রোডমার্চে নির্বাচনী আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের রোডমার্চ ঘিরে ছিল নির্বাচনী আমেজ। রোডমার্চের বহর যেসব নির্বাচনী এলাকার ওপর দিয়ে গেছে সেখানকার সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশীরা ছিলেন সরব। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজেও কয়েকজনকে পরিচয় করিয়ে দিয়েছেন। রোডমার্চের প্রথম দিন গত রোববার ঢাকা থেকে চট্টগ্রাম আসার পথে পথে ছিল বিএনপি নেতা-কর্মী আর সমর্থকদের ঢল। তাঁদের মধ্যে ছিল ব্যাপক-উৎসাহ উদ্দীপনা। স্থানীয় সমর্থকেরা নিজ নিজ নেতার ব্যানার-পোস্টার নিয়ে সড়কের দুই পাশে অবস্থান নেয়, নেতার নাম উল্লেখ করে স্লোগান দেয়। আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী এমন অনেক নেতাকে দেখা গেছে হুড খোলা গাড়িতে চড়ে, হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, চান্দিনা, কুমিল্লা সদর ও ফেনীতে অনেক বিএনপি নেতা জনগণের সেবা করার সুযোগ চেয়ে পোস্টারও লাগিয়েছেন।কুমিল্লার বুড়িচং নামক স্থানে খালেদা জিয়া তাঁর উপদেষ্টা শওকত মাহমুদকে সেখানকার নেতা হিসেবে পরিচয় করিয়ে দেন। তাঁর (শওকত মাহমুদ) নেতৃত্বে সরকারবিরোধী আন্দোলনে অংশ নিতে স্থানীয় নেতা-কর্মীদের নির্দেশও দেন তিনি। খালেদা জিয়া যখন শওকত মাহমুদকে নেতা হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেলেন তখন সেখান থেকে নির্বাচিত বিএনপির একজন সাবেক সাংসদও উপস্থিত ছিলেন। ওই স্থানে থাকা রেজাউল করিম নামের এক কর্মীর মন্তব্য ছিল, ‘খালেদা জিয়া আগামী নির্বাচনের মনোনয়ন দিয়ে গেলেন।’ফেনী-৩ আসন থেকে নির্বাচন করতে ইচ্ছুক বিএনপির চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু। তাঁকে পরিচয় করিয়ে দিতে ফেনীর জনসভায় মিন্টুকে সভাপতি করা হয় বলে স্থানীয় নেতারা মনে করছেন। কারণ নিয়ম অনুযায়ী ফেনী জেলা সভাপতি বা অন্য কোনো সহসভাপতির জনসভায় সভাপতিত্ব করার কথা। স্থানীয় বিএনপির এক নেতা বলেন, ‘এই আসন থেকে মিন্টু ভাই নির্বাচন করবেন। খালেদা জিয়া সেই বার্তাই দিয়ে গেলেন।’মনোনয়ন পেতে কাজ করেছেন বিএনপির নেতৃত্বাধীন জোটে আসার পাইপ লাইনে থাকা এলডিপি নেতা রেদোয়ান আহমেদ। চান্দিনায় মুক্তিযোদ্ধা কলেজ মাঠে তিনি খালেদার কাছে হাতজোড় করে ক্ষমা চেয়েছেন। দল ছাড়ার জন্য দুঃখ প্রকাশও করেছেন। ওই পথসভায় আসা কয়েকজনের সঙ্গে কথা বললে তাঁরা জানান, এই আসন থেকে রেদোয়ান আহমেদ বিএনপি থেকে ২০০১ সালে জয়লাভ করেন। দল ছাড়ার পর ২০০৮ সালে আর নির্বাচিত হতে পারেননি। আবার মনোনয়ন পাওয়ার জন্য তিনি পথসভা করেছেন। তাঁরা বলেন, খালেদা জিয়া যেহেতু পথসভায় এসেছেন তাই আগামী নির্বাচনে মনোনয়ন পেতেও পারেন। কুমিল্লার দাউদকান্দি এলাকায় অনেকটা নির্বাচনী আমেজ তৈরি করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। খালেদা জিয়া দাউদকান্দিতে প্রবেশের আগেই খন্দকার মোশাররফ গাড়ি থেকে হাত বের করে নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান। অনেকটা নির্বাচনী প্রচার-প্রচারণার মতো করে হুড খোলা গাড়িতে চড়ে তিনি এলাকা প্রদক্ষিণ করেন। ব্যাপক উৎসাহ নেতা-কর্মীদের, ভোগান্তি সাধারণ মানুষের: বিএনপির নেতা-কর্মীরা সকাল থেকে রাত পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরকে স্বাগত জানিয়েছেন। মহাসড়কে জোট নেতা-কর্মীদের নাচ-গান করতেও দেখা গেছে। সড়কজুড়ে ব্যানার-পোস্টারে ছেয়ে ছিল। ১০০-১৫০ গজ পর পর ছিল তোরণ। সড়কের পাশে দাঁড়িয়ে হাজার হাজার নেতা-কর্মী ঢাকঢোল বাজিয়ে, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিরোধীদলীয় নেতাকে অভিনন্দন জানান। খালেদা জিয়া হাত নেড়ে তাঁদের অভিনন্দনের জবাব দেন। তবে এই কর্মসূচির কারণে সাধারণ মানুষের দিনভর ভোগান্তির সীমা ছিল না। দীর্ঘ যানজটে আর গাড়ি না পেয়ে তাঁদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ফেনী থেকে সোনাগাজী যাওয়ার জন্য বাসের অপেক্ষায় থাকা মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, ‘সোনাগাজী থেকে ফেনী আসার জন্য বেশির ভাগ বাস বিএনপির নেতারা ভাড়া করেছেন। ফলে রাস্তায় গাড়ি নেই।’ পরে বাস না পেয়ে তিনি আর সোনাগাজী যাননি বলে জানান। নাসরিন হক নামের এক যাত্রী জানান, ঢাকা থেকে সকাল আটটায় রওনা হয়ে তিনি চট্টগ্রাম পৌঁছেছেন রাত সাড়ে আটটায়। গত রোববার ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া প্রায় চার হাজার গাড়ির বহর নিয়ে রোডমার্চে নেতৃত্ব দেন। এ ছাড়া নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, ফেনীসহ বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক গাড়ি এই বহরে যুক্ত হয়। মূলত তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রোডমার্চ হলেও এর সঙ্গে চারদলীয় জোট দ্রব্যমূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও হত্যা-গুমের প্রতিবাদ জানিয়েছে।