রোমাঞ্চকর ত্রয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনের পর দিন রোমাঞ্চের পেছনে ছুটছেন প্রকৃতিবিদ খসরু চৌধুরী। অন্যরকমভাবে দেখলে বলা যায়, রোমাঞ্চই তাঁর পেছনে ছুটছে! ১৯৮৯, ২০০০ এবং ২০০৩ সালে ঘটে যাওয়া তেমনই তিনটি রোমাঞ্চের মুখোমুখি হয়েছিলেন তিনি। এবং সেই রোমাঞ্চত্রয়ীর মঞ্চ ছিল সুন্দরবন। প্রতিবারই বিখ্যাত রয়েল বেঙ্গলের সঙ্গে দেখা হয় হয় করেও শেষতক অন্য কিছুর মুখোমুখি হয়েছিলেন এই প্রকৃতিবিদ। এবার সেই রোমাঞ্চের শিহরণ আপনারাও উপভোগ করুন। চোরা শিকারির কবলে২০০০ সালের নভেম্বর মাসের মাঝামাঝি। লন্ডনের সিকাডা ফিল্মসের ক্যামেরাম্যান মাইক হার্ড এসেছেন সুন্দরবনের বাঘের ওপর একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করতে। আমাকে বাঘ বিশেষজ্ঞ হিসেবে ভাড়া করা হয়েছে।কটকা অভয়ারণ্যের সমুদ্রসৈকতে ঘুরতে ঘুরতে বাদামতলা খালের কাছে আমরা বাঘের পায়ের ছাপ পেলাম। আমি অত বড় বাঘের পায়ের ছাপ আগে দেখিনি। পুরুষ বাঘ। বালুতে এমনিতেই বাঘের পায়ের ছাপ বড় দেখায়। তার পরও এ বাঘটির পায়ের ছাপ দেখে বলতে হয়, বাপরে বাপ!ঠিক করা হলো, আমরা স্পিডবোটে মাচা তৈরির বাঁশ, তক্তা, দড়াদড়ি নিয়ে বাদামতলা খালের ওপর মাচা করব। আর বাঘের খাবার হিসেবে একটি গরু মেরে রাখব মাচার সামনে। খালে মাচা করার উদ্দেশ্য হলো, এতে বাঘের ছবি তোলা যায় সমান্তরাল অবস্থান থেকে। দ্বিতীয়ত, বাঘ মাচার ওপর বিরক্ত হয়ে ঝাঁপ দিলেও মাচার নাগাল পাবে না। বাদামতলা খালটির একটি বৈশিষ্ট্য হলো, ভাটায় এর মুখের দিকটা শুকিয়ে যায় আর গোনের (অমাবস্যা, পূর্ণিমা) সময় ডুবজল হয়ে পড়ে।ফলে পরের দিন আমরা স্পিডবোট সাগরে নোঙরে রেখে খালের খোলের মধ্যে মাচা তৈরি করতে লাগলাম। মাচা তৈরি ছাড়াও মাচার সামনের ছোট গাছপালা, লতা ছেঁটে দিতে হচ্ছিল। এগুলো ক্যামেরার লেন্সের সামনে যাতে বাধা না হয়, তার জন্য কাটছাঁট। এই কাটছাঁট করতে হয় অত্যন্ত সাবধানে। বাঘের সন্দেহ এড়াতে একটিও কুটো যাতে পড়ে না থাকে, সেটা লক্ষ রাখতে হয়। কাটা গাছ, লতাপাতায় মাটির প্রলেপ লাগিয়ে দিতে হয়।বালু-মাটির ওপর মাচা করতে হয় অনেকটা গভীরে খুঁটি পুঁতে। ভেবেছিলাম, বিকেলের ভাটার মধ্যে কাজ শেষ হবে। হলো না। পূর্ণিমার গোনের জোয়ার শুরু হয়ে গেছে। এদিকে সন্ধ্যাও নামছে। আমরা সঙ্গে কোনো বনরক্ষী আনিনি, লোকজন ও মালামাল বেশি হয়ে গেছে বলে। আমরা মোট ছয়জন। সুন্দরবন-অভিজ্ঞ বয়াতি চাচা (সিরাজ বয়াতি), মাইক, সহকারী ক্রেগ হান্টার, আলী হোসেন, ডিএফপির তাহের ও আমি।