মিয়ানমার থেকে রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে অনুপ্রবেশ বন্ধে সরকারকে কঠোর অবস্থান থেকে সরে না আসার আহ্বান জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধ কমিটি। ১৬ জুন কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থী শিবিরের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বিভিন্ন স্লোগান লেখা ব্যানার ও ফেস্টুন নিয়ে শত শত গ্রামবাসী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশার লোকজন অংশ নেন।বক্তারা বলেন, ‘প্রায় লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী উখিয়ার কুতুপালং শিবিরে বসবাস করছে যাদের এখনো মিয়ানমার সরকার ফিরিয়ে নেয়নি। নতুন করে রোহিঙ্গা শরণার্থীদের স্থান দেওয়া হলে এলাকার অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বিরূপ প্রভাব পড়বে।’সমাবেশে বক্তব্য দেন, রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, ছমিউদ্দিন, নুরুল হক খান, ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল হক, মৌলভি বখতিয়ার আহমদ প্রমুখ।