রোসাংগিরী বিলে তরমুজবিপ্লব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ির রোসাংগিরী বিলে এবার তরমুজের বাম্পার ফলন হয়েছে। ভালো দাম পাওয়ায় খুশি তরমুজচাষিরা। কয়েক বছর আগেও এই বিলে বোরো ধানের চাষ হতো। ধানের চেয়ে লাভ বেশি বলে এবার তরমুজ চাষ করেছেন অনেকই। বিলে এখন সবুজের সমারোহ। খেত থেকে তরমুজ ওঠাতে শুরু করেছেন চাষিরা। উন্নত জাতের বীজের কারণে ফলন বেশি হয়েছে বলে তাঁদের অভিমত। এবার উপজেলার দৌলতপুর ও সমিতিরহাট গ্রামেও তরমুজের ফলন ভালো হয়েছে।কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এবার উপজেলায় ৩৭ হেক্টর জমিতে তরমুজের চাষ হয়। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় এক হাজার ২৯৫ মেট্রিক টন। রোসাংগিরী বিলে সরেজমিনে দেখা যায়, চাষিরা খেতের পাশে তরমুজ মজুত করছেন। পাইকারি ব্যবসায়ীরা সেখান থেকেই তরমুজ কিনে নিয়ে যাচ্ছেন।নিশ্চিন্তপুর গ্রামের তরমুজচাষি সাহাব উদ্দিন বলেন, ‘আশপাশের সব জায়গায় এবার বোরোর বদলে তরমুজের চাষ হয়েছে। অনেকেই খেত থেকে তরমুজ বিক্রি করছেন। আমি ২০০ শতক জমিতে চাষ করেছি। ফলন ভালো হওয়ায় আশা করছি, তিন থেকে চার লাখ টাকার তরমুজ বিক্রি করতে পারব।’ মো. সোলাইমান বলেন, ‘এবার উপজেলায় তরমুজের ফলন খুব ভালো হয়েছে। আমি ৮০ শতক জমিতে তরমুজ চাষ করেছি। বোরো চাষ করতে খরচ হতো ১৫ হাজার টাকা। কিন্তু একই পরিমাণ জমিতে তরমুজ চাষ করতে আমার খরচ হয় ১২ হাজার টাকা। লাভও হয়েছে বেশি। এর মধ্যে ৩৫ হাজার টাকার তরমুজ বিক্রিও করেছি। আরও ৫০ হাজার টাকার তরমুজ বিক্রি করতে পারব বলে আশা করি।’চাষিরা জানান, তরমুজ চাষ করতে গিয়ে প্রতি ৪০ শতক জমিতে খরচ হয় গড়ে ১০ থেকে ১২ হাজার টাকা। এই পরিমাণ জমিতে তরমুজ ধরে প্রায় হাজার খানেক। চাষিরা বিক্রি করে পান ৬০ হাজার থেকে এক লাখ টাকা। চট্টগ্রাম শহর থেকে তরমুজ কিনতে আসা ব্যবসায়ী মো. আকবর জানান, তরমুজের আকার অনুযায়ী দাম নির্ভর করে। প্রতিটি বড় তরমুজের দাম ১০০ থেকে ১২০ টাকা। উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কাশেম জানান, বোরো চাষের এলাকায় নতুন ফসল হিসেবে চাষিরা তরমুজ চাষ করে লাভবান হচ্ছেন। ফলন ভালো পেতে হলে চাষিদের দায়িত্বরত কৃষি কর্মকর্তার সাহায্য নেওয়ার পরামর্শ দেন তিনি।