যতটা সম্ভব নিঃশব্দে মাচা করা হয়েছে। আগামীকাল গরু মেরে দেওয়া হবে আর মাচার তক্তাগুলো বসানো হবে। আমরা খালের খোলের মধ্যে দাঁড়িয়ে; বয়াতি চাচা, আলী হোসেন পাশের গেওয়া বনে তক্তাগুলো লুকিয়ে রাখছেন।এমন সময় সমুদ্র জোয়ারের গুম গুম আওয়াজ চিরে বেশ কাছাকাছিই রাইফেলের গুলির আওয়াজ শুনতে পেলাম। কী করা উচিত, ভেবে পাচ্ছি না। বয়াতি চাচারা দৌড়ে নিচে নেমে এলেন। কারা হতে পারে? সুন্দরবনের ডাকাতেরা তখনো রাইফেল ব্যবহার করে না। হঠাৎ খেয়াল হলো, কচিখালীর বন টহল দল এদিকে আসতে গিয়ে বাঘের সামনে পড়ে হয়তো গুলি করে বসেছে! সবাইকে জঙ্গলের আড়াল নিতে আদেশ দিলাম। কারণ, বাঘ যদি তাড়া খায় অথবা আহত হয়ে এদিকে আসে, তাহলে আমাদের সামনে পেলে আস্ত রাখবে না। আরেকটি গুলির শব্দ।আলী হোসেন হঠাৎ বলে উঠল, ‘স্যার, খালের মুখ ধরে চলেন স্পিডবোটে উঠে বসি।’ হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে। সবাই ছুটে আলী হোসেনকে অনুসরণ করলাম। আমাদের স্পিডবোটটি তখন বুকজলে ঢেউয়ের সঙ্গে ব্যাঙ লাফানি খেলছে। যার যা হাতে ছিল, সেগুলো বোটে ছুড়ে দিলাম। কিন্তু উঠতে পারছি না। খোলা সাগরে গুলি খাওয়ার ভয়ও আছে, হাঙরের কথা ভুলেই গেছি। বাঁচাল আলী হোসেন। লাফানো বোটে নিজে হেঁচড়ে উঠে অন্যদের টেনে তুললেন। টেনেহিঁচড়ে নোঙর তুলে বোট ছেড়ে দিল।এদিককার সাগরবেলার গভীরতা বেশ কম। ফলে সাগরের হু হু বাতাসে ঢেউগুলো তেড়ে এসে ভেঙে পড়ছে। আমাদের চলতে হচ্ছে সাগরের দিকে সোজা ঢেউ ফুঁড়ে। রাইফেলের আওতার বাইরে যেতে হবে আর বোট কোনো চড়ায় লাগলে নির্ঘাত ডুবে যাবে। আমরা একবার পাতালে চড়ছি, একবার আকাশে উড়ছি।এর মধ্যে মাইক তার দুরবিন দিয়ে যেদিক থেকে গুলি আসছিল, সেদিকটা দেখতে লাগল। হঠাৎ মাথার খানিক ওপর দিয়ে শিস আওয়াজ পেলাম, পরমুহূর্তে আবার গুড়ুম। এবার লক্ষ্য আমরা। বোটের খোলে লাফিয়ে পড়লাম। আবার গুলির শব্দ। মাইক ক্রেগকে ভিডিও ক্যামেরা চালু করে বলতে লাগল, ‘উই আর শ্যুট অ্যাট...।’অনেকটা সাগরে চলে এসেছি, এবার বোট ঘোরাতে হবে। কাজটা অত্যন্ত বিপজ্জনক। এবার খুব সাবধানতায় আস্তে আস্তে ঢেউয়ের সমান্তরালে বোট ঘোরাতে হবে। সামান্য এদিক-সেদিক হলে প্রায় অন্ধকার জলে সলিল সমাধি নিশ্চিত।