রোবট মেলায় জিতল যাঁরা
ভেতরে ঢুকতেই বাইরের বড় বড় দালানকোঠার ছোট ছোট অবকাঠামো চোখের সামনে দেখতে পেলাম। তার পাশেই আলোর ঝকমকানি। বিদ্যুৎ শক্তিতে যেন বশ করে রাখা হয়েছে। এরই মধ্যে প্রোগ্রামিংয়ের খেলা। আবার ওদিকে দেখা যায়, রোবট বালতি দিয়ে পানি ওঠানো-নামানো করাচ্ছে। মনে হচ্ছিল এ যেন বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর কোনো মুভি দেখছি। সম্প্রতি কুয়েট অডিটরিয়ামে অনুষ্ঠিত হলো রোবট ফেয়ার। এটি এমন একটি প্রজেক্ট ফেয়ার, যেখানে ইঞ্জিনিয়ারিংয়ের ছয়টি শাখা একত্র হয়ে একটি বৃক্ষের রূপ ধারণ করে।বাংলাদেশের যানজট দূর করার লক্ষ্যে পুরকৌশল বিভাগ প্রদর্শন করে তাদের অভিনব মডেল। মাটি দিয়ে ইট তৈরি হয়। কিন্তু মাটিতে লবণাক্ততার পরিমাণের ওপর নির্ভর করে ইটের লাইফ টাইম। এই লবণাক্ততা নিয়ন্ত্রণ করতে দরকারি প্রজেক্টও প্রদর্শন করা হয় এই রোবট মেলায়। এ ছাড়া চুরি-ডাকাতি রোধের জন্য কিংবা যানজট নিরসনের জন্য প্রজেক্টসহ রোবট মেলায় আরও অনেক উল্লেখযোগ্য প্রজেক্ট প্রদর্শন করা হয়। ইঞ্জিনিয়ারিংয়ের ছয় বিভাগের প্রতিটি থেকেই সেরা প্রজেক্ট নির্বাচন করা হয়। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সেরা প্রজেক্ট নির্বাচিত হয় মেহেদী হাসান ও মাহফুজুল ইসলামের প্রজেক্ট। মনিরুল ইসলামের প্রজেক্ট সেরা হয়েছে ইলেকট্রিক্যাল বিভাগে। সিভিলে সেরা প্রজেক্ট ছিল নাজমুল ইসলামের। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সেরা প্রজেক্ট নির্বাচিত হয় মৌদুদুর রহমান, পলাশ দেবনাথ ও এ কে এম ফজলে মেহরাবের প্রজেক্ট। ইসিই বিভাগ থেকে সেরা প্রজেক্ট বিবেচিত হয় রাজীব দে ও মামুনুর রহমানের প্রজেক্ট এবং ইমামুল হাফিজ ও ফাশিয়ার রহমানের প্রজেক্ট সেরা হয়েছে আইইএম বিভাগে।