রোদে কাজ করলে ভীষণ মাথাব্যথা করে

রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানসিক সমস্যা

প্রশ্ন :

আমার বয়স ১৮ বছর। আমার সব সময় কান্না পায়। অস্থির লাগে। দম বন্ধ হয়ে আসে। পড়াশোনায় আগের মতো মনোযোগ দিতে পারছি না। যা পড়ি, সব ভুলে যাই। অল্পতেই রেগে যাই। পরে আফসোস করি। মাথাব্যথা, মাথা ঝিমঝিম করে সব সময়। আমি এখন কী করব?—ফাতেমা, সিরাজগঞ্জ।

আপনার লক্ষণগুলো প্রায় সবই বিষণ্নতার। এই লক্ষণগুলো কমপক্ষে ১৪ দিন বা তার বেশি একনাগাড়ে থাকলে ধরে নিতে হবে আপনি বিষণ্নতায় ভুগছেন। এর জন্য আপনাকে কাছের কোনো মেডিকেল কলেজের মনোরোগ (সাইকিয়াট্রি) বিভাগে গিয়ে পরামর্শ নিয়ে বিষণ্নতাবিরোধী ওষুধ গ্রহণ করা প্রয়োজন। সেই সঙ্গে দৈনন্দিন কাজগুলোতে মনোযোগী হতে হবে। দিনে ঘুমানো বা বিছানায় শুয়ে থাকবেন না। প্রতিদিন কিছু না কিছু পড়বেন, লিখবেন। বন্ধু, স্বজনদের সঙ্গে সময় কাটাবেন। প্রতিদিন কিছু সময়ের জন্য হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করবেন। যদি সুযোগ থাকে, তবে কাউন্সেলিং নিতে পারেন।

পরামর্শ দিয়েছেন—ডা. হেলাল উদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা।

চোখ

প্রশ্ন :

আমার মেয়ের বয়স ১৯ বছর। প্রতিরক্ষা বাহিনীতে যোগ দেওয়ার জন্য সে ল্যাসিক করাতে চায়। তিন মাস আগে চিকিৎসক দেখানোর পর তার চোখের পাওয়ার পরিবর্তন হয়েছে। চিকিৎসক তাকে এক বছর পর ল্যাসিক করার পরামর্শ দিয়েছেন কিন্তু সে এখনই ল্যাসিক করাতে চাচ্ছে! পরামর্শ চাই।—নাম প্রকাশে অনিচ্ছুক।

প্রতিরক্ষা বাহিনীতে যেতে চাইলে তাঁকে ল্যাসিক করতে হবে। তাঁর বয়স যেহেতু ১৯, তিনি ল্যাসিক এখনই করতে পারবেন। তবে ভবিষ্যতে চোখের পাওয়ার পরিবর্তন হলে তখন তাঁকে আবারও চশমা পরতে হবে অথবা দ্বিতীয়বার ল্যাসিক করাতে হতে পারে।

পরামর্শ দিয়েছেন—ডা. মো. ছায়েদুল হক, চক্ষুবিশেষজ্ঞ, ঢাকা।

স্নায়ুরোগ

প্রশ্ন :

রোদে কাজ করলে সন্ধ্যার পরপর ভীষণ মাথাব্যথা করে। বমিও হয়। মনে হয় যেন কেউ মগজটা খুলে ফেলছে। প্যারাসিটামল খেলে কোনো উপশম হয় না। আবার টাফনিল খেলে কিছু সময় পর মাথাব্যথা স্বাভাবিক হয়ে যায়। সমস্যাটা বারোমাসি। আমার বয়স ৩৭ বছর। আমার এখন করণীয় কী?—বিপ্লব দে।

মাথাব্যথার সঙ্গে বমি থাকা ‘মাইগ্রেন’ রোগের অন্যতম লক্ষণ। এটি রোদে কাজ করলে বাড়ে। এ ছাড়া মাথার অন্যান্য রোগেও এ ধরনের লক্ষণ হয়। ব্যথার ওষুধ বেশি না খেয়ে স্নায়ুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

পরামর্শ দিয়েছেন—ডা. নাজমুল হক, সহকারী অধ্যাপক, নিউরোলজি, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।

দন্ত

প্রশ্ন :

আমার নিচের পাটির ডান পাশের একটি এবং বাঁ পাশের দুটি দাঁতে রুট ক্যানেল করা হয় ২০১৭ সালে। তখনই ডান পাশের দাঁতে স্থায়ীভাবে ফিলিং করা হয়েছিল। এসএসসি পরীক্ষার কারণে বাঁ পাশের দাঁতে অস্থায়ী ফিলিংয়ের পর চিকিৎসা বন্ধ রাখতে হয়। কোনো দাঁতেই ক্যাপ পরানো হয়নি। খাবার খেতে চার বছর ধরে ডান পাশের দাঁত ব্যবহার করি। কিছুদিন ধরে বাম পাশের দাঁতগুলোতে বেশ ব্যথা হচ্ছে। চিকিৎসকের পরামর্শ নিতে প্রায় ৭০ কিলোমিটার দূরে ময়মনসিংহে যেতে হবে, এই বিধিনিষেধে যা কঠিন। এ ক্ষেত্রে কী করা যায়?—রিয়ান,কেন্দুয়া, নেত্রকোনা

যেহেতু আপনার দাঁতে কোনো প্রকার স্থায়ী ফিলিং দেওয়া হয়নি এবং ক্যাপও পরানো হয়নি—মনে হচ্ছে আপনার দাঁতের ওপরের অংশ ভেঙে গেছে। এ ক্ষেত্রে খাবার জমে মাড়িতে প্রদাহ হওয়ার আশঙ্কা বেশি।

বিধিনিষেধের জন্য যেহেতু চিকিৎসকের শরণাপন্ন হতে পারছেন না, তাই আপাতত প্রতি বেলা খাওয়ার পর ব্রাশ করে পরিষ্কার করে নেবেন। প্রয়োজনে ডেন্টাল ফ্লস বা টুথপিক ব্যবহার করতে পারেন। তিন বেলা গরম পানির সঙ্গে লবণ মিশিয়ে কুলি করতে পারেন। যদি মাড়ি ফোলা থাকে, তবে ভাবতে হবে আপনার দাঁতে সংক্রমণ হয়ে গেছে। সে ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হতে পারে, ক্ষেত্রবিশেষে দাঁতও তুলতে হতে পারে।

পরামর্শ দিয়েছেন—অধ্যাপক ডা. নাসির উদ্দিন, বিভাগীয় প্রধান, ওরাল অ্যান্ড ম্যাক্সিওফেসিয়াল সার্জারি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।

প্রশ্ন পাঠানোর ঠিকানা

স্বাস্থ্য জিজ্ঞাসা

ই–মেইল: [email protected]

ফেসবুক: www.facebook.com/ProShastho

ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