রোবট সম্পর্কে মানুষের কৌতূহল অনেক পুরোনো। উন্নত বিশ্বের মানুষের জীবনকে অনেক সহজ করে দিয়েছে রোবট। বাংলাদেশে রোবট নিয়ে গবেষণা খুব একটা নেই। খুলনা বিশ্ববিদ্যালয়ের চার বন্ধু এ কাজে হাত দিয়েছে। তারা তৈরি করেছে একটি রোবটিক গ্রাউন্ড ভিকল। ভিকলটিতে তিনটি স্টেপার মোটর সেট করা হয়েছে। দেওয়া হয়েছে একটা ডিসি মোটর। ব্যস, এবার কম্পিউটারের প্যারালাল পোর্ট থেকে পালস নিলেই চালু হয়ে যাবে ভিকলটি। কাজটি আসলে এতটা সহজ নয়। খুব মাথা খাটাতে হয়েছে ওঁদের চারজনের। ওঁরা হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের কয়েকজন বন্ধু—শুভ্র, সুমন, খুশবু আর রাজন। তাঁদের উদ্দেশ্য ছিল এমন কিছু তৈরি করা, যা মানুষের কাজের অনুরূপ কাজ করতে পারে, আর এই চিন্তা থেকেই তৈরি হলো ভিকলটি। মানুষের হাতের অনুরূপ তৈরি হলো রোবটিক আর্ম আর পায়ের বিকল্প হলো দুই জোড়া চাকা। আর মাথার কাজটা করল একটা সফটওয়্যার। ভিকলটি সামনে-পেছনে চালানোর জন্য ব্যবহূত হয়েছে একটি হাইস্পিড সিডি মোটর, আর ডানে-বাঁয়ে টার্ন করাতে আছে স্টেপার মোটর। রোবটিক আর্মটাকে নিয়ন্ত্রণ করা হয় দুটি স্টেপার মোটরের সাহায্যে, আর পুরো ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করা হয় সফটওয়্যারের মাধ্যমে। পুরো প্রোগ্রামটি লেখা হয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ MATLAB-এ। ভিকলটির আকৃতি তেমন বড় না হলেও তার কাজের পরিধি বিশাল। এটা কোনো বস্তুকে সহজেই নির্ভুলভাবে খুব কম সময়ে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে পারে। ভিকলটি তৈরিতে যেসব উপকরণ ব্যবহূত হয়েছে, তার সবই স্থায়ীভাবে সংগ্রহ করা হয়েছে, যা সহজলভ্য ও সস্তা। ভালো মানের স্টেপার মোটর সংগ্রহ করা হয়েছে পুরোনো অকেজো প্রিন্টার থেকে, আর অন্য অংশগুলো তৈরিতে ব্যবহূত হয়েছে প্লাইউড, অ্যালুমিনিয়াম, ফেলে দেওয়া কলম আর গিয়ার। ডিসিআর স্টেপার মোটর চালানোর জন্য আছে ড্রাইভার সার্কিট, যা ইনপুর পায় প্যারালাল পোর্ট থেকে ডিকোট হয়ে আসা পালস সিগন্যাল থেকে। ড্রাইভারটি তৈরিতে ব্যবহার করা হয়েছে রিলে, ট্রানজিস্টর আর কিছু রেজিস্টর। ডিসিআর স্টেপার মোটরের স্পিড ইচ্ছামতো নিয়ন্ত্রণ করা যায়, ফলে যে কাজে যে গতি প্রয়োজন তা পাওয়া সম্ভব।তাঁরা বলেন, ‘তৃতীয় বর্ষ দ্বিতীয় টার্মের ক্লাস শুরু হওয়ার পর আমাদের কোর্স শিক্ষক যেদিন টার্ম প্রোজেক্টের কাজের প্রোপোজাল দিতে বললেন, তখন থেকেই আমরা কজন বন্ধু ব্যতিক্রমী কোনো কিছু করার চিন্তা করলাম, যা থেকে আমাদের মাথায় আসে রোবটিক ভিকল তৈরি করার কথা। পরে স্যার অনুমতি দিলে আমরা কাজটি পূর্ণগতিতে করতে শুরু করলাম। অবশেষে সবার সম্মিলিত চেষ্টার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে সক্ষম হই এবং ভিকলটির বাস্তব রূপ দাঁড় করাই। বর্তমানে কম্পিউটার নিয়ন্ত্রিত হলেও ভবিষ্যতে একে স্বনিয়ন্ত্রিত করার ইচ্ছা আছে। এ কাজের জন্য আমরা বিশেষ ধন্যবাদ দিই কোর্স শিক্ষক আবদুুল্লাহ আল নাহিদ স্যার ও আবদুুল আউয়াল স্যারকে।’