স্কার্ফ এখন

স্কার্ফ তো আসলে এক টুকরা কাপড়। তরুণীদের ফ্যাশনে সব সময় জনপ্রিয়। এই স্কার্ফ পরার ধরনে, কাপড়ের উপাদানে এসেছে নতুনত্ব। এই সময়ে প্রায় সব ধরনের পোশাকের সঙ্গেই স্কার্ফ পরা হচ্ছে, স্টাইলিশভাবে

স্কার্ফের কাপড় ও নকশায় এখন দেখা যাচ্ছে বৈচিত্র্য। মডেল: মাহেলেকা জাবিনস্কার্ফ: যথাশিল্প, পোশাক: কে ক্র্যাফট, সাজ: পারসোনা, ছবি: সুমন ইউসুফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কার্ফ, এক টুকরা কাপড়। ক্যাজুয়াল পোশাকের অনুষঙ্গ হিসেবে তরুণীদের কাছে সব সময়ই এর জনপ্রিয়তা ছিল, আছে, থাকবে। তবে স্কার্ফ পরার ধরনে এখন বেশ নতুনত্ব দেখা যাচ্ছে। একটা সাধারণ স্কার্ফ পরার কায়দা–কৌশলে হয়ে উঠতে পারে মূল আকর্ষণ। নানাভাবে ভাঁজ করার (ড্রেপিং) মাধ্যমে স্কার্ফে চলে আসে স্টাইলিশ ভাব। ফ্যাশনের ধারা বদলেছে। এই সময়ে এসে শুধু কুর্তি বা ফতুয়ার সঙ্গে নয়, মেয়েরা কামিজ, টি–শার্ট, এমনকি শার্টের সঙ্গেও স্কার্ফ পরছেন।

পরার ধরনেই শুধু নয়, স্কার্ফের উপকরণ আর নকশাতেও এসেছে বৈচিত্র্য। সিল্কের স্কার্ফ বেশি চলত একসময়। এরপর এল জর্জেটের স্কার্ফ। তবে এখন স্কার্ফের কাপড় নিয়েও বেশ নিরীক্ষা করা হচ্ছে। জামদানি কাপড়ও ব্যবহৃত হচ্ছে স্কার্ফ তৈরিতে। ভেজিটেবল ডাইয়ের তৈরি স্কার্ফগুলো নজর কাড়ছে বেশ। স্কার্ফের নকশায় থাকছে বিভিন্ন মোটিফের ব্যবহার। কখনো ভেজিটেবল ডাই করা কাপড়ে নকশিকাঁথার কাজ, আবার কখনো নানা ধরনের স্মারকের ব্যবহার স্কার্ফকে করে তুলছে নান্দনিক।

স্কার্ফ ও পোশাক: সারা লাইফস্টাইল

এই স্কার্ফে ৬ থেকে ৭ ইঞ্চির মতো কাপড় রেখে বাকি কাপড়টুকু দিয়ে চুলের বেণির মতো পেঁচিয়ে নিন। স্কার্ফের কাপড়টিকে বেণির মতো প্যাঁচানো হলে গলায় চোকারের মতো বসিয়ে নিন। কাপড়ের বাকি অংশ বেণির মতো ভাঁজ করে রাখা কাপড়ের ভেতর দিয়ে (ছবির মতো) বের করে দিন। সাধারণত জর্জেট কাপড়ের স্কার্ফে এই ড্রেপিং বেশি ভালো হয়। আর স্কার্ফের এই ড্রেপিং মানাবে পাশ্চাত্য ঘরানার পোশাকের সঙ্গে।

