রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৫ সালের ৫ মে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং শিবির থেকে একই পরিবারের দুজন রোহিঙ্গা শরণার্থী মিয়ানমারে ফিরে গিয়েছিলেন। এরপর ছয় বছরের বেশি সময় ধরে শরণার্থী প্রত্যাবাসন বন্ধ রয়েছে। বর্তমানে উখিয়ার কুতুপালং এবং টেকনাফের নয়াপাড়ার দুটি শিবিরে প্রায় ২৮ হাজার শরণার্থী স্বদেশে প্রত্যাবাসনের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে প্রায় নয় হাজার শরণার্থীকে মিয়ানমার তাদের নাগরিক বলে স্বীকার করে নিলেও স্বদেশে ফেরত নিতে নানা টালবাহানা করছে। জেলার বিভিন্ন স্থানে আরও চার লাখ রোহিঙ্গা অবৈধভাবে বসবাস করছে। প্রত্যাবাসন বন্ধ: ১৯৯১ সালের ২৩ ফেব্রুয়ারি তিন সদস্যের পরিবার নিয়ে টেকনাফে অনুপ্রবেশ করেন মিয়ানমারের রাচিদং এলাকার রোহিঙ্গা মো. আবদুল্লাহ (৩৪)। তিনি আশ্রয় নেন টেকনাফের নয়াপাড়া শরণার্থী শিবিরে। সেখানকার ছোট্ট একটি কক্ষে জন্ম নেয় তাঁর সাত ছেলে-মেয়ে। এ দেশের মাটিতে ইতিমধ্যে তাঁদের ২০ বছর কেটে গেছে।আবদুল্লাহ বলেন, ‘মিয়ানমারে গণতন্ত্র নেই। সামরিক জান্তা যখন তখন রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালায়। এখন নাকি পরিস্থিতি ভালো হয়েছে। ফিরে যেতে পারলে খুশি হতাম।’ ১৯৯০ সালের নভেম্বর মাসে নাফ নদী অতিক্রম করে মিয়ানমারের দুই লাখ ৫০ হাজার ৮৭৭ রোহিঙ্গা কক্সবাজারে আশ্রয় নেয়। এর মধ্যে দুই লাখের বেশি শরণার্থী ১৯৯৭ সালের মধ্যে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। এরপর প্রত্যাবাসনে ধীরগতি দেখা দেয়। ২০০৫ সালের ৫ মে থেকে প্রত্যাবাসন একেবারেই বন্ধ হয়ে যায়। জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ বলেন, ‘রোহিঙ্গারা যত তাড়াতাড়ি স্বদেশে ফিরে যাবে ততই আমাদের জন্য মঙ্গল। কিন্তু মিয়ানমারের অসহযোগিতার কারণে তা সম্ভব হচ্ছে না।’ কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের এক কর্মকর্তা জানান, জাতিসংঘ সনদ অনুযায়ী কোনো শরণার্থী নিজ দেশে ফিরতে না চাইলে তাকে জোর করে ফেরত পাঠানো যায় না। তাই রোহিঙ্গাদেরও ফেরত পাঠানো যাচ্ছে না। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদুতেরাও ইতিমধ্যে সরকারের কাছে প্রস্তাব দিয়েছে, রোহিঙ্গাদের বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে। তৃতীয় দেশে পুনর্বাসন: সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৬ সালের আগস্ট মাসে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিস এলেন শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে বাংলাদেশ সরকারকে রোহিঙ্গা শরণার্থীদের এ দেশে স্থায়ীভাবে থাকতে দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু বাংলাদেশ সরকার এ প্রস্তাব প্রত্যাখ্যান করে রোহিঙ্গাদের মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের বিকল্প প্রস্তাব দেয়। এই পরিপ্রেক্ষিতে শুরু হয় তৃতীয় রাষ্ট্রে রোহিঙ্গাদের পুনর্বাসন কার্যক্রম। গত কয়েক বছরে উখিয়া ও টেকনাফে অবস্থানরত মিয়ানমারের ৮৫৬ রোহিঙ্গা শরানার্থীকে বিভিন্ন দেশে পুনর্বাসন করা হয়েছে। ঠেকানো যাচ্ছে না অনুপ্রবেশ : অনুসন্ধানে জানা যায়, উখিয়া, টেকনাফ এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে রোহিঙ্গারা এখনো দলে দলে বাংলাদেশে অনুপ্রবেশ করছে। গত এক বছরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অনুপ্রবেশের সময় আড়াই হাজারের বেশি রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে পুশব্যাক করেছে। কিন্তু অনুপ্রবেশ বন্ধ হচ্ছে না। এ নিয়ে প্রশাসন, স্থানীয় লোকজন সবাই বিব্রত। রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধ ও প্রত্যাবাসন সংগ্রাম কমিটির আহবায়ক ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী অভিযোগ করেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেনসহ বিভিন্ন উন্নত রাষ্ট্রে পুনর্বাসনের আশ্বাস দিয়ে আন্তর্জাতিক দুইটি সংস্থা ও রোহিঙ্গা জঙ্গিরা এ দেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটাচ্ছে। মিয়ানমারের কয়েকটি জঙ্গি সংগঠন বিভিন্ন শরণার্থী শিবিরে আস্তানা গেড়ে রোহিঙ্গা অনুপ্রবেশে উৎসাহ এবং মিয়ানমারে ফিরে না যাওয়ার ব্যাপারে প্ররোচিত করছে। শিবিরে কর্মরত কিছু বেসরকারি সংস্থা (এনজিও) জঙ্গি গোষ্ঠীকে অর্থসহায়তাসহ নানাভাবে ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।সংগ্রাম কমিটির এক নেতা জানান, ইতিমধ্যে তাঁরা প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি পাঠিয়ে রোহিঙ্গাদের অপতৎপরতা সম্পর্কে জানিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি।