রোহিঙ্গা অনুপ্রবেশ চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মিয়ানমারের আরাকান রাজ্যের দাঙ্গা পুলিশ ‘লুণ্ঠিন’ আমাদের কাজ করতে দেয় না। রাস্তাঘাটে বের হলেই ধরে নিয়ে নির্যাতন করে। ফলে বাধ্য হয়ে বাংলাদেশে পালিয়ে আসতে হচ্ছে। এ ছাড়া অন্যকোনো উপায় নেই।’ গত মঙ্গলবার সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার দারোগাবাজারে কথা হয় মিয়ানমারের ঢেকিবুনিয়া গ্রামের রোহিঙ্গা আবদুল জলিলের (৪৮) সঙ্গে। ভোররাত তিনটার দিকে তিনি একটি নৌকা নিয়ে মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে উখিয়ার বালুখালী আসেন। এরপর গাড়িতে করে কুতুপালং রোহিঙ্গা বস্তিতে যাওয়ার জন্য তিনি দারোগা বাজারে অপেক্ষা করছিলেন। সঙ্গে স্ত্রী, চার ছেলে-মেয়েসহ আরও ১৩ রোহিঙ্গা। ঢেকিবনিয়া গ্রাম থেকে আসা রোহিঙ্গা অলি উল্লাহ (৪৫) ও সাহাব মিয়া (৩৫) জানান, নির্যাতন আর অভাবের কারণেই রোহিঙ্গা দলে দলে বাংলাদেশ পালিয়ে আসছে। বাংলাদেশে অনুপ্রবেশের সময় ঘাটে ঘাটে চাঁদা দিতে হয়। স্থানীয় বিভিন্ন সূত্র ও অনুসন্ধানে জানা গেছে, গত ১৫ দিনে উখিয়ার আমতলী, ডেইলপাড়া, করইবনিয়া ও তুমব্রু ঘুমধুম সীমান্ত দিয়ে কমপক্ষে এক হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। পরে দালালদের সহযোগিতায় এসব রোহিঙ্গারা উখিয়া, টেকনাফসহ জেলার বিভিন্ন পাহাড় জঙ্গলে আশ্রয় নেয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, গত ১৫ দিনে এসব পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় বিজিবির সদস্যরা ৩৭৫ জন রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে। বালুখালী বিজিবি ফাঁড়ির সুবেদার মোজাম্মেল হক এর সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় কতিপয় দালালের সহযোগিতায় রোহিঙ্গারা রাতের বেলায় চোরাই পয়েন্ট দিয়ে বাংলাদেশ অনুপ্রবেশ করছে। এ কারণে বহু রোহিঙ্গাকে ধরা সম্ভব হচ্ছে না। টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, গত ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশ অনুপ্রবেশের সময় প্রায় দুই হাজার রোহিঙ্গাকে আটক করা হয়। তারপরও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠোকানো যাচ্ছে না।সরজমিনে দেখা গেছে, টেকনাফ থেকে কক্সবাজার পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার সমুদ্রসৈকতের পাশের ঝাউবাগানে অসংখ্য রোহিঙ্গা বসতি। এ ছাড়া উখিয়ার কুতুপালং, বালুখালী, পালংখালী, টেকনাফের মুছনী, কেরনতলী, বাহারছড়াসহ বিভিন্ন সংরক্ষিত পাহাড় জঙ্গলে বসতি করছে রোহিঙ্গারা। কক্সবাজার শহরেরও ১০টির বেশি পাহাড়ে রয়েছে রোহিঙ্গারা। উখিয়া রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির সভাপতি হামিদুল হক চৌধুরী বলেন, বর্তমানে জেলার বিভিন্ন পাহাড় জঙ্গলে অবৈধভাবে বসতি করেছে প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা। এসব রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানোর দাবিতে আন্দোলন করেও ফল পাচ্ছি না। জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি ও কোস্ট গার্ডকে সতর্ক রাখা হয়েছে। অনুপ্রবেশের সময় প্রতিদিন বিপুল সংখ্যক রোহিঙ্গা ধরাও পড়ছে।