রোদে দিই কাপড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চলছে শরৎকাল। এ সময় রোদের তেজটা থাকে ভালোই। গৃহিণীরা দীর্ঘদিনের আলমারিতে তুলে রাখা কাপড়গুলো এ মৌসুমেই রোদে মেলে দেন, যাতে সারা বছর কাপড়ে পোকার সংক্রমণ না হয়। তাতে কাপড়ও ঝরঝরে থাকে’—এমনটাই বললেন ফ্যাশন হাউস বিবিয়ানার প্রধান ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার।জেনে নিন আলমারিতে কিংবা যেকোনো স্থানে তুলে রাখা কাপড় বের করে ছাদে কিংবা বারান্দায় কড়া রোদে দিতে হবে। কাপড়টা যেন উল্টো করে তারপর রোদে দেওয়া হয়। উল্টো করে রোদে না দিলে কাপড়ের রং জ্বলে যেতে পারে। অন্তত এক বেলা যেমন ধরুন সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত যদি রোদ থাকে, তবেই কাপড় রোদে দিতে হবে। কাপড়টা কড়া রোদে এমনভাবে দিতে হবে, যেন কাপড় থেকে রোদের একটা ঘ্রাণ অনুভব করা যায়। কোনো স্যাঁতসেঁতে ভাব যাতে না থাকে। কাপড়গুলো রোদে দেওয়ার পরে আলমারি কিংবা যেসব স্থানে কাপড় রাখা হয়েছিল, তা ফাঁকা করে আলো-বাতাস যেন ঢুকতে পারে, সে ব্যবস্থা করতে হবে। বিভিন্ন ধরনের আলমারি যেমন—কাঠের আলমারি হলে বর্ষাকালে একটু স্যাঁতসেঁতে ভাব চলে আসে। সে জন্য কাপড় রাখার স্থানগুলো পরিষ্কার করে মুছে রাতে খোলা রাখলে তাতে স্যাঁতসেঁতে ভাব চলে যায়। আলমারি পরিষ্কার করার পর এতে ন্যাপথলিন কিংবা বাজারে যেসব ফ্রেশনার পাওয়া যায়, সেসব ব্যবহার করতে পারেন। অনেক সময় আলমারি কিংবা কাপড় সংরক্ষণ করার স্থানে সুতির কাপড়ে ছোট ছোট পোকা হয়; সে জন্য কাপড়ের ভেতরে কিংবা এক পাশে শুকনো নিমপাতা রাখলে তাতে পোকা ধরতে পারে না। শুধু এক দিন কাপড় রোদে দিলেই চলবে না, বরং পর পর দুই বা তিন দিন কাপড় কড়া রোদে দিতে হবে। প্রতিটি কাপড় ভাঁজে ভাঁজে খুলে উল্টো করে কড়া রোদে দিতে হবে। কাপড় রোদে শুকানোর পর ইস্ত্রি করে অবশ্যই ভাঁজ করে গুছিয়ে রাখতে হবে। শুধু কাপড়ই নয়, ব্যাগ ও জুতো, যেগুলো আমরা নিয়মিত ব্যবহার না করে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে থাকি, সেসব জিনিসও রোদে দিতে হবে। যেসব কাপড় ময়লা মনে হয়, সেসব ধুয়ে তারপর কড়া রোদে শুকিয়ে ইস্ত্রি করে রাখতে হবে।