
‘সাইফুর রোবট।’ মোবাইলের ফোনবুকে এই নামেই নাকি সাইফুর রহমানের নাম সংরক্ষণ করে রাখেন তাঁর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা! আবার ‘তোদের তো নাট-বল্টু নিয়েই দিন কাটে’—বন্ধুদের কাছ থেকে এমন কথা শুনতে হয় নার্জিস মোস্তফা আর তারিন সুলতানাকে। অনেকে তো আরেক কাঠি সরেস, যন্ত্রদানব বলেও ডেকে বসে কেউ কেউ। এত সব নামকরণের কারণ কিন্তু একটাই—সাইফ, নার্জিস, তারিন, আদনান—সবাই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস ক্লাবের সদস্য। ২০১২ সালে প্রথম কাজ শুরু করে সংগঠনটি। শুরুর দিকে যাঁরা ছিলেন, তাঁরা প্রায় সবাই এখন কর্মজীবনে ব্যস্ত হয়েছেন। দেশ-বিদেশে গবেষণা কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত আছেন অনেকে। বাংলাদেশের প্রথম নিজস্ব ক্ষুদ্রাকৃতির কৃত্রিম উপগ্রহ (ন্যানো স্যাটেলাইট) ‘ব্র্যাক অন্বেষা’র উদ্ভাবক রায়হানা শামস্ ইসলাম, আবদুল্লা হিল কাফি ও মাইসুন ইবনে মনোয়ারও কিন্তু এই ক্লাবের সাবেক সদস্য।
সাবেকরা যেখানে প্রতিষ্ঠিত, সেখানে বর্তমান সদস্যদের ওপর সবার প্রত্যাশার চাপ তো একটু বেশি হওয়াই স্বাভাবিক। ক্লাবের সদস্য ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী নার্জিস মোস্তফা জানান, ‘শুরু থেকেই আমাদের ক্লাবের সদস্যরা নানা আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতায় ভালো করে আসছে। যে কারণে প্রতিবছরই আমরা গবেষণা আর উদ্ভাবনে নিজেরাই নিজেদের ছাপিয়ে যাওয়ার চেষ্টা করি।’ নার্জিসের সঙ্গে একমত ঘোষণা দিয়ে রাজিয়া রাজ্জাক ও আহনাফ শাহরিয়ার বলেন, ‘আমাদের অনেকগুলো তারকা রোবট আছে। চন্দ্রবট, ওয়ালি আর সকার রোবটকে ঢাকার বিভিন্ন উদ্ভাবনী অনুষ্ঠানে নিয়মিত দেখা যায়।’ প্রায় সারা দিনই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছয়তলার ল্যাবটা হইচইয়ে মাতিয়ে রাখেন রোবোটিকস ক্লাবের সদস্যরা। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণাকেন্দ্র নাসার লুনাবোটিকস মাইনিং কনটেস্ট (এলএমসি) থেকে শুরু করে ভারত, জাপান, মালয়েশিয়ার বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিতই অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা।
‘ক্লাবের সদস্য কতজন?’ এমন প্রশ্নে নার্জিস মজা করে বলছিলেন, ‘হাজারখানেক রোবট আর রোবটের মস্তিষ্ক আমাদের ক্লাবের স্থায়ী সদস্য। অস্থায়ী সদস্যরা সবাই ব্র্যাকের শিক্ষার্থী, তাঁদের সংখ্যা আড়াই শর বেশি।’ জলে-জঙ্গলে-আকাশে সর্বত্র সব রকম রোবট তৈরি নিয়ে সারা বছরই নানান কর্মশালা, সেমিনার আর ক্লাস নিয়ে ক্লাব সদস্যরা ব্যস্ত থাকেন। পারিকা দাস, আনিতা মাহমুদ আর রাফাত হোসেন নিজেদের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কয়েকটা দুর্ঘটনার গল্পও বললেন। কখনো কখনো নাকি সার্কিট বোর্ডে আগুন ধরিয়ে দমকলকর্মী ডাকাডাকির মতো অবস্থায় পড়ে যান বন্ধু মহলে যন্ত্রদানবখ্যাত এই মানুষগুলো। শুধু কি তাই? বন্ধুরা নাকি রোবোকপ আর সার্কিট বোর্ড নামেও খ্যাপায় এই দলটাকে।
ভবিষ্যতে একটা সময় হয়তো মানুষের সঙ্গে সমান তালে কাজ করবে রোবট। রোবোটিকস-নির্ভর এক প্রযুক্তিকে সামনে রেখে নতুন কিছু বানানোর নেশায় কাজ করে যাচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস ক্লাব। স্কুল কলেজের শিক্ষার্থীদের রোবোটিকসে আগ্রহী করে তোলার চেষ্টাও আছে ক্লাবটির। যাঁরা রোবট নিয়ে আগ্রহী, তাঁরা ক্লাবের ওয়েবসাইটে (http://robu-lab.org/) ঢুঁ মারতে পারেন।