স্কার্ফ ও পোশাক: ওয়্যারহাউস

খুব সহজ এই স্কার্ফের ড্রেপিং। তবে এ ক্ষেত্রে পোশাকের রঙের সঙ্গে বৈপরীত্যের বিষয়টি মাথায় রাখতে হবে। যেমন এখানে টিয়া সবুজ রঙের লম্বা কামিজের সঙ্গে সাদা স্কার্ফ ব্যবহার করা হয়েছে। মনুমেন্টের মোটিফের ব্যবহারে স্কার্ফটি একেবারেই আলাদা হয়ে উঠেছে। এই স্কার্ফে কাপড়ের পরিমাণ দৈর্ঘ্য ও প্রস্থে একটু বেশিই ছিল। যে কারণে ড্রেপিংয়ের আগে স্কার্ফটিকে লম্বালম্বি ভাঁজ করে নেওয়া হয়। এবার ভাঁজ করা স্কার্ফের অংশ গলায় জড়িয়ে নিয়ে সামনের অংশের কাপড়ের দুই ভাগে (ছবির মতো) পেঁচিয়ে নিন। তবে এই স্কার্ফের প্যাঁচানো অংশ সরাসরি সামনে না রেখে একটু আড়াআড়ি করে রাখুন। আর এভাবে উপস্থাপনের কারণে স্কার্ফটি পাবে ভিন্নমাত্রা।

স্কার্ফ ও পোশাক: ক্লাব হাউস

একরঙা কাপড়ের সঙ্গে একটু উজ্জ্বল রঙের স্কার্ফ পরতে পারেন। দাওয়াতে এই ধরনের স্কার্ফ ড্রেপিং বেশি ভালো লাগবে। স্কার্ফের কাপড়টিকে ত্রিকোণাকৃতিতে ভাঁজ করুন। এবার ত্রিকোণ অংশটি সামনে রাখুন (ছবির মতো)। পেছন থেকে আসা স্কার্ফের অংশটুকু কাঁধের একটু সামনে পেঁচিয়ে বাঁধুন। স্কার্ফের বাকি খোলা অংশ এভাবেই (ছবির মতো) কাঁধের ওপর থেকে ছড়িয়ে দিন।

স্কার্ফ ও পোশাক: অরণ্য

শার্টের সঙ্গেও স্কার্ফ পরতে পারেন। তবে পরার ধরনের ভিন্নতা আপনাকে উপস্থাপন করবে ভিন্নভাবে। শার্টের কলার বরাবর বো আকৃতিতে স্কার্ফটিকে বেঁধে নিন। এবার দেখুন স্কার্ফ ও শার্টে কেমন স্মার্ট লাগছে আপনাকে।

স্কার্ফ ও পোশাক: ক্লাব হাউস

সাদার সঙ্গে ছাই রঙের বৈপরীত্যে আভিজাত্য খেলা করছে। সাদা কুর্তি, জর্জেটের স্কার্ফও বেশ সাদামাটা, জর্জেট কাপড়ে তৈরি। এখানেও স্কার্ফের সামনের অংশ ত্রিকোণাকৃতিতে রেখে পেছনে বাঁধুন। আবার পেছনে বাঁধা কাপড়ের অংশে গলার সামনে এনে গিঁট বেঁধে নিন। এবার পুরো স্কার্ফ ঢুকিয়ে দিন সামনের কলারে। দেখুন স্কার্ফের ড্রেপিং ও রঙের বৈপরীত্যের কারণে পুরো পোশাকটি পেয়েছে কেমন ভিন্নমাত্রা।

স্কার্ফ: যথাশিল্প, পোশাক: কে ক্র্যাফট

জামদানির স্কার্ফ স্টাইলে একটা ভিন্নমাত্রা আনবেই। শার্ট ও স্কার্টের সঙ্গে বেছে নিতে পারেন এমন স্কার্ফ। প্রথমে স্কার্ফকে লম্বালম্বি দুই ভাঁজে ভাঁজ করুন। দুই প্রান্ত থেকে পেঁচিয়ে নিন। এবার স্কার্ফ গলায় জড়িয়ে নিন। স্কার্ফের গোল হয়ে আসা সামনের প্রান্তে খোলা অংশটুকু ঢুকিয়ে দিন।