র‌্যাব-পুলিশের বাড়তি নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয়জনের সঙ্গে ঈদ করতে আগামী বৃহস্পতিবার থেকে নগর ছাড়বে মানুষ। কারণ পরের দুই দিন সাপ্তাহিক ছুটি। এরপর টানা তিন দিন ঈদের ছুটি। ফলে টানা পাঁচ দিনের ছুটি কাটাতে বৃহস্পতিবার থেকে ফাঁকা হতে থাকবে নগর।জানা গেছে, এ জন্য নগরের বিভিন্ন বাস টার্মিনাল ও রেলস্টেশনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়তি নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। বিশেষ করে ছিনতাইকারীদের উৎপাত ঠেকাতে র‌্যাব-পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছে।পুলিশ সূত্র জানায়, এবার চট্টগ্রাম রেলওয়ে নতুন ও পুরোনো স্টেশন, বহদ্দারহাট বাস টার্মিনাল, অক্সিজেন মোড় বাসস্ট্যান্ড, মুরাদপুর মোড়, এ কে খান মোড়, কর্ণেল হাট মোড়, অলংকার মোড়, কদমতলী বাস টার্মিনাল ও আশপাশের এলাকা, সদরঘাটের স্টিমারঘাট এবং সল্টগোলা রেল ক্রসিং এলাকায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এসব স্থান থেকে দূরপাল্লার গাড়ি ছাড়া হচ্ছে। উপপুলিশ কমিশনার (সদর) ফারুক আহমেদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমরা বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশন ছাড়াও বিভিন্ন বাসস্ট্যান্ডে নিরাপত্তাব্যবস্থা নিয়েছি। দুই পালায় ১৮ থেকে ২০ ঘণ্টা পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবে। যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড তথা ছিনতাইকারীদের দৌরাত্ম্য বন্ধ এবং শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ দায়িত্ব পালন করবে, যাতে ঘরমুখো যাত্রীরা নিরাপদে ভ্রমণ করতে পারে।’ পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম স্টেশন ও আশপাশের এলাকা, কদমতলী বাস টার্মিনাল ও অলংকার মোড়ে ছিনতাই ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেশি। ঈদ উপলক্ষে অনেক সন্ত্রাসীর জামিনে বেরিয়ে আসার আশঙ্কা রয়েছে। এসব কিছু বিবেচনায় রেখে সংশ্লিষ্ট টার্মিনাল ও স্টেশনে পুলিশ মোতায়েন করা হবে। বিশেষ করে যেখানে যাত্রীদের সমাগম বেশি হবে সেখানে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সাদা পোশোকে দায়িত্ব পালন করবে। এদিকে, চট্টগ্রাম রেল স্টেশনে পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরাও দায়িত্ব পালন করে যাচ্ছে। এ কারণে এবার স্টেশনে টিকিট বিক্রির সময়ে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি। ঈদের পরেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানা গেছে। র‌্যাব-৭-এর উপঅধিনায়ক মেজর জামাল হোসেন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘ঈদ উপলক্ষে র‌্যাবের অতিরিক্ত টহল দল রাস্তায় নামানো হয়েছে। নগর ও শহরতলিতে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা ও স্টেশনে টিকিটের কালোবাজারি ঠেকাতে আমাদের সদস্যরা কাজ করে যাচ্ছে।’