রোজার শুরুতেই চকরিয়ার বাজার গরম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোজা শুরুর সঙ্গে সঙ্গে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় নিত্যপণ্যের দাম ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। ২৯ জুনের পর থেকেই হঠাৎ করে ছোলা, মসুর ডাল, পেঁয়াজ, রসুন, সয়াবিন তেল, চিনি, মুড়ি, কাঁচা মরিচ, শসাসহ সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়েছে। কক্সবাজার জেলা কৃষি বিপণন বিভাগ মূল্য তালিকা নির্ধারণ করে দিলেও চকরিয়ার কোনো বাজারেই এ তালিকা চোখে পড়েনি।
গত মঙ্গলবার চকরিয়া পৌর শহরের প্রধান কাঁচাবাজারে সরেজমিনে দেখা গেছে, শুকনো ও কাঁচা পণ্যের দাম একেক দোকানে একেক রকম। ৪০ টাকার নিচে বাজারে মিলছে না কোনো সবজি। ক্রেতাদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে এখনো বাজার মনিটরিং শুরু না হওয়ায় এই পরিস্থিতি দেখা দিয়েছে। এ কারণে ব্যবসায়ীরা যে যাঁর মতো করে দাম নিচ্ছেন।
বাজারে প্রতি লিটার সয়াবিন তেল ১২০-১৩০ টাকা, পেঁয়াজ ৪০-৫০ টাকা, শসা ৬০ টাকা, কাঁচা মরিচ ১০০ টাকা, বেগুন ৮০ টাকা, বয়লার মুরগি ১৭০-১৮০ টাকা, মসুর ডাল ১২০-১৩০ টাকা, টমেটো ৬০-৭০ টাকা, গরুর মাংস ৩৩০ টাকা, আলু ৩৫-৪০ টাকা, করলা ৪০-৪৫ টাকায় বিক্রি হচ্ছে ।
খুচরা বিক্রেতা শফিউল আলম (৪০) বলেন, ‘আমরা আড়ত থেকে কিনে বিক্রি করি। সেখানে দাম বেড়ে যাওয়ায় আমরাও বাড়তি দাম নিচ্ছি। গত শনিবারও এসব পণ্যের দাম অর্ধেক ছিল।’
জানা গেছে, ২৯ জুন কক্সবাজার কৃষি বিপণন অধিদপ্তর ভোগ্যপণ্যের একটি মূল্য তালিকা প্রকাশ করেছে। এর বাইরে অতিরিক্ত দাম নেওয়ার প্রমাণ পেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেওয়া হয়।
কৃষি বিপণন অধিদপ্তরের জেলা মার্কেটিং কর্মকর্তা মো. শাহজাহান আলী স্বাক্ষরিত মূল্য তালিকা প্রকাশ করা হয়। তালিকা অনুযায়ী মোটা চাল প্রতি কেজি ৩২-৩৩ টাকা, মাঝারি চাল ৩৮-৪০ টাকা, চিকন চাল ৪৬-৪৭ টাকা, খোলা আটা ৩০-৩২ টাকা, প্যাকেট আটা ৩৫-৩৬ টাকা, চিনি ৪৪-৪৫ টাকা, মুড়ি ৫৫-৬০ টাকা, ছোলা ৫৫-৬০ টাকা, পেঁয়াজ ৩৫-৪০ টাকা, রসুন ৮০-৮৫ টাকা, আদা ১৭০-১৮০ টাকা, হলুদ ১৪০-১৫০ টাকা, ভারত থেকে আমদানি করা শুকনা মরিচ ১১৫-১২০ টাকা, দেশি শুকনা মরিচ ১৭০-১৮০ টাকা, কাঁচা মরিচ ৯০-১০০ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ৯০-৯৫ টাকা, পাম তেল ৮০-৮৫ টাকা, আলু ২৫-২৮ টাকা, টমেটো ৫৫-৬০ টাকা, বেগুন ৫০-৬০ টাকা, শসা ৪০-৫০ টাকা, গাজর ৪০-৮০ টাকা, মসুর ডাল ৮০-১১০ টাকা, গরুর মাংস (হাড়সহ) ২৮০ টাকা, গরুর মাংস (হাড় ছাড়া) ৩৫০ টাকা, খাসির মাংস ৪৪০-৪৫০ টাকা, ব্রয়লার মুরগি ১৫০-১৬০ টাকায় বিক্রি হওয়ার কথা।
বাজার অনুসন্ধানকারী কর্মকর্তা ও কৃষি বিপণন অধিদপ্তরের জেলা মার্কেটিং কর্মকর্তা মো. শাহজাহান আলী বলেন, জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে বাজার মনিটরিং করা হবে। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।
জানতে চাইলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোয়াজ্জম হোসাইন বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভেজাল পণ্য বিক্রি বন্ধ করতে বাজারভিত্তিক মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। কারও বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, প্রত্যেক দোকানে মূল্যতালিকা টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত তালিকার বাইরে অতিরিক্ত মূল্য আদায়ের প্রমাণ পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।