রোদেলা দিনের ফুল
খাগড়াছড়ি শহরে ফুটেছে ‘অরেঞ্জ ডে লিলি’ ফুল। গাঢ় কমলা রঙের এই ফুল ফোটে রৌদ্রোজ্জ্বল দিনে। এর শোভা অভিভূত করে প্রকৃতিপ্রেমিকদের। অপূর্ব এই ফুল সবুজ ঘাসের গালিচার ওপর কমলা অগ্নিশিখার মতো রূপ ছড়ায়। শহরের মধুপুর এলাকায় স্বপ্না চাকমার বসতবাড়ির আঙিনায় অসংখ্য ‘অরেঞ্জ লিলি’ ফুটেছে। স্বপ্না চাকমা জানান, ছয় পাপড়িবিশিষ্ট এই ফুলগাছ কন্দ থেকে বংশ বিস্তার করে। ২০০৬ সালে ঢাকার একটি নার্সারি থেকে লিলি ফুলের কন্দ এনে লাগানো হয় বাড়ির আঙিনায়। এরপর থেকে প্রতি গ্রীষ্মে গাছে ফুল ফুটছে।খাগড়াছড়ির পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রেও এই ফুল দেখা গেল। কেন্দ্রের প্রায় ৪৫০টি কন্দে এক হাজারের বেশি ফুল ফুটেছে। কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তারা জানান, ২০০৫ সালে লিলি ফুলের কন্দ রোপণ করা হয়। এ ফুলের আদি নিবাস এশিয়া মহাদেশ বিশেষ করে চীন, জাপান, কোরিয়া ও হিমালয় এলাকা।সাধারণত পুরো গ্রীষ্মকালজুড়ে এই ফুল ফোটে। ফুলের রং কমলা। পাপড়ির সংখ্যা ছয়টি। প্রতিটি পাপড়ির মাঝখানে একটি সাদা রেখা রয়েছে। পাপড়ির ভেতরের অংশে হলুদ ছোপ দেখা যায়। একটি ফুলের জীবনকাল একদিনই হয়। এর পাতা কিছুটা সরল লম্বা ধরনের। ৫০ থেকে ৯০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। লিলি ফুল যেকোনো ধরনের মাটিতে হয়। ফুল ফোটার জন্য রৌদ্রোজ্জ্বল দিনের প্রয়োজন হয়। কন্দ রোপণের পর ১০ থেকে ১২ বছর পর্যন্ত ফুল ফোটে। জানা গেছে, পুষ্টিগুণের দিক দিয়ে এই ফুল অত্যন্ত সমৃদ্ধ। চীন, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামে স্যুপের সঙ্গে এই ফুলের শুকনো পাপড়ি ব্যবহার করা হয়। এ ছাড়া কোনো কোনো অঞ্চলে এর কচি পাতা ও কন্দ সবজি হিসেবে খাওয়া হয়।খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাজহারুল করিম জানান, অরেঞ্জ লিলি ফুলের বৈজ্ঞানিক নাম Hemerocallis fulva। এর ইংরেজি নাম ‘অরেঞ্জ ডে লিলি’। এটি একটি বহু বর্ষজীবী উদ্ভিদ। এটি বংশবিস্তার করে কন্দের মাধ্যমে। মাজহারুল করিম আরও জানান, এই ফুলগাছে তেমন কোনো রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ হয় না। এ ফুল চাষ করে ও বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ টাকা আয় করা সম্ভব।’