পর্যটন শহর কক্সবাজারে মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মাধ্যমে যক্ষ্মা রোগ ছড়িয়ে পড়তে পারে। কারণ যক্ষ্মা আক্রান্ত রোহিঙ্গাদের সেবা দেওয়ার কোনো প্রতিষ্ঠান জেলায় নেই। যক্ষ্মা সংক্রামক রোগ, তাই সহজে একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে।
৭ সেপ্টেম্বর দুপুরে কক্সবাজার জেলা পরিষদ সম্মেলনকক্ষে ‘যক্ষ্মার নিয়ন্ত্রণ কার্যক্রম: অগ্রগতি ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পু চ নু এ কথা বলেন। জেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কক্সবাজার বক্ষব্যাধি ক্লিনিকের চিকিৎসা কর্মকর্তা আরিফুর রহমান।
মুক্ত আলোচনায় অংশ নেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক প্রীতম কুমার চৌধুরী, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হেলেনাজ তাহেরা, ব্র্যাক কর্মকর্তা অজিত নন্দী, প্রকৌশলী কানন পাল, সাংবাদিক প্রিয়তোষ পাল, ফজলুল কাদের চৌধুরী, মুহাম্মদ আলী জিন্নাত, মমতাজ উদ্দিন, আবদুল্লাহ নয়ন, নাটাবের জেলা সভাপতি কামরুল হাসান প্রমুখ।
মূল প্রবন্ধে জানানো হয়, ২০১৩ সালের তথ্য অনুযায়ী জেলায় যক্ষ্মা রোগীর সংখ্যা এক হাজার ৭২৮ জন। এর মধ্যে এমডিআর (মারাত্মক) রোগী ১০ জন। ওই বছরে মারা গেছে ৩৬ জন। এর মধ্যে সদরে ৬, টেকনাফে ৪, উখিয়ায় ৩, মহেশখালীতে ২, রামুতে ৩, চকরিয়ায় ৮, পেকুয়ায় ৪ ও কুতুবদিয়ায় ৬ জন। মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের কারণে এই যক্ষ্মা অন্যজনে ছড়িয়ে পড়তে পারে। তাই জনসচেতনমূলক কর্মসূচির পাশাপাশি রোহিঙ্গাদের যত্রতত্রে বিচরণ নিয়ন্ত্রণ জরুরি।
আরিফুর রহমান বলেন, ফুসফুসের যক্ষ্মায় আক্রান্ত রোগী বিনা চিকিৎসায় থাকলে তার হাঁচি-কাশির মাধ্যমে যক্ষ্মার জীবাণু বাতাসে ছড়িয়ে পড়ে। যা নিঃশ্বাসের মাধ্যমে সুস্থ ব্যক্তিকে আক্রান্ত করে।