রোমাঞ্চের নেশায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুটি পেলেই দল বেধে বেরিয়ে পড়েন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অ্যাডভেঞ্চার ক্লাবের সদস্যরা। ছবি: সংগৃহীত
ছুটি পেলেই দল বেধে বেরিয়ে পড়েন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অ্যাডভেঞ্চার ক্লাবের সদস্যরা। ছবি: সংগৃহীত

সামনে উঁচু পাহাড়। ঘন জঙ্গলের ভেতর দিয়ে আঁকাবাঁকা, ছিপছিপে রাস্তা। এক পাশে গভীর খাদ। পড়ে গেলে আর রক্ষা নেই। এর মধ্য দিয়ে সার বেঁধে হাঁটছে একদল মানুষ। বুকপরিমাণ পানি পেরিয়ে, জোঁকের অত্যাচার আর পিচ্ছিল পাথরের চোখ রাঙানি এড়িয়ে বেশ খানিকটা পথ হাঁটার পর মিলবে কোনো ঝরনার দেখা। ঝরনার পানিতে ধুয়ে যাবে সব ক্লান্তি! এমন আরও অনেক রোমাঞ্চের গল্প জমা আছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর ঝুলিতে। তাঁরা বিশ্ববিদ্যালয়টির অ্যাডভেঞ্চার ক্লাবের সদস্য।
ভ্রমণপ্রিয় দলটি সুযোগ পেলেই ছুটে যায় নতুন কোনো অভিযানে। সংগঠনের প্রেসিডেন্ট আবদুল্লাহ আল নোমান বললেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রতিটা ক্লাবই বেশ সক্রিয়। অ্যাডভেঞ্চার ক্লাবের আয়োজনে কোথাও গেলে আমরা দারুণ সাড়া পাই। কখনো কখনো লোক এত বেশি হয়ে যায়, সবাইকে নিতে পারি না। আগ্রহীদের মধ্যে বাছাই করে দল ঠিক করতে হয়। আমাদের এখানে প্রতিটা সংগঠনে ঢুকতে হলে লিখিত আর মৌখিক পরীক্ষা দিতে হয়। ভোটের মাধ্যমে নির্বাচিত হয় প্যানেলের সদস্য।’
২০১০ সালে প্রতিষ্ঠিত হওয়া এই সংগঠনের সদস্যসংখ্যা বর্তমানে তিন শর বেশি। ‘প্রতিবছর আমরা তিন সেমিস্টার ব্রেকে তিনটা লম্বা সফরে যাই। এ ছাড়া সারা বছরই ছোট ছোট ভ্রমণ চলতে থাকে। কিছু ঘরোয়া আয়োজনও থাকে।’ জানালেন আবদুল্লাহ। লম্বা সফরগুলো সাধারণত ৪-৫ দিনব্যাপী হয়। ছোট ছোট ভ্রমণগুলো হয়ে যায় শুক্র-শনিবারে। ইতিমধ্যে নাপিত্তাছড়া ট্রেইল, মহামায়া লেক, কেওক্রাডং, নাফাখুম, রেমাক্রি, বগালেক, পাংথুমাই, হামহামসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে এসেছেন তাঁরা।

অনেক রোমাঞ্চের গল্প জমা আছে তাঁদের ঝুলিতে
অনেক রোমাঞ্চের গল্প জমা আছে তাঁদের ঝুলিতে

নাম ‘অ্যাডভেঞ্চার ক্লাব’ হলেও সংগঠনের কার্যক্রম কেবল ঘোরাঘুরিতে সীমাবদ্ধ নেই। দুটি ‘ক্লাব মেলা’ আর ‘ট্যুরিজম মেলা’ আয়োজনও তাঁরা করেছেন বেশ সফলভাবে। ‘অ্যাডভেঞ্চার বাংলাদেশ’ নামে তিনটি সাময়িকী প্রকাশ করে এই সংগঠন। বিভিন্ন সময়ে দুর্গত এলাকায় ত্রাণ বিতরণেও তাঁরা এগিয়ে যান। দেশে বড় পরিসরে আয়োজিত ম্যারাথনগুলোতে প্রতিবার সরব অংশগ্রহণ থাকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অ্যাডভেঞ্চার ক্লাবের সদস্যদের। বিভিন্ন সময়ে সভা-কর্মশালার আয়োজন তো আছেই, সাঁতার প্রশিক্ষণের আয়োজনও করেছিলেন তাঁরা।
তবে এই সংগঠনের একটি দিক আলাদা করে বলতেই হয়। তাঁরা যে শুধু ঘুরতেই যান, তা নয়। কোথাও গেলে সে স্থানটা পরিষ্কার করে এরপর বাড়ি ফেরেন। সংগঠনের সদস্য সাকিব উল হাসান বলছিলেন, ‘কোথাও ঘুরতে গেলে ময়লা না ফেলার ব্যাপারে আমরা খুবই সতর্ক থাকি। বরং অন্যদের ফেলা ময়লা আমরা পরিষ্কার করি। এ ব্যাপারে পর্যটকদের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করি।’ পরিবেশ রক্ষায় তাঁদের অবস্থান যে বেশ শক্ত, তার প্রমাণ হলো—বেড়াতে গিয়ে কোনো সদস্য যদি যেখানে-সেখানে আবর্জনা ফেলেন, তাঁর সদস্যপদ বাতিল করা হয়।
কথায় কথায় সংগঠনটির ভবিষ্যৎ পরিকল্পনার কথাও শোনা হলো। ‘এখন অনেক উদ্যমী সদস্য আমাদের। তাই আমার বিশ্বাস সংগঠনটি আরও এগিয়ে যাবে। বাংলাদেশের “অ্যাডভেঞ্চার স্পোর্টস” আর “অ্যাডভেঞ্চার ট্যুরিজম” নিয়ে আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে। বিশ্ববিদ্যালয়ের ভেতরেও আমাদের একটা ভালো অবস্থান আছে। এটা ধরে রাখতে চাই।’ আবদুল্লাহর কণ্ঠে আত্মবিশ্বাসটা ঠিক টের পাওয়া গেল।