রোমহর্ষক
কাজের প্রয়োজনেই প্রতি মাসের বেশ কয়েকটা দিন কিনসাসার বাইরে থাকতে হয়। কিনসাসা কঙ্গোর রাজধানী। এখানেই আমার বাস। সেই ধারাবাহিকতায়ই গত ফেব্রুয়ারিতে গিয়েছিলাম বুনিয়ায়। বুনিয়ায় গিয়ে মনে হলো বিদেশের মাটিতে এ যেন আরেক বাংলাদেশ। সব মানুষ প্রাণের ভাষা বাংলায় কথা বলছে। দেখা হলো পরিচিত অনেক চেনা মুখের সঙ্গে। বুনিয়ারই একটা ঘটনা বলি। যত দূর মনে পড়ে, দিনটি ছিল ২৫ ফেব্রুয়ারি। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। ভাবলাম, বের হয়ে পড়ি। গাড়িতে ঘুরে বৃষ্টিস্নাত বুনিয়াকে দেখতে লাগলাম। নিরাপত্তার জন্য দুজন বাংলাদেশি সেনা আমার সঙ্গী হলেন। তাঁরাই বললেন স্থানীয় একটি গরুর খামারের কথা। সেখানে বেছে বেছে হূষ্টপুষ্ট গরু জবাই করা হয়। কৌতূহল মেটাতেই ওখানে নিয়ে যেতে বললাম। গিয়ে দেখলাম, অনেক গরু একটির পেছনে আরেকটি লাইন দিয়ে নিশ্চিন্তমনে দাঁড়িয়ে আছে। এরপর যা দেখলাম, তা শিউরে ওঠার মতো। পরের ঘটনাটুকু সংক্ষিপ্ত, কিন্তু দ্রুত। লাইনে দাঁড়ানো গরুগুলো থেকে তিন-চারটি গরু ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়া হলো। তারপর শুরু নির্মমতার খেলা। প্রথমেই বিশাল আকারের একটি কাঠের হাতুড়ি দিয়ে গরুর ঘাড়ে সজোরে আঘাত করা হলো। এতে গরুটি মেঝেতে পড়ে গেল। আঘাতের যন্ত্রণায় তখন সে কাতরাতে থাকে। ডাকতেও ভুলে যায় সে। মেঝেতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে টান দিয়ে তাকে আরও এক স্তর নিচে নামানো হলো। এরপর জীবন্ত গরুর এক পায়ের ভেতর লোহার শিক ঢুকিয়ে মেশিনের সাহায্যে তাকে দ্রুততার সঙ্গে ঝোলানো হলো। ঝোলানোর পর তাকে ঘড়ির দোলকের মতো দোলানো হলো ১০-১৫ মিনিট। বাকি তিনটি পা মুক্ত থাকায় অনবরত সে তখন তা নাড়াচ্ছিল। পা দিয়ে গড়িয়ে রক্ত পড়ছে। মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। চোখ দিয়ে নির্গত হচ্ছে পানি। এভাবেই আরও তিন-চারটি গরু ঝুলিয়ে দেওয়া হলো। সম্ভবত মেশিনটা গরুগুলোর ভার সইতে পারছিল না। তাই দেখলাম, হঠাত্ পা ছিঁড়ে একটি গরু নিচে আছড়ে পড়ল। অবিরাম ধারায় রক্ত বইতে লাগল। সেদিকে কিন্তু কারওই কোনো খেয়াল নেই। অন্য পায়ের মধ্যে শিক ঢুকিয়ে তাকে আবার আগের মতো ঝুলিয়ে দেওয়া হলো। এরপর কী হয়েছে জানি না। সেখানে থাকার মতো মানসিক অবস্থা তখন আমার আর ছিল না। সঙ্গী দুজনকে নিয়ে দ্রুত বের হয়ে এলাম। গাড়ি আবার চলতে শুরু করল। হাসান শরীফকিনসাসা, কঙ্গো।