রোহিঙ্গা ঠেকাতে সাংসদের কার্ড-কৌশল
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সাংসদ আবদুর রহমান ওরফে বদি নানা কারণে আলোচিত-সমালোচিত। সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন লোকজনকে মারধরসহ নানা বিতর্কের জন্ম দেন তিনি। এ নিয়ে তাঁর কোনো আক্ষেপও নেই। তিনি বলেন, ‘জনগণই আমার মূল শক্তি। জনগণ পাশে থাকলে এসব অপপ্রচারে আমার কিছুই হবে না।’সাংসদ বদি নির্বাচিত হওয়ার পর থেকে রোহিঙ্গা ঠেকাতে এলাকায় একটি প্রথা চালু করেছেন, যেটি অন্য কোনো সাংসদ অতীতে করেননি। সেটি হচ্ছে কার্ড বা পরিচয়পত্র চালু। ভোটার আইডি কার্ডের আদলে তৈরি করা রঙিন (নিজের সইযুক্ত) ওই কার্ড ছাড়া তিনি কারও সঙ্গে কথা বলেন না। এলাকার কোনো সমস্যা, উন্নয়ন, সাহায্য অথবা চাল নিয়ে তাঁর সঙ্গে কথা বলতে গেলে ওই কার্ড লাগে। উখিয়া ও টেকনাফ উপজেলায় তিনি এ পর্যন্ত ৬০ হাজারের বেশি কার্ড বিতরণ করেছেন। এর মধ্যে অন্তত ৫০ হাজার কার্ড বিতরণ করা হয়েছে দুই উপজেলার দরিদ্র নারীদের মধ্যে। প্রতি শুক্রবার নারীরা কার্ড দেখিয়ে পাঁচ কেজি করে বিনা মূল্যে চাল নিয়ে যান।সম্প্রতি টেকনাফের নয়াপাড়া নবী হোসাইন উচ্চবিদ্যালয়ের মাঠে দেখা গেছে, সেখানে আগে থেকে হাজার দেড়েক নারী-পুরুষ বসে আছেন। তাঁদের মধ্যে নারীর সংখ্যাই বেশি। সবার হাতে সাংসদের দেওয়া ওই কার্ড। পরে সাংসদ বদি স্কুলমাঠে এসে কার্ড দেখে দেখে ৭৭৫টি পরিবারের নারীদের মধ্যে পাঁচ কেজি করে চাল বিতরণ করেন।সাংসদ বদি বলেন, উখিয়া টেকনাফের ১১টি ইউনিয়নে ৫০ হাজার নারী ভোটারের হাতে তাঁর কার্ড রয়েছে। কার্ড দেখিয়ে নারীরা পাঁচ কেজি করে চাল নিয়ে যান। বিনা মূল্যে বিপুল পরিমাণ চাল বিতরণের টাকা কোথায় পান জানতে চাইলে সাংসদ বদি পাল্টা প্রশ্ন করেন, ওদের (নারী-পুরুষ) জিজ্ঞেস করুন? কারও কাছ থেকে ক্ষমতার প্রায় দুই বছরে এক টাকা চাঁদা নিয়েছি কি না? বাবার স্মৃতি ধরে রাখতে চাল বিতরণ কর্মসূচি চালু করেছি। সরকারি বেসরকারি কর্মকর্তাসহ মানুষজনকে মারধর করেন কেন? এ প্রশ্নের জবাবে সাংসদ আরও উত্তেজিত হয়ে বলেন, ‘এই পর্যন্ত মারধরের কোনো ঘটনা ঘটেনি। পত্রিকায় এ নিয়ে অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করা হচ্ছে। তবে এ কথা সত্য, জবাবদিহির স্বার্থে কিছু সরকারি বেসরকারি কর্মকর্তার সঙ্গে আমার খারাপ আচরণ করতে হয়েছে। কাজ না করে টাকা আত্মসাৎ, দুর্নীতি, জনগণকে ভোগান্তিতে ফেলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করলে মাথা একটু গরম তো হবেই।’ কার্ড ছাড়া কথা না বলার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এলাকায় হাজার হাজার মিয়ানমারের রোহিঙ্গার বিচরণ। কে রোহিঙ্গা আর কে বাংলাদেশি চেনা মুশকিল। এ ছাড়া নিজের দলের কর্মী-সমর্থক পরিচয় দিয়ে জামায়াত শিবির ও বিএনপির লোকজন সাহায্য নিতে আসে। এ নিয়ে পরে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। তাই কার্ড চালু করেছি।’