বোট এমনভাবে ঝাঁকাচ্ছিল যে আমরা বোটের খোলে সামনের দিকে বসে পড়লাম। আর সত্তরোর্ধ্ব বয়াতি চাচা বোটের সামনে নোঙরের রশি ধরে টালমাটাল হয়ে ভারসাম্য রাখছিলেন।শেষ পর্যন্ত অনেক ঝাঁকুনি, সাবধানতায় আলী হোসেন আমাদের কটকা জেটির শান্ত জলে নিয়ে এল। কটকার ওসি দর মিয়া সব শুনে কচিখালীতে ওয়্যারলেসে জানতে পারলেন, কচিখালীর টহল দলের সামনে বাঘ পড়েছিল, আর আমাদের ডাকাত মনে করে তারা গুলি ছুড়েছিল। আমরা খুলনায় বন সংরক্ষক শামসুল হুদাকে ব্যাপারটি জানালাম। বললাম, বোটে দুজন সাদা চামড়ার লোককে ডাকাত মনে হওয়াটা তদন্তসাপেক্ষ। মাইক ভীষণ ভড়কে গিয়েছিল।রাতে শুনলাম, বয়াতি চাচার কোমরব্যথা। তিনি শুধু ভেষজ ওষুধ খান। বললেন, ‘স্যার, বাঘের সামনে যাইতে কয়েন, আছি, বোডে আর উডুম না।’পরের দিন তদন্ত করতে কচিখালী গেলাম। ওসি বেশ গরম হয়ে কথা বললেন, আমিও নরম থাকতে পারলাম না। ফিরে আসার পথে দেখি, বয়াতি চাচা বেশ পেছনে। চাচা বললেন, ‘স্যার, আইজ শবে বরাত তো, তা হ্যারা কাইল বিয়ালে দুইটা লাল ছাগল মারছে। শ্যাষে আমরা দেখখ্যা ফেলাই, তাই গুল্লি দেছে।’শঙ্খচূড়ের ফণাসুন্দরবনের চাঁদপাই রেঞ্জের উত্তর-দক্ষিণ প্রবাহিনী শেলা গাঙ থেকে একটি শাখা খাল চলে গেছে পূর্ব দিকে। খালটির নাম তাম্বুলবুনিয়া খাল। খালের উত্তর পাড়ে তাম্বুলবুনিয়া বন অফিস। দক্ষিণ পাড়ে হেঁতাল, হুদোর ঘন জঙ্গল ছিল। বন বিভাগের লোকজন জায়গাটা ফাঁকা করে সুন্দরী, বাইন, পশুরের চারা লাগিয়েছেন। তবে খালের পাড়ে হেঁতাল, গেওয়ার গাছ, ঝোপঝাড় বেশ আছে। গত রাতে তাম্বুলবুনিয়া বন অফিসে খোঁজ নিয়ে জেনেছিলাম, দক্ষিণ পাড়ের ফাঁকা জঙ্গলে সকালের দিকে রোদ পোহাতে একটি বাঘ নাকি প্রায়ই আসে। মাঝেমধ্যে খাল পার হয়ে অফিস-সীমার শেষের ছোট, প্রায় শুকনো খালের মধ্য দিয়ে অফিস পাড়ের জঙ্গলেও আসে। বড় পুরুষ বাঘ, তবে মতলববাজ নয়। দু-একজনের চোখে পড়েছে, তাতে চক্ষুলজ্জায় বাঘ সরে পড়েছে।২০০৩ সালের জানুয়ারি মাসের এক চমৎকার সকালে জোয়ারের সময় আমরা একটি গুদারা নৌকা নিয়ে তাম্বুলবুনিয়া খালের দক্ষিণ পাড়ঘেঁষে নৌকা চালাচ্ছি। আমাদের সঙ্গী জনা আটেক জাপানি পর্যটক, জাপানি ভাষা জানা গাইড ওয়াহিদুল্লাহ ও নৌকা বাওয়ার জন্য মাঝি। নৌকার একেবারে সামনে আমি, মাঝামাঝি অন্যরা আরামে আসন নিয়েছেন। গত রাতটি ছিল বেশ হিমশীতল। তাই শীত কুহেলি নেই, চমৎকার রোদ্দুর উঠেছে।