রোজার পণ্য নিয়ে আসছে আট জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই সপ্তাহ পর শুরু হচ্ছে রোজা। এ সময় ভোগ্যপণ্যের সরবরাহের দিকেই নজর থাকে ব্যবসায়ী ও সরকারি তদারকি সংস্থাগুলোর। রোজা সামনে রেখে ভোগ্যপণ্য নিয়ে বন্দরে আসছে আটটি জাহাজ। এ ছাড়া বন্দরে এখন ১১টি ভোগ্যপণ্যবাহী জাহাজ থেকে পণ্য খালাসের প্রক্রিয়া চলছে। অর্থাৎ দু-তিন দিনের মধ্যে বন্দরে পণ্য খালাস হবে ১৯টি জাহাজ থেকে। এসব জাহাজে আসা ভোজ্যতেল, চিনি, গম ও লবণের পরিমাণ প্রায় সোয়া চার লাখ টন।বন্দর সূত্রে জানা গেছে, রোজার নিত্যপ্রয়োজনীয় পণ্য ভোজ্যতেল নিয়ে পাঁচটি জাহাজ ভিড়বে দু-তিন দিনের মধ্যে। এসব জাহাজে ভোজ্যতেল রয়েছে ৩৬ হাজার টন। একই সময়ে চিনি নিয়ে আসছে দুটি জাহাজ। এই দুই জাহাজে চিনি রয়েছে এক লাখ এক হাজার ৩৩৫ টন। এ ছাড়া ৩০ হাজার টন লবণ নিয়ে আসছে আরও একটি জাহাজ।এই আটটি জাহাজ ছাড়াও গতকাল বুধবার পর্যন্ত বন্দরে ১১টি ভোগ্যপণ্যবাহী জাহাজ থেকে পণ্য খালাসের প্রক্রিয়া চলছে। এসব জাহাজের পাঁচটিতে গম, দুটিতে ভোজ্যতেল, দুটিতে চিনি ও দুটিতে খাবার লবণ রয়েছে। এসব পণ্যের পরিমাণ প্রায় সোয়া দুই লাখ টন।বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, বন্দরে ভোগ্যপণ্য নিয়ে আসা জাহাজের সংখ্যা বেড়েছে। এসব জাহাজের বেশির ভাগই বহির্নোঙর থেকে খালাস করে লাইটার জাহাজে (ছোট আকারের) পরিবহন করা হচ্ছে। তবে যেসব জাহাজের পণ্য জেটিতে খালাস হয়, সেগুলোকে জেটিতে ভিড়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে তিনি জানান।বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংকটের অজুহাতে বাজারে লবণের দাম অস্বাভাবিক হারে বেড়ে যায়। এ পরিস্থিতিতে মন্ত্রণালয় থেকে তিন লাখ টন খাবার লবণ আমদানির অনুমতি দেওয়া হয়। অনুমতি দেওয়ার পর বন্দরে লবণবাহী তিনটি জাহাজ আসছে। এই তিনটি জাহাজে ৮৭ হাজার টন লবণ রয়েছে। এসব লবণ বাজারজাত হলে লবণ নিয়ে সংকট কাটবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। লবণ ছাড়াও ভোজ্যতেল, চিনির মতো রোজার বেশি ব্যবহূত পণ্য খালাস করে এবং পরিশোধন করে রোজায় বাজারজাত করার সুযোগ আছে। এসব পণ্য বাজারজাত হলে রোজায় নিত্যপণ্যের সরবরাহ বাড়বে।বন্দর সূত্রে জানা গেছে, খোলা আকারে এসব পণ্যের আমদানির পাশাপাশি কনটেইনারে করেও আসছে ভোগ্যপণ্য। কনটেইনারে করে ছোলা, মসুর ডাল, খেজুর আমদানি হচ্ছে। গত মাসে কনটেইনারে ছোলা আমদানি হয় ১১ হাজার ৮৬০ টন। মসুর ডাল আমদানি হয় ২০ হাজার ৪১৬ টন। এ ছাড়া খেজুর আমদানি হয় প্রায় এক হাজার টন। এর বাইরে আদা চার হাজার ৩০৭ টন এবং রসুন দুই হাজার টন কনটেইনারে করে আমদানি হয়।ভোগ্যপণ্য আমদানিকারক চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নুরুল আলম প্রথম আলোকে জানান, এবার রোজায় ভোগ্যপণ্যের সরবরাহ অনেক বেড়েছে। যেসব পণ্য এখন বন্দরে আসার পথে রয়েছে এবং খালাস হচ্ছে, সেগুলো বাজারে এলে সরবরাহ আরও বাড়বে।