রোববার থেকে পুরোদমে কর্মমুখর হবে নগর

ঈদের ছুটি শেষ হয়েছে গত শনিবার। তিন দিন পর গতকাল বুধবারেও পুরোদমে সচল হয়নি নগর। রাস্তাঘাটে ভিড় কম। বেশির ভাগ বিপণিকেন্দ্র খোলেনি। সরকারি-বেসরকারি অফিসে কর্মব্যস্ততা কম। গতি ফেরেনি ব্যবসা-বাণিজ্যেও।
এদিকে গ্রামে ঈদ করে প্রতিদিন নগরে ফিরছে হাজারো মানুষ। রেল স্টেশনে বিভিন্ন জংশন থেকে চট্টগ্রামে আসা ট্রেনগুলোতে এখন উপচে পড়া ভিড়। একই অবস্থা বাসস্টেশনেও।
সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যক্তিরা বলছেন, আগামী সপ্তাহে ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। মূলত রোববার থেকে পুরোদমে কর্মমুখর হবে নগর।
চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ প্রথম আলোকে বলেন, ঈদের পর বেসরকারি খাত সচল হতে এক সপ্তাহের বেশি সময় লেগে যায়। সরকারি অফিস খুললেও বেসরকারি খাত পুরোদমে সচল না হলে ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসে না। ফলে একধরনের স্থবিরতা থাকে। আগামী সপ্তাহে বেসরকারি খাত সচল হলে নগরেও প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।
মঙ্গলবার বিকেলে ও বুধবার সকালে নগর ঘুরে দেখা গেছে, ছুটির পর তিন-চার দিনে পেরিয়ে গেলেও নগরে রেস্তোরাঁ, দোকানপাট প্রায় বন্ধ। কাঁচাবাজারেও লোকজন তেমন নেই। রিয়াজউদ্দিন বাজারের সবজির আড়তে অনেকটা অলস সময় কাটাচ্ছেন আড়তদারেরা। এদিকে বিপণিকেন্দ্রগুলোর মূল ফটকেও তালা।
ব্যবসায়ীরা জানান, বিপণিকেন্দ্র খোলা শুরু হবে মূলত আগামীকাল শুক্রবার থেকে। অভিজাত বিপণিকেন্দ্র মিমি সুপারমার্কেট ও আফমি প্লাজা খুলবে কাল। শনিবার থেকে ধারাবাহিকভাবে সব বিপণিকেন্দ্র খুলবে।
মিমি সুপার মার্কেট দোকান মালিক সমিতির সাবেক সভাপতি জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, দোকানের কর্মীদের আট দিনের ছুটি ছিল। কর্মব্যস্ততা না থাকায় মূলত শুক্র ও শনিবার নগরের বিপণিকেন্দ্রগুলো খুলবে। অর্থনৈতিক কর্মযজ্ঞও পুরোদমে শুরু হবে সপ্তাহ শেষে।
বিপণিকেন্দ্র ছাড়াও পাইকারি ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র চাক্তাই-খাতুনগঞ্জে কর্মব্যস্ততা শুরু হয়নি। চাক্তাই-খাতুনগঞ্জে বেশির ভাগ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ দেখা গেছে। শ্রমিকদের হাঁকডাকও নেই স্বাভাবিক সময়ের ব্যস্ততম এই পাইকারি বাজারে। খুচরা দোকানে বেচাকেনা কম থাকায় পাইকারি বাজারে খুচরা বিক্রেতাদের পণ্য কেনার জন্য চাপও চোখে পড়েনি।
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ প্রথম আলোকে বলেন, খাতুনগঞ্জে এখন কার্যত ১০ শতাংশ ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছে। পণ্য ওঠানো-নামানোয় নিয়োজিত শ্রমিকেরা এখনো ছুটি শেষে ফেরেননি। পণ্য পরিবহন খাতও পুরোদমে সচল হয়নি। এ কারণে বেচাকেনাও কম।
ঈদের আগে-পরে তিন দিন মহাসড়কে পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকায় লম্বা ছুটিতে বাড়ি ফিরে গেছেন গাড়ির চালক ও সহকারীরা। পণ্যবাহী গাড়ি থাকলেও চালকের সংখ্যা কম। ছুটি শেষে গত মঙ্গল ও বুধবার থেকে শহরে ফিরতে শুরু করেছেন চালক ও শ্রমিকেরা। বন্দর থেকে পণ্য খালাসের হার কম থাকায় পরিবহন খাতে প্রাণচাঞ্চল্য ফিরে আসেনি।
আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সুফিউর রহমান প্রথম আলোকে বলেন, বন্দরে জমে থাকা পণ্যের পরিমাণ বাড়ছে। আগামী রোববার থেকে পণ্য পরিবহনের বাড়তি চাপ তৈরি হবে।
পরিবহন খাতের মতো বেসরকারি ঘাট ও গুদামে এখনো পুরোদমে কাজ শুরু হয়নি। কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকায় বেসরকারি ঘাট ও গুদামে এখনো পণ্য আনা-নেওয়ার কাজে ধীরগতি দেখা গেছে। বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য স্থানান্তর করে এসব ঘাটে এনে খালাস করা হয়। শ্রমিক সংগঠনগুলোর হিসাবমতে, চট্টগ্রামে ঘাট ও গুদামগুলোতে তালিকাভুক্ত শ্রমিকের সংখ্যা প্রায় পাঁচ হাজার। এই শ্রমিকদের অনেকেই এখনো ছুটি কাটাচ্ছেন।
চট্টগ্রাম ঘাট ও গুদাম শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল খালেক প্রথম আলোকে বলেন, কর্ণফুলীর ১৬টি বেসরকারি ঘাটের মধ্যে গত মঙ্গলবার থেকে চারটি ঘাটে কাজ শুরু হয়েছে। শ্রমিকেরা না আসায় পুরোদমে কাজ শুরু হয়নি।