রোদ-বৃষ্টির খেলায়
মাড় দেওয়া সুতির শাড়ি। ম্যাচ করা গয়না। সঙ্গে মনমতো সাজ। সারা দিনের গরমের কথা চিন্তা করে এভাবেই হয়তো বের হয়েছেন। কিন্তু সব পণ্ড করে দিল না-বলেকয়ে আসা বৃষ্টি। প্রায় প্রতিদিনই চলছে এই ঘটনা। কখনো জ্যৈষ্ঠের রোদ আবার কখনো ঝমঝমে বৃষ্টি। সে কারণেই একদিকের নয়, প্রস্তুতি নেওয়া দরকার দুই রকম আবহাওয়া সামলানোর জন্যই। পোশাক বৃত্তান্তরোদ ও বৃষ্টি দুটিতেই পোশাক হওয়া দরকার আরামদায়ক। গরমে গরম কম লাগবে। অন্যদিকে ভিজে গেলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। বৃষ্টির জন্য আদর্শ হলো সিনথেটিক কাপড়ের পোশাক। যেমন—জর্জেট, চিনন, সিল্ক। কিন্তু রোদে এ কাপড়গুলোতে গরম লাগে বেশি। এ সময় কী ধরনের পোশাক স্বস্তি এনে দেবে, সেটাই জেনে নিন। ‘হঠাৎ করে রোদ, তার পর বৃষ্টি। এ আবহাওয়ায় সিনথেটিক কাপড় অস্বাস্থ্যকর হয়ে দাঁড়ায়। এ ক্ষেত্রে একটু সিল্ক মেশানো তাঁতের কাপড়গুলো ভালো হবে। রাজশাহী হাফ সিল্কের কাপড়গুলোও ভালো। বৃষ্টিতে ভিজে গেলেও চট করে শুকিয়ে যায়। পাশাপাশি গরমও কম লাগে। সালোয়ার-কামিজ পরলে ওড়নাটা মসলিন অথবা শিফন হলে ভালো হয়। সুতির ওড়নার চেয়ে এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এতে করে কিছুটা আরাম পাওয়া যাবে।’ জানান ফ্যাশন ডিজাইনার তৌহিদা তহু। এ ছাড়া তাঁতের হাফ সিল্ক শাড়িগুলো আদর্শ এ সময়ের জন্য। জর্জেটও ভালো। তবে জর্জেটে গরমও লাগবে কিছুটা। এ সময় হালকা ও উজ্জ্বল রংগুলো বেছে নিতে পারেন। ডিজাইনার শাসা মানসুর জানান, সালোয়ার ও ওড়নাটি গাঢ় রঙের জর্জেটের হতে পারে। কারণ হালকা রঙের কাপড়ে কাদা লাগলে অনেক সময় উঠতে চায় না। অন্যদিকে কামিজটি পাতলা সুতি কাপড়ের পরতে পারেন। জিনসও পরা যায়। ভিজে গেলেও ভেজা ভেজা লাগে না। এ ছাড়া টিস্যু কাপড়ের সালোয়ার পরতে পারেন। আরাম পাবেন। সাজ-সজ্জাগ্রীষ্মের রোদ বলে কথা। এ কারণে হালকা সাজই মানানসই এ সময়। রূপ বিশেষজ্ঞ আফরোজা কামাল জানান, রোদ-বৃষ্টির খেলায় ফ্রেশ থাকার উপায়। ভারী বেইস না লাগানোই ভালো এ সময়। বেইস যত ভারী হবে, ত্বক থেকে ঘাম তত বেশি নিঃসৃত হবে। কমপ্যাক্ট পাউডার দিয়ে বেইস দিন। লাইনার ও মাশকারা ওয়াটার প্রুফ হতে হবে। লিপস্টিক ও লাইনার ম্যাট রঙের হলে ভালো হয়। গরমে দেখতে ভালো লাগবে। হালকা করে ভেতরের দিকে কাজল লাগান। এতে বৃষ্টির পানিতে খুব একটা ছড়িয়ে যাওয়ার ভয় থাকবে না। চুল বেঁধে রাখুন। রোদ ও বৃষ্টি দুটিতেই আরাম পাবেন। বৃষ্টিতে মেকআপ ধুয়ে গেলে আবার হালকা করে কমপ্যাক্ট পাউডার দিয়ে নিন। প্রয়োজন মনে হলে সানস্ক্রিন দিয়ে এর ওপর পাউডার লাগিয়ে নিন। আইব্রো পেনসিল, পাউডার, কাজল, টিস্যু বা রুমাল সব সময় সঙ্গে রাখলে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন। ত্বকের প্রয়োজনে—ইচ্ছে না থাকলেও কাদা-মাটি পেরিয়েই চলতে হয় এ সময়। যখন বৃষ্টি হয়, তখন আবহাওয়ায় একটু ঠান্ডা ভাব চলে আসে। যাঁদের ত্বক শুষ্ক, তাঁরা তখন বাড়তি শুষ্কতায় ভুগতে পারেন। গরমের সময় এ কারণে ময়েশ্চারাইজার লাগবেন। পাশাপাশি সানস্ক্রিন লাগাতে হবে নিয়মিত। বাড়ি থেকে বের হওয়ার ২০ মিনিট আগে এটি লাগাতে হবে। কায়া স্কিন ক্লিনিকের স্কিন স্পেশালিস্ট ও ডার্মাটোলজিস্ট মতিউর রহমান চৌধুরী বলেন, ‘কাদা-মাটি থেকে কনটাক্ট ডার্মাটাইটিস বা ফুসকুড়ির মতো চর্মরোগ হতে পারে। তিন-পাঁচ দিন মেডিকেটেড ক্রিম লাগালে আরাম পাবেন। কাদা-মাটি লেগে থাকলে শুকিয়ে যাওয়ার আগে ধুয়ে ফেলুন। বৃষ্টির সঙ্গেও ধুলো-ময়লা চলে আসে। সুতরাং বৃষ্টির পানি যত তাড়াতাড়ি সম্ভব মুছে ফেলুন। তা না হলে র্যাশও হতে পারে। পারলে ধুয়ে ফেলুন।’ এ ছাড়া বাসায় গিয়ে কুসুম গরম পানিতে পা ভিজিয়ে রাখতে পারেন ৫-১০ মিনিট। ভালো কোনো ফুট কেয়ার ক্রিম যেটাতে অ্যালোভেরা, ভিটামিন ই থাকে অথবা পেট্রোলিয়াম জেলি বা ভেসলিন লাগাতে হবে। মনে রাখুন— প্লাস্টিক বা পানিরোধক গয়না পরুন; যাতে বৃষ্টির ছাঁটে ভিজে গেলেও কোনো সমস্যা না হয়। শখের মোবাইল ফোনটি ব্যাগের ভেতরেই রাখুন, যাতে করে ভিজে না যায়। ছাতা রাখুন সব সময়। রোদ থেকেও বাঁচবেন। বৃষ্টি থেকেও উদ্ধার করবে। যাঁদের সিনথেটিক ম্যাটেরিয়ালে অ্যালার্জি হয়, তাঁরা সিনথেটিকের তৈরি জুতা ব্যবহার করা থেকে বিরত থাকুন।