রোদের মতো মেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

অনেক দিন বাদে গ্রামে এসেছি। শহুরে আলোয় অভ্যস্ত চোখ অবারিত সবুজ প্রকৃতিতে ধাতস্থ হতে সময় নিচ্ছে। আমার সঙ্গে আসা তানিম যা দেখছে তাতেই বিস্মিত হচ্ছে। বই-পত্রপত্রিকায় অজপাড়াগাঁ শব্দটা পড়লেও স্বচক্ষে তা দেখার সুযোগ হয়নি। অনেক আগে থেকেই আমার সঙ্গে গ্রামে আসার ইচ্ছা ওর। রোদ-বৃষ্টির সময় মেঠোপথে চলা কষ্ট বিধায় নানা অজুহাতে এড়িয়ে গেছি। পরে না ওকে এনে নতুন ঝামেলায় পড়ি! এবার আর ‘না’ করতে পারলাম না। হেমন্তের নরম রোদ আর হিমেল হাওয়া গায়ে মাখতে আমারও তর সইছিল না। শৈশব-কৈশোরের দিনগুলোর সঙ্গী এ গ্রাম আমাকেও যেন ডাকছিল চুপিসারে!
গ্রামের প্রকৃতির চেয়েও আমাকে বেশি টানে এখানকার মানুষের সাদাসিধে জীবনযাপন। কোথাও কোনো কৃত্রিমতা নেই। রোদে পোড়া কৃষক নিজের শরীর-চেহারার দিকে না তাকিয়ে গোয়ালের গরুকে চকচকে রাখতে পরম মমতায় গা ডলে স্নান করায়। গৃহিণীরা খোলা পুকুরের ঘোলা জলে নেমে সাবান-শ্যাম্পুর বদলে এঁটেল মাটি দিয়ে চুল পরিষ্কার করে। এখনো যেখানে বিদ্যুতের আলো পৌঁছায়নি, সেসব বাড়ির মেয়েরা সন্ধ্যা নামতেই হারিকেনের ময়লা কাচ কাপড় দিয়ে মুছে ঝকঝকে করে। কুপির ভেতর থেকে সলতে টেনে বের করে তাতে আগুন জ্বালায়। অনেক বাড়িতে এখন অবশ্য চার্জারের আলো জ্বলতে দেখা যায়।
শিক্ষা-দীক্ষায় গ্রাম বেশ এগিয়েছে। সকালবেলা দল বেঁধে স্কুলে যায় ছেলেমেয়েরা। দেখলেই মন ভরে যায়। যেন একঝাঁক নিষ্পাপ পাখি কিচিরমিচির করতে করতে ছুটে যাচ্ছে। স্কুলের সংখ্যাও আগের চেয়ে বেড়েছে। আগে সপ্তাহে দুই দিন যেখানে হাট বসত, এখন সেখানে রীতিমতো বাজার গড়ে উঠেছে। সব ধরনের দোকানপাট থাকলেও চায়ের স্টলে মানুষের ভিড় চোখে পড়ার মতো। বাজারের পাশেই নতুন একটা কলেজ চালু হয়েছে। বড় মামা এখানেই শিক্ষকতা করেন। ইংরেজি পড়ান। যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ফ্রি কোচিং করান। তানিম ইংরেজি সাহিত্যের ছাত্র। মামার অনুরোধে এ কদিন কোচিংয়ে সময় দিচ্ছে।
মামার একমাত্র মেয়ে নুশরাত এইচএসসিতে ভালো ফল করেছে। এবার সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে। তাকে নির্দেশনা দেওয়ার দায়িত্বও বর্তেছে তানিমের ওপর। পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও পড়ানোর বিষয়টি ও বেশ উপভোগ করছে। ওর ভাষ্যে নিজেকে কেমন ‘স্যার স্যার’ লাগছে! এ অনুভূতি মন্দ নয়। গ্রাম-দর্শনে আমাদের সঙ্গী হয়েছে নুশরাত। চপল এ মেয়েটি বলতে গেলে সারাক্ষণ আমাদের মাতিয়ে রাখছে। কথাবার্তার মতো কাজকর্মেও সমান পারদর্শী, চটপটে। কোন গাছের পেয়ারা মিষ্টি, কোন কতবেল খেতে সুস্বাদু—সব ওর নখদর্পণে।
দুপুরে সূর্যের তেজ কিছুটা কমলেই আমরা বেরিয়ে পড়ি। নরম আলোয় চারপাশ কেমন স্বর্গীয় হয়ে যায়! হলদে আলো সোনারাঙা ধানখেতে অপূর্ব মূর্ছনা তৈরি করে। তানিমের ক্যামেরা ব্যস্ত হয়ে ওঠে। যেদিকে চোখ যায় কেবল রঙের খেলা। ফটোগ্রাফি তানিমের নেশা—এ কথা শুনে শুরুতে দ্বিধা কাটিয়ে প্রকৃতির সঙ্গে নুশরাতও তার ছবির অনুষঙ্গে পরিণত হয়। প্রতিটি ক্লিকেই তৈরি হয় একেকটি মায়াবী আলোকচিত্র। মনের মতো ছবি তোলার আনন্দ খেলে যায় তানিমের মনে-অবয়বে।
পুনশ্চ: তানিমের ফেসবুক ওয়াল ভরে উঠেছে গ্রামের আলোকচিত্রে। তবে একটা অ্যালবাম থেকে চোখ সরানো যাচ্ছে না। ছবিগুলোতে নুশরাতের চোখ-মুখ থেকে সোনালি আভা ঠিকরে পড়ছে। ক্যাপশনে তানিম লিখেছে, ‘ঠিক যেন রোদের মতো মেয়ে!
এমন মেয়ে পাশে থাকলে এক জীবনে বেশি কিছু আর লাগে না।’
সোহেল নওরোজ
সহকারী পরিচালক
বাংলাদেশ ব্যাংক, খুলনা