চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ ও জনসভা নিয়ে সরকার নানা ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। বিশেষ করে দলীয় নেতা-কর্মীদের গণগ্রেপ্তার এবং সড়কের পাশ থেকে ব্যানার-বিলবোর্ড সরিয়ে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। এ ধরনের হয়রানি থেকে বিরত থাকতে গতকাল সোমবার সকালে অতিরিক্ত পুলিশ কমিশনারকে স্মারকলিপি দিয়েছেন বিএনপি নেতারা।দলীয় সূত্র জানায়, ৮ জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে চার দলের রোডমার্চ শুরু হচ্ছে। এতে নেতৃত্ব দেবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই দিন তিনি চান্দিনা ও কুমিল্লার দুটি পথসভা এবং ফেনীর জনসভায় ভাষণ দেবেন। পরদিন ৯ জানুয়ারি নগরের পলোগ্রাউন্ড মাঠের জনসভা থেকে তাঁর সরকারবিরোধী কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে।বিএনপি নেতাদের অভিযোগ, চার দলের কর্মসূচিকে ঘিরে সরকারি দলের লোকজন ও স্থানীয় প্রশাসন নানা ষড়যন্ত্রে লিপ্ত। এর অংশ হিসেবে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড় ও এলাকা থেকে ডিজিটাল ব্যানার ও বিলবোর্ড সরিয়ে নেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়ার চট্টগ্রাম আগমন উপলক্ষে দলীয় নেতা-কর্মীরা এসব স্থাপন করেছিলেন। এ ছাড়া বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালিয়ে পুলিশ দলীয় নেতা-কর্মীদের গণগ্রেপ্তার ও হয়রানি করছে বলে নেতারা অভিযোগ করেন। নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘কর্মসূচি বানচাল করতে আওয়ামী লীগ ও প্রশাসন ষড়যন্ত্র করছে। ব্যানার-বিলবোর্ড সরিয়ে নিচ্ছে গোয়েন্দা পুলিশ। বিভিন্ন এলাকা থেকে আমাদের নেতা-কর্মীরা এই অভিযোগ করেছেন। এ ছাড়া, আমাদের লোকজনের বাড়িতে পুলিশ অভিযান চালাচ্ছে। এতে অনেকে গণগ্রেপ্তারের শিকার হচ্ছেন।’ উপপুলিশ কমিশনার (সদর) ফারুক আহমেদ বিএনপির অভিযোগ সঠিক নয় বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘তাঁরা অভিযোগ করতে পারে। তবে পুলিশ কেন রাস্তার পাশ থেকে বিএনপির ব্যানার সরিয়ে নেবে? তাঁরা রাস্তায় পাহারা বসালেই তো ব্যানার চুরি বন্ধ হয়ে যাবে।’ এদিকে গত শনিবার রাতে আমীর খসরুর মেহেদীবাগের বাসার সামনের তোরণে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় বিএনপি কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছে। সরকার-সমর্থকেরা এ ঘটনার সঙ্গে জড়িত বলে বিএনপির অভিযোগ।আমীর খসরু এ প্রসঙ্গে বলেন, ‘ওরা (আওয়ামী লীগ) ছাড়া এ কাণ্ড আর কে ঘটাবে? আমাদের পক্ষে গণজোয়ার দেখে ওরা দিশেহারা হয়ে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। আমাদের নেতা-কর্মীদের মনোবল ভেঙে দিতে এসব করা হচ্ছে। তবে লাখ লাখ লোকের সমাবেশ ঘটিয়ে আমরা সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেব।’ এদিকে রোডমার্চ কর্মসূচিকে ঘিরে নগরের ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপির প্রচার-প্রচারণা জমে উঠেছে। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি মাঠপর্যায়ের নেতারাও প্রচারণায় অংশ নিচ্ছেন। কর্মী-সমর্থকদের উদ্বুদ্ধ করা এবং ৯ জানুয়ারির সমাবেশে বিপুল মানুষের উপস্থিতি ঘটাতে দিনরাত কাজ করছেন তাঁরা।স্মারকলিপি: এদিকে রোডমার্চ কর্মসূচিকে ঘিরে সরকার-সমর্থক এবং প্রশাসনের বাধা সৃষ্টির প্রতিবাদে গতকাল সকালে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি। এ সময় দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, উত্তর জেলা বিএনপির সহসভাপতি এস এম ফজলুল হক, নগর বিএনপির সহসভাপতি শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।