
বেজে উঠল যুদ্ধের দামামা। প্রস্তুত রণতরি। মুহূর্তের মধ্যেই লেগে গেল যুদ্ধ। সমানে চলছে লড়াই। এভাবে একের পর এক লড়াই চলেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)। তবে এই লড়াই রোবটের।
গত ২৬ ও ২৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগ আয়োজন করে নবায়নযোগ্য শক্তিবিষয়ক জাতীয় সম্মেলন। এ সম্মেলনের অংশ হিসেবে চুয়েটের রোবট গবেষণাবিষয়ক সংগঠন অ্যান্ড্রোমিডা স্পেস অ্যান্ড রোব রিসার্চ অর্গানাইজেশন (অ্যাসরো) আয়োজন করে রোবটযুদ্ধ প্রতিযোগিতা। এই যুদ্ধে অংশ নেয় চুয়েটসহ দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের মোট ৩৬টি দলের রোবট।
দেখা যায়, রোবটযুদ্ধের জন্য তৈরি করা হয় বিশেষ মঞ্চ । প্রতিবার যুদ্ধে অবতীর্ণ হয় দুটি রোবট। প্রতি যুদ্ধের সময় রাখা হয় পাঁচ মিনিট করে। প্রতিপক্ষকে আঘাত ও রোবটের নিয়ন্ত্রণ কৌশলের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয় বিজয়ী রোবট।

২৬ নভেম্বর প্রতিযোগিতার প্রথমিক বাছাইপর্ব শেষে কোয়ার্টার ফাইনালের জন্য নির্বাচিত হয় আটটি দল। ২৭ নভেম্বর চূড়ান্ত প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন হয় আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের রোবট দল এআইইউবি নিনজা।
প্রতিযোগিতার রানার্সআপ এবং তৃতীয় হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দল ব্র্যাক সেস্টো এবং ব্যাক বেঞ্চারস ।
প্রতিযোগিতার সমাপনী দিনে বক্তব্যে চুয়েটের উপাচার্য জাহাঙ্গীর আলম প্রতিযোগিতার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, জাতীয় পর্যায়ে আয়োজিত এ প্রতিযোগিতার সফলতা থেকে উৎসাহ নিয়ে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে রোবটযুদ্ধ আয়োজন করবে চুয়েট। আয়োজনে প্রধান অতিথি ছিলেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সচিব শ্যাম সুন্দর সিকদার।
রোবট নিয়ে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা থাকলেও যুদ্ধকে বেছে নেওয়ার কারণ হিসেবে অ্যাসরোর সভাপতি জাহিদুল ইসলাম বলেন, রোবট গবেষণায় উন্নতি করতে হলে প্রথমে রোবটের প্রতি মানুষের আকর্ষণ বৃদ্ধি করতে হবে। আর যুদ্ধের ব্যাপারে সহজেই কৌতূহল সৃষ্টি হয়, যার মাধ্যমে নতুন প্রজন্ম রোবট গবেষণায় উৎসাহিত হতে পারে।