রোয়াজারহাটে অপরিসর স্থানে চলে পশু বেচাকেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির ঈদ উপলক্ষে রাঙ্গুনিয়ায় সবচেয়ে বড় পশুর হাট বসে উপজেলা সদরের রোয়াজারহাটে। উপজেলার বিভিন্ন স্থান থেকে পশু আনা হয় এখানে। বিক্রিও হয় প্রচুর। কিন্তু হাটের জন্য নির্ধারিত স্থান নেই। যে স্থানে বেচাকেনা চলে, প্রয়োজনের তুলনায় তা খুবই ছোট। ফলে হাটের দিন গাদাগাদি করে চলে বেচাকেনা।জানা যায়, দুই যুগেরও বেশি সময় ধরে রাঙ্গুনিয়া ক্লাব মাঠে পশু বেচাকেনা হলেও প্রয়োজনের তুলনায় জায়গাটির আয়তন খুবই ছোট।ইজারাদার মোজাম্মেল হক চৌধুরী জানান, রাঙ্গুনিয়া পৌরসভা প্রতিবছর রোয়াজারহাট ইজারা দিয়ে লাখ টাকা রাজস্ব আয় করলেও পশু বেচাকেনার জায়গার কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে রাঙ্গুনিয়া ক্লাব মাঠে পশু বেচাকেনা করতে গিয়ে জায়গার অভাবে বিক্রেতারা চট্টগ্রাম-কাপ্তাই সড়কে গরু, ছাগল, মহিষ নিয়ে বসে পড়েন। এতে সড়কে যানজট সৃষ্টি হয়। এমনকি দুর্ঘটনার শিকার হয় ক্রেতা-বিক্রেতারা। এখানে প্রতি শুক্র ও সোমবার পশুর হাট বসে। বাজারের ব্যবসায়ীরা জানান, গত দুই যুগের বেশি সময় ধরে রোয়াজারহাটে পশু বেচাকেনা চলে আসছে কাপ্তাই সড়কসংলগ্ন ইছামতী নদীর পাড়ে রাঙ্গুনিয়া ক্লাব মাঠে। এ জমির পরিমাণ মাত্র দশমিক ৩৪ একর। জমিটি পানি উন্নয়ন বোর্ডের অন্তর্ভুক্ত সরকারি খাসজমি। এ জমির দক্ষিণ পাশে রয়েছে রাঙ্গুনিয়া ক্লাব। ক্লাব কমিটির দাবি জমিটি ক্লাবের মাঠ। জায়গা না থাকায় পশু বেচাকেনা করতে দেওয়া হয় এ মাঠে। এ প্রসঙ্গে রোয়াজারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম চৌধুরী বলেন, ‘রাঙ্গুনিয়া ক্লাব মাঠসহ আশপাশের এলাকায় পানি উন্নয়ন বোর্ডের প্রায় তিন একর খাস জমি রয়েছে। ওই জমিতে রাঙ্গুনিয়া ক্লাবের দুই কক্ষবিশিষ্ট একটি একতলা ভবন রয়েছে। বাকি জমিও রাঙ্গুনিয়া ক্লাব কমিটির দখলে। অথচ এসব জমিতে পশু বেচাকেনার ব্যবস্থা করে দিলে জায়গাসংকট সমস্যার সমাধান হতো।’ এ ব্যাপারে যোগাযোগ করা হলে রাঙ্গুনিয়া ক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, রোয়াজারহাটে গরু-ছাগলের বাজারের নির্ধারিত জায়গা ইছামতী নদীর বক্ষে। ক্লাবের ব্যবহূত মাঠে পশু বেচাকেনা চলছে দীর্ঘ সময় ধরে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দখলি জমি ক্লাবের নামে বন্দোবস্তি রয়েছে।’ পানি উন্নয়ন বোর্ড রাঙ্গুনিয়া কার্যালয়ের উপপ্রকৌশলী গিয়াস উদ্দিন এ প্রসঙ্গে বলেন, ‘রাঙ্গুনিয়া ক্লাবের নামে কোনো জমি বন্দোবস্তি দেওয়া হয়েছে কি না-তা আমার জানা নেই। তবে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড ক্লাবসহ অন্য দখলদারদের নোটিশ দিয়েছে। কিন্তু কেউ এখনো দখল ছাড়েনি, এটাই জানি।’ রাঙ্গুনিয়া পৌর মেয়র খলিলুর রহমান চৌধুরী বলেন, ‘ইছামতীর নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের সময় সব দোকানপাটের সঙ্গে রোয়াজারহাটের পশু বেচাকেনার জায়গাটিও কেটে নদীতে রূপান্তর করা হয়। কিন্তু ব্যবসায়ীরা দোকানপাটের জায়গা ফিরে পেলেও পশু বেচাকেনার জায়গা ফিরে পায়নি পৌরসভা। তবু পূর্বের নির্ধারিত জায়গার চিত্র অনুযায়ী রোয়াজার হাট ইজারা দেওয়া হচ্ছে।’