রোহিঙ্গারা বাণিজ্য করতে বাংলাদেশে আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকেরা বাংলাদেশে আসছে ছোটখাটো বাণিজ্য করতে। তবে তা মিয়ানমারের সীমান্তরক্ষীবাহিনী নাসাকার অগোচরে হচ্ছে। এতে তাদের কোনো হাত নেই। নাসাকাও চায় না রোহিঙ্গারা নিজ দেশ ত্যাগ করে বাংলাদেশে অনুপ্রবেশ করুক। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও নাসাকার মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে নাসাকা বাহিনীর কর্মকর্তারা এমন দাবি করেছেন। ৫ সেপ্টেম্বর দুপুরে মিয়ানমারের মংডু শহরে ওই বৈঠকে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধের ব্যাপারে বিজিবি কর্মকর্তারা মিয়ানমারের মনোভাবের কথা জানতে চাইলে নাসাকার কর্মকর্তারা এর জবাব দেন। সংশ্লিষ্ট সূত্র এর সত্যতা নিশ্চিত করেন। বৈঠকে ১০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি চট্টগ্রাম সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ জিল্লুল হক। সঙ্গে ছিলেন কক্সবাজারের ১৭-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান, নাইক্ষ্যংছড়ি ১৫-ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুবুুর রহমান ও টেকনাফ ৪২-ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর শফিকুর রহমান প্রমুখ। অন্যদিকে ১৫ সদস্যের মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সে দেশের ৫ নম্বর সেক্টরের কমান্ডার ও নাসাকার পরিচালক উই থাই অং। বিজিবি কমান্ডার মোহাম্মদ জিল্লুল হক প্রথম আলোকে বলেন, ‘গত ৮ জুন মিয়ানমারে বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটে। বৈঠকে আমরা রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধের জন্য দাবি জানালে, উপস্থিত নাসাকা কর্মকর্তা দুঃখ প্রকাশ করেন।’ তিনি জানান, আয়-রোজগার অথবা ছোটখাটো বাণিজ্য করার জন্য রোহিঙ্গারা বাংলাদেশে যাচ্ছে। সেখানে তাদের আত্মীয়স্বজনও আছে। তবে যাওয়াটা তাঁদের অগোচরে হচ্ছে। এতে নাসাকার কোনো হাত নেই। তারাও (নাসাকা) চান না রোহিঙ্গারা নিজ দেশ ছেড়ে বাংলাদেশে অনুপ্রবেশ করুক। কমান্ডার জিল্লুল আরও জানান, বৈঠকে নাসাকা কর্মকর্তা জোর দিয়ে দাবি করেন, আরাকানে দাঙ্গার সময় কোনো ঘরবাড়ি পোড়ানো হয়নি। কাউকে নির্যাতনও করা হয়নি। জিল্লুল হক জানান, বৈঠক শেষে বাংলাদেশ প্রতিনিধি দল মংডু শহরের বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন। এ সময় কোথাও ঘরবাড়ি বা অন্য কোনো স্থাপনা পোড়ার দৃশ্য তাঁদের নজরে পড়েনি। তবে আরাকানের অন্যান্য অঞ্চলের দৃশ্য ভিন্ন রকম হতে পারে বলে তিনি মন্তব্য করেন। ১৭-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান বলেন, ‘বৈঠকে আমরা মিয়ানমারের ইয়াবা তৈরির কারখানাগুলো উচ্ছেদের দাবি করেছি।’ জবাবে নাসাকা কর্মকর্তারা জানান, ইয়াবা কারখানা উচ্ছেদের জন্য তাঁরা আরাকানে বহু অভিযান চালিয়েছেন। কিন্তু কাউকে ধরতে পারেননি। কারখানাগুলো ছোট এবং ভ্রাম্যমাণ বলে সেগুলো দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছে। তবে অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার করেন নাসাকা কর্মকর্তারা। বিজিবি সূত্র জানায়, আড়াই ঘণ্টার ওই বৈঠকে দুদেশের সীমান্ত চোরাচালান বন্ধ, টেকনাফ স্থল বন্দরের মাধ্যমে সীমান্ত বাণিজ্য চাঙ্গা করা, কারাগারে আটক বন্দী বিনিময়, সমুদ্রপথে আদম পাচার বন্ধ এবং কাঁটাতারের বেড়া ও গরু চুরি প্রতিরোধ নিয়ে আলোচনা হয়েছে।