রোজার শুরু থেকেই জমেছে কেনাকাটা
রমজান মাসের তিন-চার দিন থেকেই পটিয়া সদরের বিপণিকেন্দ্রগুলোতে ঈদের কেনাকাটা শুরু হয়েছে। আকর্ষণীয় পোশাকের সংগ্রহ রয়েছে প্রতিটি দোকানে। বর্ণিল সাজে সাজানো হয়েছে সব কটি বিপণিকেন্দ্র। তবে ক্রেতারা জানান, সব ধরনের কাপড়ের দাম গত বছরের তুলনায় বেশি হাঁকা হচ্ছে।পটিয়া শহীদ ছবুর সড়ক, স্টেশন সড়ক ও ক্লাব সড়কে ১২টি বড় বিপণিকেন্দ্রে চার শতাধিক দোকানসহ সদর এলাকায় ছোট-বড় প্রায় ৭০০ দোকান রয়েছে। এর মধ্যে রয়েছে শাড়ি, থান কাপড়, থ্রি-পিস, ফতুয়া, ফ্রক, পায়জামা-পাঞ্জাবি, প্যান্ট-শার্ট, লুঙ্গি, জুতা, টুপি, গয়না ইত্যাদির দোকান।গত সোমবার হরতালের দিনও সকাল ১০টার পর থেকে বিভিন্ন বিপণিকেন্দ্রে দেখা গেছে ক্রেতাদের ভিড়।শহীদ ছবুর সড়কের প্রসাধনী স্টোরের মালিক মোহাম্মদ আশরাফ বলেন, ‘সকাল থেকেই আমাদের দোকানে ক্রেতাদের ভিড় লেগে আছে। মফস্বল শহর হওয়ায় আমাদের বেচাকেনাতে হরতালের প্রভাব পড়েনি।’শাহ আমির মার্কেটের আইয়ুব ব্রাদার্সের বিক্রয়কর্মী জাহাঙ্গীর আলম জানান, রোজার এক সপ্তাহ আগেই দোকানে ঈদের পণ্যসামগ্রী তোলা হয়েছে। চার রোজা থেকেই ভালো বেচাকেনা হচ্ছে। পটিয়া পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের হিসাবরক্ষক রিতা খাতুন ও তাঁর স্বামী জাকির হোসেন মেয়েকে নিয়ে এসেছিলেন কেনাকাটা করতে।হাজি শফি মার্কেট থেকে বেরিয়ে জাকির হোসেন বলেন, ‘বিভিন্ন বিপণিকেন্দ্র ঘুরে দেখেছি, গত বছরের তুলনায় এ বছর কাপড়ের দাম অনেক বেশি। গত বছর মেয়ের জন্য যে থ্রি-পিস পাঁচ হাজার টাকায় নিয়েছিলাম, এবার একই ধরনের থ্রি-পিস ছয় হাজার টাকায় কিনতে হয়েছে।’একই বিপণিকেন্দ্রের ‘লিলি গার্মেন্টসে’ কেনাকাটা করতে এসেছেন আনোয়ারা উপজেলার হুমাইরা বেগম তাঁর তিন মেয়েকে নিয়ে। ছোট মেয়ে মিনা আকতার বলে, ‘আব্বু বিদেশে থাকেন। মায়ের সঙ্গে ঘুরছি কেনাকাটা করতে। এখন এখান থেকে পছন্দের কাপড় কিনব।’শাহ আমির মার্কেটের দ্বিতীয় ও তৃতীয় তলাজুড়ে রয়েছে বিশাল ‘বড় বাজার’। বাজারের ব্যবস্থাপনা পরিচালক মোছলেম উদ্দিন বলেন, ‘ঈদ উপলক্ষে আমরা ৮০ ভাগ জামাকাপড় বিদেশ থেকে এনেছি। কলকাতার বড় বাজার ও মুম্বাইয়ের জামদানি, কাতান, বেনারসি ও পার্টি শাড়ির সংগ্রহ আছে আমাদের কাছে। তবে এখনো পর্যন্ত কাতান ও জামদানির চাহিদা বেশি দেখা যাচ্ছে।’আলম প্লাজার স্বর্ণা শাড়ি কালেকশনের মালিক মোহাম্মদ ইদ্রিচ বলেন, ‘আমাদের দোকানে ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের সর্বশেষ ডিজাইনের শাড়ি ও থ্রি-পিসের বিপুল সংগ্রহ রয়েছে। শাড়ির মধ্যে জামদানি ও কাতানের চাহিদা সবচেয়ে বেশি।’দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন দোকানে নকশা ও মান ভেদে সাধারণ থ্রি-পিস ৮০০ থেকে দেড় হাজার টাকা, মাঝারি ও ভালো মানের তিন থেকে ৩০ হাজার টাকা, জামদানি, কাতান, বালুচড়ি শাড়ি তিন থেকে ২০ হাজার টাকা, সাধারণ শাড়ি ৫০০ থেকে দুই হাজার টাকা, শার্ট ৬০০ থেকে এক হাজার ২০০ টাকা, পাঞ্জাবি ৮০০ থেকে আট হাজার টাকায় বিক্রি হচ্ছে।