পাড়ঘেঁষে চলেছি দুটি কারণে। প্রথমটি, যদি বাঘটির দেখা পাই, তো ছবি তোলা যাবে, আর অতিথিদের একটা মহা প্রাপ্তিযোগ ঘটবে। দ্বিতীয় কারণ হচ্ছে, সুন্দরবনের নদীতে জোয়ার-ভাটার পানি চলাচলের গতি খুব বেশি হয়। এ অবস্থায় খালের পাড়ের দিকটায় বিশেষ করে ভাঙনির পাড় হলে পানি ধাক্কা খেয়ে স্রোত স্তিমিত হয়ে উল্টো দিকে বয়। সুন্দরবনের বনচারীরা একে বলে মাগনা জোয়ার।আমরা এই মাগনা জোয়ার ধরে খালপাড়ের হেঁতাল, গেওয়া, কালীলতা, হুদো ঝোপঝাড়ের দিকে প্রখর দৃষ্টি রেখে নৌকা চালাচ্ছি। যদি বাঘের দেখা পাই! সঙ্গী জাপানিরা যা দেখছেন, হ্যান্ডিক্যামে তুলে রাখছেন। এভাবে প্রায় মিনিট ১৫ চলার পর আমার চোখ অবচেতনে জঙ্গলের দিক ছাড়িয়ে খালপাড়ের ঝোপঝাড়ে নিবদ্ধ হলো। দেখলাম, খানিক দূরেই একটি মালকোহা পাখি একটি গেওয়াগাছে বসে গায়ের পালক ফুলিয়ে রোদের ওম নিচ্ছে। কিন্তু...কিন্তু আমাদের নৌকা থেকে সামনে ফুট দশেক দূরে হেঁতালের ডালগুলো অমনভাবে নুয়ে আছে কেন?দীর্ঘদিন বনে যাঁরা চলাফেরা করেন, তাঁদের চোখে গাছের ডাল নুইয়ে পড়া, হঠাৎ গাছের পাতা কেঁপে ওঠা, অথবা বনের কোনো অংশ কালো বা আলোকিত দেখা—অস্বাভাবিক লাগবে। বনের গাছপালা স্বাভাবিক ঋজুতায় আলোর সন্ধানে বেড়ে ওঠে। এই স্বাভাবিকতার অন্যথা হলে অভিজ্ঞ চোখ কিছু না কিছু আবিষ্কার করে ফেলে।তবে হেঁতালগাছ নিয়ে আমাদের চিন্তার কী আছে? হেঁতাল তিন-চার মিটার উঁচু, সাত-আট ইঞ্চি পুরু গাছ। গাছের কাণ্ড, পাতা অনেকটা খেঁজুর পাতার মতো। এই গাছে নিশ্চয়ই বাঘ উঠে বসতে পারবে না। তবে অনেক সময় বানর হেঁতালের মাথার অংশের কচি পাতার মণ্ড, যাকে মাথি বলা হয়, সেটা খেতে হেঁতাল কাঁটার খোঁচা খেয়েও গাছে ওঠে। তবে বানর ওখানে নেই, এটা নিশ্চিত। কারণ, তাহলে পাতা নড়াচড়া করত, তার ওপর বানরের মতো সদলবলে চলা তীক্ষচক্ষু প্রাণীদের অগোচরে আমরা এতটা কাছে আসতে পারতাম না। আর বানর উঠলে একটা-দুটো ডাল নুয়ে থাকত, এতগুলো ডাল নুয়ে পড়ত না। তবে কী? আমাদের নৌকা এগিয়ে চলছে এই নুয়ে পড়া ডালগুলোর তলা দিয়ে যাওয়ার জন্য। ফলে অন্তর্গত সতর্কতায় আমার চোখ আটকে রইল হেঁতালপাতায়। এবার দেখতে পেলাম, পাতার ফাঁক দিয়ে।মাঝিকে চিৎকার করে বললাম, নৌকার মুখ ঘোরাও। হতচকিত হয়ে গেলেও মাঝি অত্যন্ত দ্রুততায় নৌকা যখন পাড় থেকে দূরে তীব্র স্রোতে নিয়ে এল, তখন আমরা নুয়ে পড়া হেঁতালগাছ থেকে তিন ফুট দূরে।আমার চিৎকারে সবাই চমকে গিয়েছিল। ওয়াহিদ ভাই বললেন, ‘ওস্তাদ, কী দেখলেন?’উত্তর না দিয়ে মাঝিকে নৌকা আরও সরাতে বললাম। ওয়াহিদ ভাই বললেন, ‘ওস্তাদ, ওরা জিজ্ঞেস করছে, কী হয়েছে?’