভিড় বেশি। দেশি তাঁতের কাপড় থেকে শুরু করে নানা আকর্ষণীয় নামে বিদেশি থান কাপড় বিক্রি হচ্ছে। গত কয়েক বছরে দেশি কাপড়ের চাহিদা বেড়েছে। ভারত, চীন ও পাকিস্তানে তৈরি থান কাপড়ের প্রতিও আগ্রহ আছে ক্রেতাদের। মান ভেদে গজ কাপড় বিক্রি হচ্ছে ৬০ টাকা থেকে এক হাজার ৫০০ টাকায়। ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে নগরের বিপণী বিতান (নিউমার্কেট), টেরি বাজার, সেন্ট্রাল প্লাজা, লাকী প্লাজা, শপিং কমপ্লেক্স, সানমার ওশান সিটি, আফমি প্লাজা ও মিমি সুপার মার্কেটসহ বিভিন্ন বিপণীকেন্দ্র। ক্রেতারা দেখছেন, ঘুরছেন, দরদাম করছেন। সব ঠিকঠাক হলে পছন্দের কাপড়টি কিনছেন। তাই সকাল থেকে রাত অবধি ব্যস্ত থাকতে হচ্ছে বিক্রেতাদের। নগরের বিপনীকেন্দ্রগুলোতে দম মারো দম, তেরে লিয়ে, দুলহান, জাদুয়াল কাতান, মোগলে আযম, পিউর জর্জেট, সুকুমার, অহনা, গদোয়াল, গঙ্গা, রিভা ইত্যাদি বিভিন্ন নামে বিক্রি হচ্ছে থান কাপড় ও থ্রি-পিসের কাপড়।সেন্ট্রাল প্লাজার একটি বিপণীকেন্দ্রের বিক্রয়কর্মী শফিকুর রহমান বলেন, ‘বেচাকেনা ভালোই হচ্ছে। ২০ থেকে ২৫ রমজান পর্যন্ত ক্রেতাদের চাপ থাকবে। মান ভালো হওয়ায় ভারত ও চীনে তৈরি কাপড়ের চাহিদা বেশি।’ টেরি বাজারের মডেল কালেকশনের বিক্রয়কর্মী মো. কায়সার জানান, এখানে মূলত দেশি-বিদেশি থান কাপড় এবং সেলাইবিহীন থ্রি-পিস বিক্রি হয়। বাহারি নামের থান কাপড় এসেছে এবারের রমজান উপলক্ষে। এর মধ্যে প্রতিগজ অরবিন্দ ৬৫০ টাকা, বাসাবি ৬৮০ টাকা, আর্ট অ্যান্ড ক্রাফট ৯৫০ টাকা, পাটোয়ারী ৪৫০ টাকা, সেতুলী ৬৫০ টাকা, দারেশ এক হাজার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। আফরোজা রুমি তাঁর ছোট বোনের থ্রি-পিসের জন্য কাপড় কিনছিলেন। তিনি বলেন, ‘কাপড়ের দাম এবারে অনেক বেশি। দাম আরও না বাড়ার আগেই কাপড় কিনে ফেলছি।’ টেরি বাজারে গতবারের তুলনায় এবার কাপড়ের দাম একটু বেশি বলে জানালেন মোহাম্মদীয়া শপিং সেন্টারের সত্ত্বাধিকারী মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘কাপড়ের দাম বেড়ে যাওয়ায় ক্রেতার সঙ্গে দরকষাকষি হচ্ছে। এখানে আমরাও নিরুপায়।’