রোডমার্চ ঘিরে মিরসরাই বিএনপিতে কোন্দল
বিএনপির ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ কর্মসূচিকে ঘিরে মিরসরাই বিএনপির কোন্দল প্রকাশ্য রূপ নিয়েছে। উপজেলা বিএনপির নেতারা এই কর্মসূচি সফল করতে আলাদাভাবে প্রচারণা চালাচ্ছেন। বিএনপির ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ ও চট্টগ্রামের জনসভা সফল করতে মাঠে নেমেছেন মিরসরাই বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। তবে দুই গ্রুপে বিভক্ত হয়ে কর্মসূচির প্রচারণা চালাচ্ছেন তাঁরা। এর মধ্যে একাংশের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুল আমিন। অন্য অংশের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন (সাবেক ইউপি চেয়ারম্যান)। দলীয় সূত্র জানায়, মিরসরাই বিএনপি নেতা ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক কামাল উদ্দিন চৌধুরী এবং উপজেলা বিএনপির সভাপতি নুরুল আমিনের নেতৃত্বে গত শনিবার ও গত শুক্রবার সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে পথসভা, শোডাউন শুরু হয়। অন্যদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ওসমানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নুরুল আমিন ও চট্টগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আবদুল আউয়াল চৌধুরীর নেতৃত্বে একই দিনে প্রচার চালানো হয় বিভিন্ন স্থানে। গতকাল শনিবার করেরহাট থেকে বড় দারোগারহাট পর্যন্ত মোটর শোভাযাত্রা করেন তাঁরা। এ সময় রোডমার্চ সফল করতে পোস্টার ও লিফলেট বিলি, পথসভা, মিছিল করেন উভয় গ্রুপের নেতা-কর্মীরা। কামাল উদ্দীন চৌধুরী ও নুরুল আমিনের নেতৃত্বে বিভিন্ন সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর বিএনপির সভাপতি মাঈনুদ্দিন, উপজেলা বিএনপির সহসভাপতি ফারুক উদ্দিন, যুগ্ন সম্পাদক মফিজ উদ্দিন, সাবেক চেয়ারম্যান নুরুল আফসার, আজিজুর রহমান চৌধুরী, বারইয়ারহাট পৌর বিএনপির সহসভাপতি জসিম উদ্দিন, কাউন্সিলর সাইদুল ইসলাম, সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন প্রমুখ। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন ও আবদুল আউয়াল চৌধুরীর নেতৃত্বে পথসভা ও সমাবেশগুলোতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম আলাউদ্দীন, বারইয়ারহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল আলম মিয়াজি, আইনজীবী খায়রুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবুল হাশেম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, উপজেলা যুবদলের সভাপতি মো. সালাহ্ উদ্দীন, শাহীদুল ইসলাম প্রমুখ। উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পৃথকভাবে প্রচারণা চালানো এবং নিজেদের মধ্যে মতবিরোধের কথা স্বীকার করেন। তবে সভাপতি নুরুল আমিন বলেন, ‘যত পছন্দ-অপছন্দই থাকুক, সভানেত্রীর কর্মসূচি পালনে সবার ঐক্যবদ্ধ থাকা উচিত।’ সাধারণ সম্পাদক নুরুল আমিন বলেন, ‘উপজেলা বিএনপির বেশির ভাগ নেতা-কর্মী আমাদের নেতৃত্বে রোডমার্চ ও চট্টগ্রামের জনসভা সফল করতে ঐক্যবদ্ধ।’