বললাম, ওদের ক্যামেরা রেডি করতে বলেন, দেখাব।স্রোতের টানে নৌকা অনেকটা দূরে চলে গিয়েছিল। মাঝিকে বললাম, তীর থেকে পাঁচ-ছয় হাত দূর থেকে নৌকা হেঁতালগাছটার নিচে নিয়ে যাও।কাছে আসতেই ওঁরাও দেখতে পেলেন। প্রায় ১২-১৩ ফুট লম্বা মানুষের পুরো বাহুর মতো মোটা বিশাল এক শঙ্খচূড় হেঁতালের ডালের ওপর দীর্ঘ শরীরটা কুণ্ডলী পাকিয়ে রোদ পোহাচ্ছে। মাথা দেখতে পাচ্ছি না, বাদামি সবুজ দেহের ওপর খানিক বিরতিতে জোড়া হলদে বলয়।ম্যানুয়াল ক্যামেরায় কয়েকটি ছবি তুললাম। সাপটি তেমনি আছে। মাঝি নৌকা রাখতে পারল না, আবার ঘুরিয়ে আনল। ভিডিওগ্রাফি চলছে। এবার সাপটি বিরক্ত হয়ে আস্তে আস্তে হেঁতাল বনের অন্ধকারে নেমে গেল।ওয়াহিদ ভাই বললেন, ‘ওস্তাদ, ওই গাছের তলা দিয়ে গেলে তো ওটা হয় আমাদের কাউকে কামড়ে দিত, নয়তো নড়াচড়া করতে গিয়ে নৌকার ওপর পিছলে পড়ত। ওহ্! কী বাঁচা বেঁচে গেছি।’আমাদের সবার শরীরের কাঁপুনি থামতে আরও আধঘণ্টা সময় লেগেছিল। শঙ্খচূড় পৃথিবীর দীর্ঘতম বিষধর সাপ, প্রায় ৪৫০ মিলিগ্রাম বিষ ধরে তার থলিতে। এমনিতে শান্ত মেজাজি। বিপন্ন হলে বা খেপলে বাপের কুপুত্তুর।দরজা আঁচড়ায় কে?সেবার ১৯৮৯ সালের অক্টোবরে বন বিভাগের আনুকূল্যে সুন্দরবনের বাঘের হালচাল জানতে কটকা অভয়ারণ্যে গিয়েছিলাম। সে সময় এত পর্যটক কটকায় যেত না। অভয়ারণ্যের অধিকর্তা ডেপুটি রেঞ্জার শফিউদ্দিনের তেমন কোনো কাজ ছিল না। প্রতিদিন তাঁদের ছোট ডিঙিতে অথবা মাছ ব্যবসায়ী চিত্ত বাবুর ট্রলারে বন পাহারার জন্য তাঁরা বের হতেন। তাঁদের সঙ্গেই আমি যুক্ত হয়ে গেলাম। কারণ, বাঘ-ডাকাতের জঙ্গলে নিরাপত্তার চিন্তা করতে হয়। যেহেতু তেমন কোনো বিভাগীয় কাজকর্ম নেই, বন বিভাগের লোকজনও আমার সঙ্গে বাঘের পেছনে লাগতে উৎসাহী হয়ে উঠলেন।চলছিল ভালোই। কিন্তু বঙ্গোপসাগরে নিম্নচাপ ও তার প্রভাবে প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ায় তিন দিন রেস্ট হাউসে আটকে রইলাম। কটকায় থাকাকালে তিন বেলাই ভাত খেতে হতো। ভাত না বলে মাছ-ভাত বলা ভালো। রুটিনটা এমন—ধরুন, সকালে দুটো পায়রাতলী মাছ ভাজা (বড় রূপচাঁদা আকারের মাছ পায়রাতলী বা চিত্রা, অত্যন্ত স্বাদের), সঙ্গে খানিক ভাত। বিকেলের দিকটায় পারশে, দাতিনা, পাতাড়ির ঝোল আর ভাজা গলদা চিংড়ি সামান্য ভাতসহযোগে। রাতে কান মাগুর, ভেটকি, চাকা চিংড়ি, কাকশেল মাছের ঝোল—অবশ্যই ভাতসহযোগে। কোনো শাকসবজির বালাই নেই।