
রোজার পণ্যের সরবরাহ ও বিশ্ববাজারে দাম পর্যালোচনা করে ব্যবসায়ীরা বলছেন, এবার রোজার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ পর্যাপ্ত রয়েছে। পণ্যের দামও বাড়ার শঙ্কা নেই।
গত বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় ব্যবসায়ীরা এ কথা বলেন। চট্টগ্রাম চেম্বার এ মতবিনিময় সভার আয়োজন করে।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার বনজ কুমার মজুমদার, চেম্বারের সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ, চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ প্রমুখ বক্তব্য দেন।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ব্যবসায়ী সংগঠনগুলো তৎপর থাকলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব। খুচরা ও পাইকারি পর্যায়ে মূল্যতালিকা প্রদর্শন বাধ্যতামূলক করার ঘোষণা দিয়ে তিনি বলেন, পাঁচজন ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত বাজার তদারক করবে।
সভায় ব্যবসায়ীরা বলেন, রোজার নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি অব্যাহত রয়েছে। এসব পণ্য দিয়ে রোজার চাহিদা পূরণ করা সম্ভব।