বাসা থেকে বাইরে চলে এসেছেন। বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না। ঘরে ফ্যান, লাইট অন করা ছিল। মনে মনে নিশ্চয়ই খারাপ লাগছে। কোনো সমস্যা নেই। জিএসএম কন্ট্রোল রিমোর্ট সুইচটি দিয়ে আপনি যেখানেই থাকেন, আপনার মুঠোফোনের একটি খুদে বার্তা (এসএমএস) দিয়ে বন্ধ করে ফেলতে পারেন লাইট বা ফ্যানের সুইচটি। অবাক লাগছে, তাই না? কিন্তু বিজ্ঞানের এ যুগে এটি আর তেমন কঠিন কাজ নয়। আর তাই বিজ্ঞানের উন্নয়নে আরও এক ধাপ এগিয়ে আমরাও যে পারি—এমনটিই বুঝিয়ে দিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একঝাঁক তরুণ শিক্ষার্থী। ১২ আগস্ট আটটি রোবট নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে প্রথম রোবট ফেয়ার। সিএসই ও ট্রিপলই বিভাগের আয়োজনে দিনব্যাপী এ মেলায় ছাত্রছাত্রীরা নিজেদের তৈরি রোবটগুলো প্রদর্শন করেন এবং এগুলোর বিভিন্ন কার্যকর ভূমিকাও তাঁরা তুলে ধরেন চমৎকারভাবে। ‘ইন্ডাস্ট্রিয়াল রোবটিক আর্ম’ তৈরি করেছেন সিনথিয়া, আদনান ও রেইন। এ ধরনের রোবট দিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ঝুঁকিকর কাজগুলো করা সম্ভব। এতে করে ঝামেলা ছাড়া ওই কাজগুলো সহজে ও দ্রুত করা যাবে বলে জানান সিনথিয়া।শিক্ষার্থী আসিফ তৈরি করেছেন এমন এক ধরনের রোবট, যা দিয়ে দুর্যোগপ্রবণ বা ঝুঁকিপূর্ণ এলাকায় মানুষের চেয়ে দ্রুত গিয়ে এ যন্ত্রটি সেখানকার তাপমাত্রা, পানির উচ্চতা ইত্যাদি তথ্যসহ ছবি সরবরাহ করতে সক্ষম। এ রোবটের নাম দেওয়া হয়েছে ‘হিউম্যানয়েডকার’। রিয়াদ হাসান তাঁর বন্ধুদের নিয়ে তৈরি করেছেন এমন একটি রোবট, যা সূর্যের আলো সংরক্ষণে সক্ষম এবং যা দিয়ে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি বিদ্যুৎ পাওয়া সম্ভব।স্বপ্নভরা বড় বড় চোখে মারিফ বিবিএর ছাত্র তাহসানকে নিজেদের তৈরি রোবটটি সম্বন্ধে বোঝাচ্ছিলেন। শেষ বর্ষের ছাত্র শিবলি ইমতেয়াজ নিজেদের তৈরি করা রোবটটি নিয়ে দারুণ খুশি। ‘আই কক’ নামের এ রোবটটি অনেকটা গুপ্তচর বলে ধরা যায়। তবে সে খুব বিচক্ষণ। অন্ধকারে থেকেও আশপাশের অবস্থা বলে দিতে পারে সে। মানুষ দেখলে চিনতে পারে। শত্রুর ঘাঁটিতে পৌঁছে সে তথ্য ও ছবি পাঠাতে পারে। এটি শব্দহীন, তাই বিপদে সহজে নিজেকে আগভাগে গুটিয়ে নিয়ে লুকিয়ে থাকতে পারে।‘আসলে আমাদের ছেলেমেয়েরা যথেষ্ট সম্ভাবনাময়, তবে অবশ্যই তাঁদের সুযোগ দিতে হবে।’ বলছিলেন ট্রিপলই বিভাগের প্রধান সাঈদ সালাম। নতুন তৈরি এ রোবটগুলো দেখতে শিক্ষার্থীরাও আসছিলেন ঝাঁক বেঁধে। অনেকে আবার ছবিও তুলছিলেন রোবটের কাছে দাঁড়িয়ে। অহনা বা আফরিনের মতো কেউ কেউ আবার যন্ত্র তৈরির প্রতি আগ্রহ সৃষ্টির ইচ্ছাও ব্যক্ত করেন। মেলার আয়োজনের সঙ্গে জড়িত শিক্ষক খলিলুর রহমান বলেন, ‘ছাত্রছাত্রীদের মধ্যে সৃজনশীল মনোভাব তৈরি করতে এবং বিজ্ঞানকে আকর্ষণীয় করে তুলতে এ রকম মেলা করা উচিত।’ নিজেদের মেধা কাজে লাগিয়ে প্রযুক্তিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন জোনায়েত হোসেনের মতো আরও অসংখ্য শিক্ষার্থী। তারই প্রমাণ মিলল এ মেলায়। এ মেলা তাই সত্যিই অন্য রকম।