রোবটের ধারণা দিয়ে জাপান জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ছেয়ে গেল আকাশ। দাউ দাউ করে জ্বলছে এখন বহুতল ভবনের সপ্তম তলার একটা পাশ। এর মধ্যেই অগ্নিস্থলে পৌঁছে গেছে অগ্নিনির্বাপক দলের গাড়ি। কমলা রঙের পোশাক পরা কর্মীরা আগুনের সামনে খানিকটা সময়ের জন্য থমকে দাঁড়ালেন। এর পরপরই ঘটল ঘটনাটি। তাঁদের মাঝখান থেকে কয়েকজন আগুনের ভেতরে সাঁইসাঁই করে ঢুকে গেলেন, বাকিরা ততক্ষণে কম্পিউটার মনিটর ও তারহীন দূর নিয়ন্ত্রণ যন্ত্র (ওয়্যারলেস রিমোট কন্ট্রোল) নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। ঘণ্টা খানেকের মধ্যেই আগুনের তীব্রতা কমে এল এবং শান্ত হয়ে গেল চারপাশ। কমলা রঙের পোশাক পরা কর্মীরা ততক্ষণে বীরবেশে ফিরে এসে অগ্নিনির্বাপক গাড়ির নির্দিষ্ট আসনে বসে পড়েছেন। সবার মধ্যে বেশ আলোচনা শুরু হয়ে গেছে তাঁদের নিয়ে। অথচ তাঁরা তথৈবচ। স্থির দৃষ্টিতে ভাষাহীন নিথর। কমলা পোশাক পরা অগ্নিনির্বাপক কর্মীরা আসলে রক্ত-মাংসের কেউ নয়, তারা যন্ত্রমানব—‘ফায়ার ফাইটিং রোবট’।আগুনের বিরুদ্ধে কার্যকর এমন রোবট তৈরির উদ্ভাবনী ধারণা দিয়েছেন বাংলাদেশের তিন তরুণের। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) ছাত্র শুদ্ধ চৌধুরী, শুভ পাল এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইআইটি) ছাত্র ইশতিয়াক ইসলাম। রোবট প্রযুক্তিকে কাজে লাগিয়ে আগুন নেভানোর এ ধারণার উদ্ভাবন করেছেন তাঁরা। সম্প্রতি জাপানে অনুষ্ঠিত ‘কৃত্রিম জীবন ও রোবট বিজ্ঞান’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে খ্যাতিমান বিজ্ঞানীদের সামনে উপস্থাপন করেছেন তাঁদের এ প্রকল্প।গত এক দশকে ঢাকা শহরেই ঘটে গেছে বেশ কয়েকটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা। এনটিভি ভবন, পুরান ঢাকার নিমতলীর অগ্নিবিভীষিকা নাড়া দিয়েছে সবাইকে। এ চিন্তা-ভাবনা থেকেই ফায়ার ফাইটিং রোবট উদ্ভাবনে চিন্তা তাঁদের। বলেন শুদ্ধ চৌধুরী।গত ১৯ থেকে ২১ জানুয়ারি জাপানে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থাপিত তাঁদের এ প্রকল্পের নাম ছিল ‘এ ডিজাইন অব এ কস্ট ইফেকটিভ ফায়ার ফাইটিং রোবট’। তাঁদের শেষ বর্ষের প্রকল্পও ছিল এটি।কীভাবে শুরু হলো তাঁদের এ প্রকল্পের কাজ জানা গেল তাঁদের কাছে। পড়াশোনা, বইপত্র ও ইন্টারনেট ঘটার মধ্যেই তাঁরা সীমাবদ্ধ থাকেননি। যোগাযোগ করেছেন ফায়ার সার্ভিসের সঙ্গেও। জানতে চেষ্টা করেছেন অগ্নিনির্বাপণ কাজের সমস্যার কথা। যেখান থেকে বের হয়ে এল নানা তথ্য। ‘অগ্নিনির্বাপণ কর্মীরা আগুনের ভেতর তাঁদের পোশাক (ব্রেথিং স্যুট) পরা অবস্থায় ১০ মিনিট পর আর অবস্থান করতে পারেন না। অথচ এ ১০ মিনিটের মধ্যে তাঁদের বিরতিকালে হয়তো কোনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তখন আমরা চিন্তা করলাম এমন কোনো রোবট তৈরি করার, যে আগুনের তীব্রতার ভেতরেও তার কাজ করতে পারবে।’ এভাবেই বলেন শুভ পাল।কীভাবে কাজ করবে এ রোবট! কমলা পোশাকের এ রোবটের প্রথম কাজই হবে আগুনের উৎস খুঁজে বের করা। এর ভেতরে এক ধরনের তাপ ও ধোঁয়া শণাক্ত করার সেন্সর থাকবে, যা তাকে আগুনের তীব্রতা ও ধোঁয়ার গন্ধ অনুভবের মাধ্যমে আগুনের উৎস খুঁজে বের করতে সাহায্য করবে। আগুনের উৎসস্থলে পৌঁছানোর পথে কোনো বাধা এলে তা সে ‘অবস্টাকল ডিটেকশন’-এর মাধ্যমে দূর করবে। তারপর সে নির্দিষ্ট স্থানে যাবে এবং পানি বা বালি ছুড়ে আগুন নেভাবে। তার নড়াচড়া নিয়ন্ত্রণ করা হবে তারহীন দূরনিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে। এতে একটি লো ব্যাটারি সেন্সরও কাজ করবে, যা রোবটের কর্মক্ষমতা বা ব্যাটারি কমে যাওয়ার আগেই সতর্ক করে দেবে। পুরো বিষয়টি ছবি প্রক্রিয়াকরণের মাধ্যমে কম্পিউটারের পর্দায় দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে।মাইক্রোকন্ট্রোলার-ভিত্তিক অপারেশনের (এটিএমইজিএ-৩২) মাধ্যমে পুরো কাজটি সম্পাদন করা হবে। ইশতিয়াক ইসলাম বলেন, ‘আমাদের রোবটটি তৈরি করা হবে অ্যালুমিনিয়াম দিয়ে। কারণ, ধাতু হিসেবে এটি ব্যয়বহুল নয়, আবার বেশ স্থিতিস্থাপকও।’বাংলাদেশের এই তিন তরুণের এ প্রকল্প যথেষ্ট আলোচিত হয়েছে জাপানের ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন আর্টিফিশিয়াল লাইফ অ্যান্ড রোবটিকস সম্মেলনে। যথাযথ সুযোগ-সুবিধা পেলে এ তিন তরুণের উদ্বোধনী পথযাত্রার একটি সুন্দর সমাপ্তি ঘটবে। কমলা পোশাকের ফায়ার ফাইটিং রোবট হয়তো হয়ে উঠবে আমাদের বিপদের দিনের বন্ধু।