রোপণের তিন মাসেও ফলন নেই, কৃষকের মাথায় হাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষকেরা আউশ মৌসুমে ব্রি ধান আমন-৪৬ জাতের বীজ কিনতে রাজি ছিলেন না। কিন্তু আউশ মৌসুমেও তিন মাসের মধ্যে ভালো ফলন হবে—বিক্রেতার কাছ থেকে এমন আশ্বাস পেয়ে কৃষকেরা ব্রি ধান আমন-৪৬ জাতের বীজ ধান রোপণ করেন। শেষ পর্যন্ত ফলন না হওয়ায় চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার কয়েক শ কৃষক এখন পথে বসেছেন। ভুক্তভোগী কৃষকেরা প্রথম আলোকে জানান, তাঁরা চন্দনাইশের দোহাজারী রেলস্টেশন সড়কের একটি বীজের দোকান থেকে প্রায় সময় বীজ কিনতেন এবং ভালো ফলনও পেতেন। এবার প্রায় আড়াই মাস আগে আউশ ধানের বীজ কিনতে গেলে বিক্রেতা তাঁদের ব্রি ধান আমন-৪৬ জাতের বীজ রোপণের পরামর্শ দেন। আউশ মৌসুমে আমন কেন জানতে চাইলে বিক্রেতা তাঁদের বোঝান, ব্রি ধান আমন-৪৬ নামের এই নতুন জাতের বীজ থেকে এ মৌসুমেও (আউশ) আড়াই থেকে তিন মাসের মধ্যে ফলন পাওয়া যাবে। দোকানির কথায় বিশ্বাস করে তাঁরা ওই বীজ কিনে বীজতলা তৈরি করেন। পরে জমিতে ওই বীজের চারা রোপণ করে দেখতে পান, ধানগাছের গোড়া মোটা হয়ে বাড়তে থাকে। দুই থেকে আড়াই মাসের মধ্যে গাছ তিন থেকে চার ফুট লম্বা হয়। এতে কৃষকদের মনে খুশির জোয়ার এলেও কয়েক দিন পরই তাঁরা হতাশ হন। তিন মাসেও ধানের দেখা না পেয়ে বুঝতে পেরেছেন, তাঁরা প্রতারণার শিকার। ওইসব ধানগাছ এখন গরুর খাদ্য হিসেবে ব্যবহার করছেন অনেকে। অন্যদিকে, যাঁরা আউশ-৩৩ জাতসহ আউশ ধানের বীজ রোপণ করেছেন তাঁরা ইতিমধ্যে পাকা ধান কেটে গোলায় তুলেছেন। চন্দনাইশের সাতবাড়িয়া, হাছনদণ্ডী, মোহাম্মদখালী, ধোপাছড়ি এবং সাতকানিয়ার মরফলা ও খাগরিয়া ইউনিয়নে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিপুল পরিমাণ জমিতে আমন-৪৬ জাতের বীজ রোপণ করা হয়েছে। দুই থেকে আড়াই মাস আগে লাগানো এসব ধানের গোছা মোটা তাজা এবং তিন থেকে চার ফুট লম্বা হলেও কোনো ফলন আসেনি। অনেককে এ নিয়ে জমির আইলে বসে হতাশায় কপাল চাপড়াতে দেখা যায়। ইতিমধ্যে অনেক চাষি জমি থেকে ধানগাছ কেটে আলু ও অন্যান্য সবজি চাষের জন্য প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় চাষি মোসলেম মিয়া বলেন, প্রায় আড়াই মাস আগে আমি দোহাজারীর সাইফুল অ্যান্ড ব্রাদার্স থেকে লাল তীর মার্কা আউশ ধানের চার প্যাকেট (প্রতিপ্যাকেট দুই কেজি) বীজ কিনি। ওই সময় দোকানি তিন প্যাকেট বীজ রেখে দিয়ে ব্রি ধান আমন-৪৬ নামের তিন প্যাকেট ধানের বীজ আমার হাতে তুলে দিয়ে বলেন, ‘এটি নতুন জাতের ধান, তিন মাসের মধ্যে ফলন পাওয়া যাবে। আমি আউশ মৌসুমে আমন-৪৬ জাতের ধান রোপণ করব না জানালেও আমাকে বুঝিয়ে শুনিয়ে শেষ পর্যন্ত ওই বীজ ধরিয়ে দেন দোকানি। এখন দেখি আমি প্রতারিত হয়েছি।’ একইভাবে প্রতারিত হওয়ার কথা জানালেন চন্দনাইশ ও সাতকানিয়ার ক্ষতিগ্রস্ত চাষি ইসলাম মিয়া, আবদুল আজিজ, সোনা মিয়া, সিরাজ মিয়া, ফজলুল হক, নূর মোহাম্মদ, কামাল উদ্দীন, দুদা মিয়া, মোহাম্মদ শফি, সিরাজ, কামাল মিয়া, মোহাম্মদ হাসান, মোহাম্মদ মিয়া, আহমদ হোসেন, জিয়াউর রহমানসহ অনেকে। তাঁদের মধ্যে কেউ কেউ ৪০ শতক থেকে এক একর পর্যন্ত জমিতে কথিত নতুন জাতের বীজ রোপণ করেছেন।এ ব্যাপারে সাইফুল অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী আমিনুল ইসলাম মুঠোফোনে জানান, এ জন্য তিনি দায়ী নন। তিনি দাবি করেন, ‘ব্রি ধান আমন-৪৬ ধানের বীজ সরকারিভাবে অনুমোদিত। মোড়কের (প্যাকেটের) পেছনে লেখা আছে, এই বীজ চলতি (আউশ) মৌসুমেও রোপণ করা যাবে।’ তবে চাষিদের কাছে থাকা বীজের মোড়কে এ ধরনের কোনো লেখা দেখা যায়নি। সাতবাড়িয়া এলাকায় দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা মধুসূদন দত্ত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বীজটি আসলে আমন মৌসুমে রোপণের কথা। এটি অসময়ে ব্যবহার করে আমার এলাকার অধিকাংশ গরিব চাষি ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন। তবে বীজটি রোপণের আগে চাষিরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে ভালো হতো।’ উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ আহমদ বলেন, ‘এ ব্যাপারে চাষিদের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’