র্যাশের রাশ টানতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র‍্যাশ এড়াতে রোদে বের হলে ছাতা ব্যবহার করতে হবে। মডেল: ইশিকা
র‍্যাশ এড়াতে রোদে বের হলে ছাতা ব্যবহার করতে হবে। মডেল: ইশিকা

প্রকৃতিতে পরিবর্তনের হাওয়া বইলেও অস্বস্তিকর গরম এখনো পিছু ছাড়েনি। মাঝে মাঝে গরমের তীব্রতা হঠাৎ বেড়ে যায়। আবার কখনো বৃষ্টিতে স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে অস্বস্তিকর গরম অনুভূত হয়। ভোরের দিকে কিছুটা শীত শীত অনুভব হয়। আবহাওয়ার এই পরিবর্তন ত্বকে প্রভাব ফেলে। শরীরে নানা রকমের র‌্যাশ দেখা যায়। এসব সমস্যার সমাধানে বাড়িতেই ব্যবহার করা যায় ঘরোয়া কিছু চিকিৎসা পদ্ধতি। তবে সমস্যা যদি বড় ধরনের হয়, তাহলে চিকিৎসকের পরামর্শই নেওয়া উচিত। ঢাকা মেডিকেলের চর্মরোগ বিভাগের অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী দিলেন নানা পরামর্শ।

অতিরিক্ত ঘাম : অতিরিক্ত ঘাম রোধে কিছু কালো এলাচ গুঁড়া করে ফ্রিজে রেখে দিন। ১০টি তেজপাতা সারা রাত ভিজিয়ে রেখে সকালে ওই পানির সঙ্গে এলাচের গুঁড়া ও মুলতানি মাটি মিলিয়ে একটি প্যাক তৈরি করে গোসলের আগে ব্যবহার করুন, উপকার পাবেন। অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে যে মিনারেল বের হয়ে যায়, তা পূরণ করতে প্রতিদিন টকদই, তরমুজ, বেলের শরবত এবং পুদিনাপাতার শরবত খেতে পারেন।

হিট র‌্যাশ: অনেকের ত্বকে গরমে হিট র‌্যাশ বের হয়। হিট র‌্যাশ এড়াতে গোসলের আগে সারা শরীরে দই লাগাতে পারেন। দইয়ের সঙ্গে হলুদ বা নিমপাতা বাটা মিশিয়ে নিতে পারেন। এ ছাড়া খানিকটা লাউ থেঁতো করে এর সঙ্গে তুলসীপাতা এবং চালের গুঁড়া মিলিয়ে মুখে ব্যবহার করুন। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। র‌্যাশ হবে না এবং ত্বকের উজ্জ্বলতাও বাড়বে।

ঘামাচি: ঘামাচি গরমের সাধারণ সমস্যা। ঘামাচি কমাতে গোসলের আগে আটার সঙ্গে দই মিলিয়ে পেস্ট করে ব্যবহার করুন। শুকিয়ে গেলে হাত দিয়ে আলতো করে ঘষে তুলে ফেলুন। গোলাপজল দিয়ে তেজপাতা ব্লেন্ড করে লাগালেও উপকার পাবেন।

ব্রণ: গরমে ব্রণের মাত্রা বেড়ে যায়। ব্রণ এড়াতে সপ্তাহে দু-তিনবার চিরতার পানি এবং দু-তিনটি কাঁচা হলুদ ও আখের গুড় খেতে পারেন। সব সময় মুখ পরিষ্কার রাখা উচিত। নিমপাতা, হলুদ, চিরতা ও মুলতানি মাটি একসঙ্গে মিলিয়ে পেস্ট বানিয়ে ব্যবহার করলেও উপকার পাবেন। না পেলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

মাথার ত্বকে অ্যালার্জি: আপনার মাথার ত্বকে যদি চুলকানির সমস্যা থাকে, তবে নিমপাতা, হলুদ ও চিরতা একসঙ্গে বেটে মাথার ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

আরও কিছু সমাধান
প্রতিদিন গোসল: গরমকালে ঠান্ডা পানির গোসল কিংবা শীতকালে গরম পানি দিয়ে গোসল শরীরে আরাম এনে দেবে। নিয়মিত গোসল আপনাকে দূরে রাখবে নানা চর্মরোগ থেকেও।
দুধ ব্যবহার: ত্বকের কিছু চিকিৎসায় দুধ ব্যবহার করা যায়। এ জন্য একটি কাপড়ে সামান্য ঠান্ডা দুধ লাগিয়ে তা দেহের রোদে পোড়া অংশে আলতো করে লাগিয়ে দিন।
ব্যবহার করুন যবচূর্ণ: গোসলের পানিতে দুই কাপ যবচূর্ণ মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। এতেই যবের জাদুকরি ক্ষমতা বোঝা যাবে। এতে আপনার ত্বকের রোদে পোড়া অংশ দ্রুত আরোগ্য লাভ করবে। এ ছাড়া ত্বকের র‌্যাশ সৃষ্টিকারী উপাদানও দূর হবে।
দই ব্যবহার: ফ্রিজে যদি সাধারণ কোনো দই থাকে, তাহলে তা ব্যবহার করতে পারেন ত্বকের চিকিৎসায়। এ জন্য সামান্য দই নিয়ে তা ত্বকের ওপর হালকা করে লাগাতে হবে। এরপর পাঁচ মিনিট অপেক্ষা করে তা ধুয়ে ফেলতে হবে। শুষ্ক ত্বক, রোদে পোড়া ত্বক ও চুলকানির চিকিৎসায় এটি ব্যবহার করা যেতে পারে।
ত্বকের যত্নে শসা: শসা ক্লান্তি দূর করে ও সকালে চোখের ফোলাভাব উপশম করে। এ ছাড়া ত্বকের চুলকানি ও রোদে পোড়ার চিকিৎসায়ও এটি ব্যবহার করা যায়। এ জন্য পাতলা করে শসা কেটে তা আক্রান্ত ত্বকে কয়েক মিনিট লাগিয়ে রাখতে হয়। এতে দ্রুত উপকার পাওয়া যায়।

কিছু টিপস
 রোদে অবশ্যই ছাতা ও সানগ্লাস ব্যবহার করুন।
 সানস্ক্রিন লোশন মেখে সারা দিন থাকা যাবে না। ছয় বা সাত ঘণ্টা পরে মুখ ধুয়ে আবার সানস্ক্রিন লাগাতে হবে।
 র‌্যাশ হলে নখ দিয়ে খোঁটা যাবে না। এতে র‌্যাশ বেরে যাবে।
 র‌্যাশের পরিমাণ বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
 প্রচুর পানি পান করুন, যাতে ত্বকের আর্দ্রতা বজায় থাকে।
লেখক: চিকিৎসক