ভাবছেন, এমন তোফা খাবার পেলে আর কী চাই। রান্না বেশ। কিন্তু দিনের পর দিন সুস্বাদু মাছ উপরন্তু গলদা চিংড়ি খেলে সেটাও যে বিরক্তিকর হয়ে ওঠে, সেটা শুধু বন বিভাগের লোক আর বড় রেস্তোরাঁর শেফরা জানবেন। বাঘ খোঁজার সঙ্গে সঙ্গে কচুশাক খুঁজতাম সমান গুরুত্ব দিয়ে। পাইনি। পরে প্রকৃতিবিদ ড. রোনাল্ড হালদার চরগাদা শাক চিনিয়েছেন। হরিণা চিংড়ি দিয়ে খেতে দারুণ।রেস্ট হাউসের পাশেই ইনচার্জ অফিসার শফিউদ্দিনসহ বন কর্মচারীদের মাচার বসতি। দুপুরে সেখানেই খেয়ে আসি। সকালে-রাতে রেস্ট হাউসের কেয়ারটেকার সুস্মিত চেহারার আকবর আমার খাবার রেস্ট হাউসে নিয়ে আসেন।সন্ধ্যার খানিক পর জেনারেটর চালিয়ে আলো দেওয়া হয়। বিকেলে শফিউদ্দিন, চিত্ত বাবু, মহুরি, আমার বাঘ খোঁজার চেলা জেলে ইউনুস, বনরক্ষী বজলু মিলে বাঘ, বন বিভাগসহ নানা বিষয়ে আড্ডা দিই চা-সহযোগে। রাতের খাবারের আধঘণ্টা পর জেনারেটর বন্ধ হলে লোহার শিকঘেরা বারান্দায় একা বসে থাকি। বাতি বন্ধ হওয়ার আধঘণ্টা পর রেস্ট হাউসের পুবে জেটির দিক থেকে অথবা পশ্চিম দিক থেকে বাঘ হরিণ ধাওয়া করে। হরিণগুলো দক্ষিণ দিকের সাগরের ঢেউয়ে বয়ে আনা মরা গাছপালার ওপর দিয়ে ছুটে পালাত। রেস্ট হাউসের দুটো কামরাই স্নানঘর-সংলগ্ন। মাঝের কামরাটি ড্রয়িং-ডাইনিং। বাসিন্দা একা আমিই। সেদিন স্নানঘর হয়ে দরজা বন্ধ করে বিছানায় গা এলিয়ে দিয়েছি। ঘুম আসতে দেরি হচ্ছিল। হঠাৎ স্নানঘরের দরজার কবাটে শুনতে পেলাম, কে যেন নখ দিয়ে আঁচড়াচ্ছে। কে হতে পারে? স্নানঘরের ওপাশেও পেছনের খোলা বারান্দায় যাওয়ার একটি দরজা আছে। যত দূর মনে করতে পারছি, ও দরজাটা আমি দিনের বেলায়ই বন্ধ করে দিতাম। মাথায় কিছুই ঢুকছে না। টের পেলাম, আমার মেরুদণ্ড থেকে শির শির করে একটি ঠান্ডা স্রোত ওপরে ধেয়ে চুল খাড়া করে দিচ্ছে। ওদিকে আঁচড়ানোর শব্দ বেড়েই চলেছে।আমার যত দূর বাঘ সম্বন্ধে ধারণা, তাতে মনে করতে পারি, বাঘ সহসা বাধ্য না হলে খাঁচার মতো জায়গায় ঢুকতে সাহস পায় না। মানুষখেকো হলেও না। তা ছাড়া গত ৩০ বছরে এ এলাকায় বাঘের মানুষ মারার কোনো রেকর্ড নেই। আর মানুষ ধরতে হলে নদীর ধারে চিত্ত বাবুর ডিপোয় মাচার ওপর খোলা জায়গায় জেলেরা ঘুমায়। বাঘ মাটিতে পেছনের পা রেখেই তাদের ধরে নিয়ে যেতে পারে। তাদের মাচার আশপাশে প্রায়ই বাঘের পায়ের ছাপ পাওয়া যায়। জেলেরা গ্রাহ্যও করে না। হতচ্ছাড়া কি এ এলাকায় সবচেয়ে সুরক্ষিত অবস্থানে আমাকেই টার্গেট করল!