রোজার আগেই তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোজার সময় নগরে যানজট বাড়ে—অতীত অভিজ্ঞতায় এটাই দেখা গেছে। কিন্তু এবার রোজা শুরুর দুই সপ্তাহ আগেই নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজট ভয়াবহ আকার ধারণ করেছে।এই যানজটের কারণ অনুসন্ধানে জানা গেছে, রোজার প্রস্তুতি হিসেবে অনেক এলাকায় ফুটপাত, এমনকি সড়ক দখল করে দোকানপাট বসে গেছে। বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় রাস্তার ওপর এলোপাতাড়ি করে বাস-ট্রাকসহ অন্যান্য যানবাহন দাঁড় করিয়ে রাখা হলেও তা সরানোর কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না। এ ছাড়া বিভিন্ন অঞ্চলের ভাসমান মানুষ যারা সচরাচর রোজা শুরুর পর শহরে এসে রিকশা চালায়, এবার তারা আগেভাগেই এসে গেছে। এসব কারণ নগরের যানজট-পরিস্থিতি তীব্র করে তুলেছে। রোজার মাসে এই পরিস্থিতি আরও তীব্র হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।হকার সমিতি সূত্রে জানা যায়, রমজান মাসের শুরু থেকেই হকাররা নগরের আগ্রাবাদ, ইপিজেড, জিইসি, ২ নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাট, অলংকার, নতুন ব্রিজ, মিয়াখান নগর, নিমতলা এলাকার ফুটপাতজুড়ে তৈরি পোশাক, বিভিন্ন জামা-কাপড়, জুতার পসরা নিয়ে বসে। প্রায় ১০ হাজার হকার রয়েছে এসব এলাকায়। গত মঙ্গলবার বিকেলে নগরের নিউমার্কেট এলাকায় কথা হয় পাথরঘাটার কলাবাগিচা এলাকার বাসিন্দা হেদায়েত হোসেনের সঙ্গে। তিনি জানান, রমজান মাসে পুরো নিউমার্কেট এলাকা, বিশেষ করে স্টেশন রোড, জলসা সিনেমার সামনে, হকার্স মার্কেটের মুখে তীব্র যানজট দেখা দেয়। কারণ, ফুটপাতসহ রাস্তার বেশির ভাগ দখল করে রাখে হকাররা। তার ওপর আছে রিকশা ও বাসের নিয়ন্ত্রণহীন চলাচল। যানজট শুরু হয়ে গেছে আগে থেকেই। এখন থেকেই ফুটপাতের দোকানিদের ব্যবসা জমজমাট হয়ে উঠছে বলেও জানান তিনি।ফুটপাতের ক্ষুদ্র দোকানি তালেব মিয়াও স্বীকার করেছেন, রমজান মাস উপলক্ষে হকারের সংখ্যা আরও বাড়বে। তবে এ সময়ে যানজট শুধু তাঁদের কারণেই যে বাড়ে, তা মানতে রাজি হননি। তাঁর মতে, রিকশা ও বাসের দাপটও তখন বেড়ে যায়। এর ফলে যানজট সৃষ্টি হয়।ফুটপাতে হকারদের প্রস্তুতি এবং রিকশা ও বাসের চলাচল বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে তামাকুমুণ্ডি বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু তালেব প্রথম আলোকে বলেন, ‘রমজান মাসে যানজট নিরসনে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলব। ফুটপাতের হকারদের পুনর্বাসনের ব্যাপারে গত বিশ্বকাপের সময়ে সিটি মেয়র আশ্বাস দিলেও তা এখনো বাস্তবায়িত হয়নি।’