রোবটের নিজের ভাষা
চলবে, ফিরবে, কাজ করবে, কিন্তু কথা বলবে না—এটা কেমন করে হয়! তাই এবার রোবটের মুখেও বুলি ফুটবে, একে অপরের সঙ্গে বিনিময় করবে মনের ভাব! লিঙ্গোড্রয়েড রিসার্চ প্রজেক্ট নামের একটি প্রকল্প রোবটদের দিয়ে কথা বলার প্রযুক্তি উদ্ভাবন করেছে। রোবটদের এই ভাষা তাদের চলাচল ও বুদ্ধিবৃত্তিক ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে জানা গেছে।প্রাথমিকভাবে রোবটরা খেলাধুলার সময় ভাষা ব্যবহার করবে এবং এই ভাষার মাধ্যমে তারা তাদের অবস্থান চিহ্নিত করতে পারবে। মানুষের ভাষার মৌলিক যে উদ্দেশ্য, রোবটদেরও তা-ই; অর্থাৎ রোবটরা কথা বলে একে অপরের সঙ্গে ভাব বিনিময় করবে। একটি রোবট আরেকটি রোবটকে জানিয়ে দেবে তাদের অবস্থানের কথা। রোবটদের খেলাধুলার সময় দেখা যায়, খুব সহজেই তারা কোনো নির্দিষ্ট জায়গা চিহ্নিত করতে পারে না। এ ক্ষেত্রে তথ্যবহুল মনুষ্যভাষাও অনেক সময় দুর্বোধ্য মনে হয় তাদের কাছে। তবে নতুন এই প্রযুক্তির সুবাদে রোবটরা খুব সহজেই তাদের নিজস্ব ভাষা ব্যবহার করে সব কাজ ঠিকঠাক মতো করতে পারবে। উদ্ভাবনের পর একচোট ঝালাইও হয়ে গেছে ইতিমধ্যে। সেখানে দেখা গেছে, রোবটরা তাদের ভাষায় কথা বলে খেলার মাঠে (মাঠ বলতে ঘরের ভেতরই) দাপিয়ে বেড়িয়েছে অনায়াসে!কী আছে এই প্রযুক্তিতে? প্রতিটি রোবটের সঙ্গে ক্যামেরা, লেজার-রেঞ্জ ফাইন্ডার ও সোনা (প্রতিফলিত শব্দতরঙ্গের সাহায্যে বস্তুর সন্ধান ও তার অবস্থান নির্ণয় করার যন্ত্র) জুড়ে দেওয়া থাকবে। সঙ্গে থাকবে যোগাযোগ স্থাপনের জন্য মাইক্রোফোন ও স্পিকার। রোবটরা যখন চলবে-ফিরবে, তখন কথা বলবে একে অপরের সঙ্গে এবং তাদের ভেতরে জুড়ে দেওয়া থাকবে একটি করে অভিধান বা শব্দভান্ডার। সেখান থেকেই শব্দ বাছাই করে স্থানের নাম বলতে পারবে তারা। ফলে খুব সহজেই পথভ্রান্ত রোবটরা খুঁজে পাবে তাদের গন্তব্য!বিবিসি অবলম্বনে