সমান কবাটে বাঘ দাঁত বসিয়ে ভেঙে ফেলবে, সে আশঙ্কা নেই, তবে যদি বাঘ দরজায় থাবা মারতে থাকে, তবে ছিটকিনি খুলে যেতে পারে। তবে কি বাঘ না, কুকুরের আকৃতির ফিশিংক্যাট, কিন্তু ও ব্যাটাই বা মরতে আসবে কেন? এর মধ্যেই স্নানঘরের বালতিতে খলবলানো আওয়াজ শুনতে পাচ্ছি। মনে হচ্ছে, কেউ যেন মাঝেমধ্যে হাত ধুয়ে নিচ্ছে।এখন আমি কী করি। মাঝখানের ড্রইংরুম ডিঙিয়ে ওপাশের কক্ষে চলে গিয়ে বন বিভাগের লোকজনকে ডাকব! কিন্তু ড্রইংরুমের দরজা যদি খোলা থাকে? তারপর বন বিভাগের লোকজন এসে যদি কিছু না পায়, তবে তারা আবার মনে মনে হাসবে—এ ব্যাটা আবার বাঘ নিয়ে গবেষণা করতে এসেছে!মিনিট পাঁচেক পর আমি যেন অনেকটা সম্মোহিত হয়ে কবাটের পাশে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে খলবলানোর আওয়াজ ছাড়া আঁচড়ানো বন্ধ হয়ে গেছে। ছিটকিনিটার মাথা ঘুরিয়ে দিলাম, যাতে প্রাথমিক ধাক্কায় খুলে না পড়ে। তারপর নিচু হয়ে কবাটের নিচের কোনায় যে ছোট্ট একটু ফোকর আছে, সেখানটা শুঁকতে লাগলাম। ভেতরে আমার একটা আমেরিকান সোপবার সেফগার্ড সাবান আছে। গন্ধটা দারুণ। তারই একটু গন্ধ পাচ্ছি, আর কোনো গন্ধ নেই। কাজগুলো যে সাহসিকতার সঙ্গে করেছি, তা নয়, করেছি অনেকটা সম্মোহিত হওয়ার মতো হয়ে। ফিরে এসে বিছানার কোনায় বসেছি—আবার আঁচড়ানোর শব্দ। আমার কাছে টর্চ নেই, জঙ্গলে চর্টও একটা হাতিয়ার। ঘরে আছে একখানা টিমটিমে হ্যারিকেন। ওটিই হাতে নিয়ে আবার গেলাম দরজার কাছে; আবার শব্দ বন্ধ হলো। আমার গা দিয়ে ঘাম ঝরছে, বুদ্ধিতে আসছে না কিছু। অজানতে হ্যারিকেনটা ওখানে রেখেই বিছানায় এলাম। খানিক বাদে আবার আঁচড়ানোর শব্দ শুনে কবাটের নিচের দিকে তাকালাম। এবার হ্যারিকেনের আলোয় দেখতে পেলাম।বিরাট এক ব্যান্ডিকুট র‌্যাট বা ধেড়ে ইঁদুর। দরজার ফোকরটায় কামড়ে চলেছে। তাতে আমার ভয়, আচ্ছন্নতায় মনে হচ্ছিল আঁচড়ানোর শব্দ। আমি দেখতেই থাকলাম। ধাতস্থ হয়ে কবাটের কাছে গেলে ইঁদুর পালাল। ছিটকিনি খুলে স্নানঘরে ঢুকে হ্যারিকেনের আলোয় দেখলাম, পেছনের দরজাটা আঁটাই আছে। ঝর্ণার নিচে যে আধভরা বালতি ছিল, তাতে পড়ে খাবি খাচ্ছে আরেকটি ধেড়ে ইঁদুর। সে-ই খলবল আওয়াজ তুলছে। বুঝলাম, ঘটনার মূল নায়ক আমার সুগন্ধি সাবান। এটায় কামড় বসাতেই একজন জলমগ্ন, অন্যজন ঢুকতে পাগলপারা। আমার ঘাম দিয়ে জ্বর ছাড়ল। ইজ্জতও খানিক বাঁচল।