রোহিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমার সরকারের হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, রোহিঙ্গা সমস্যার সমাধান একমাত্র মিয়ানমার সরকারের হাতেই। আন্তর্জাতিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মিয়ানমার সরকারের ওপর কঠোর চাপ সৃষ্টি করতে হবে। বাংলাদেশের সীমান্ত জেলা হিসেবে কক্সবাজার দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের চাপ বহন করে আসছে। সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনের কারণে এই চাপ ভয়াবহ বৃদ্ধি পেয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
ইকবাল সোবহান চৌধুরী আরও বলেন, কক্সবাজারের গুরুত্ব জাতীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে। অতীতে এই জেলার গুরুত্ব ছিল শুধু সমুদ্রসৈকতকে ঘিরে। কিন্তু বর্তমান সরকার এখানে তাপবিদ্যুৎকেন্দ্র, বিশেষ পর্যটন পল্লি, রেললাইন সম্প্রসারণ, আন্তর্জাতিক মানের বিমানবন্দরসহ ২৫টি মেগা প্রকল্প বাস্তবায়ন করছে।
অবকাঠামোগত এসব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন হলে এখানে বিপুল পরিমাণ বিদেশি পর্যটক আসবেন। এতে করে এখানকার মানুষের ভাগ্য পরিবর্তন হবে।
ইকবাল সোবহান চৌধুরী সন্ত্রাস, জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে সাংবাদিকদের আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বাংলা চ্যানেলের (ডিবিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক প্রিয়তোষ পাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য আয়াছুর রহমান ও মুজিবুল ইসলাম, লেখক বিশ্বজিত সেন প্রমুখ।
এ ছাড়া রিপোর্টার্স ইউনিটি-কক্সবাজারের সভাপতি এইচ এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইবনে হোসেনের নেতৃত্বে একটি দলও ইকবাল সোবহান চৌধুরীর সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করে।