খোঁজ নিয়ে জানা যায়, রমজান মাস ও ঈদ সামনে রেখে নগরে বেশ কিছু ভ্রাম্যমাণ রিকশাচালক শহরে এসে ভিড় জমায়। তখন বেড়ে যায় রিকশার সংখ্যাও। বিষয়টি স্বীকার করেছেন আগ্রাবাদ বেপারিপাড়ার রিকশা গ্যারেজের মালিক হাসান আলী। তাঁর মতে, এ সময়ে বিভিন্ন জায়গা থেকে অভাবী মানুষ আসে কাজের খোঁজে। আর তখন তারা রিকশা চালানোকেই সহজ কাজ হিসেবে বেছে নেয়। নগরের দুই নম্বর গেট এলাকার পান সিগারেটের দোকানি আবদুর রহিম জানান, রোজা শুরু হলেই বিপ্লব উদ্যানের আশপাশের এলাকার রাস্তা আর ফুটপাত জুড়ে ভ্রাম্যমাণ হকারদের তোড়জোড় বেড়ে যায়। এমনিতেই এ এলাকায় মানুষজন যানজটের যন্ত্রণায় অতিষ্ঠ। তখন তা আরও বেড়ে যায়।আগ্রাবাদের বাদামতলী থেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ভবন পর্যন্ত ফুটপাত ও রাস্তার আশপাশেও প্রতিবছর রমজানের পর থেকে হকারদের দখলে চলে যায়। যানবাহন তো বটেই, পায়ে হেঁটে চলারও উপায় থাকে না তখন। এ কথা বলেছেন আগ্রাবাদ সিডিএ এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম। তাঁর মতে, এখানে যানজট বাড়ার অন্যতম কারণ ফুটপাত দখল। এরপর রয়েছে রিকশাচালকদের বেপরোয়া চলাচল। ফুটপাতে দোকানপাট তৈরি ও যানজট সৃষ্টি প্রসঙ্গে চট্টগ্রাম সম্মিলিত হকার ফেডারেশনের সভাপতি কাজী মোহাম্মদ সাহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা যতটা সম্ভব চলাচলের জায়গা রেখেই দোকান গড়ে দিয়েছি। আর পুনর্বাসনের ব্যবস্থা না করে এতগুলো মানুষকে ফুটপাত থেকে সরিয়ে দেওয়া তো সম্ভব নয়। আমরা ইতিপূর্বে সিনেমা প্যালেসসংলগ্ন পরির পাহাড়, জাম্বুরি মাঠ, নতুন স্টেশনের সামনের জায়গায় হকারদের পুনর্বাসনের জন্য সরকারের উচ্চপর্যায়ে অনুরোধ জানিয়েছি। কিন্তু এখনো পর্যন্ত কোনো সাড়া পাইনি।’অপরদিকে, বিআরটিসি বাসস্ট্যান্ড, কদমতলী, ইপিজেড এলাকায় আন্তজেলা রুটে চলাচলকারী দূরপাল্লার বাসগুলো এলোপাতাড়িভাবে মূল সড়কে দাঁড়িয়ে থেকে যানজট বাড়িয়ে তোলে বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক বিআরটিসি বাসস্ট্যান্ডের একটি কাউন্টারের ব্যবস্থাপক বলেন, ‘গাড়ি রাস্তায় রাখা ছাড়া আমাদের কোনো উপায় থাকে না। কারণ এখানে কোনো সুনির্দিষ্ট স্ট্যান্ড নেই।’নগর পরিকল্পনাবিদ আলী আশরাফ বলেন, ‘যানজট নিরসনে আমরা বাস র‌্যাপিড ট্রানজিট পদ্ধতি (বিআরটিএস) কাজে লাগাতে পারি। এর মাধ্যমে শুধু বাস চলাচলের জন্য আলাদা সড়ক নির্ধারণ করে দেওয়া যেতে পারে। এ ছাড়া রিকশা, কারসহ অন্য যানগুলো আগের মতো একই রাস্তায় চলতে পারে। এতে দেখা যাবে, সমান দূরত্বে চলাচলকারী বাস যাত্রীরা অপেক্ষাকৃত কম সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন। এতে করে দ্রুত পৌঁছানোর জন্য প্রাইভেট কার, অটোরিকশা ও রিকশার ব্যবহার কমে আসছে।’নাম প্রকাশ না করে সিটি করপোরেশনের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ‘যানজট নিরসনে আমাদের নিয়মিত তদারকি চলছে। রোজা উপলক্ষে তা আরও জোরদার করা হবে।’