বইমেলার পুরো মাসজুড়েই ছিল টানা পরীক্ষার ধকল। ফলে, বইমেলায় যাওয়া হলো না, বইও কেনা হলো না। পরীক্ষা শেষে কয় দিনের ছুটি মিলল। তখন অনলাইনেই বইয়ের অর্ডার দিয়ে বাড়ি ফিরলাম।
তো সেদিন, সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ফোন দিয়ে জানাল আমার কাছে দুইটা বইয়ের পার্সেল এসেছে। উত্তরে আমি অফিসের ঠিকানা জানতে চাইলাম। তিনি বললেন, ‘র্যা ডিসন হোটেলের পাশে।’ আমি তো শুনে থ! ভাবলাম, ভুলে মনে হয় ঢাকার বাসার ঠিকানা দিয়েছে। আমি ফের বললাম, ‘ভাই, যে ঠিকানায় বই এসেছে মানে আমার ঠিকানাটা একটু আমায় বলুন তো।’ দেখলাম, না, তিনি কুমিল্লার বাসার ঠিকানার কথাই বললেন। ভাবলাম কুমিল্লায় র্যা ডিসন হোটেল আবার কবে হলো? যা হোক, তাঁকে বললাম এবার হোটেলের ঠিকানা দিতে। উত্তরে বললেন, এই তো কুমিল্লা মেডিকেল কলেজের সামনেই।
আমি গেলাম মেডিকেলের সামনে। গিয়ে যে ‘র্যা ডিসন হোটেল’-এর দেখা পেলাম, তাতে তো আমার পুরো আক্কেলগুড়ুম! এটা ছিল এক ছোটখাটো রেস্তোরাঁ মাত্র, র্যা ডিসন রেস্তোরাঁ।
মো. আসিফ ইমরান
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা।