র‍্যাডিসন ব্লুতে বাংলার মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী রেজাউল হক খানের প্রদর্শনী ঘুরে দেখছেন এক দর্শনার্থী l প্রথম আলো
শিল্পী রেজাউল হক খানের প্রদর্শনী ঘুরে দেখছেন এক দর্শনার্থী l প্রথম আলো

বেহালার ছড়িতে সুর তুলতে মগ্ন বাউল। ক্যানভাসজুড়ে রঙের ছড়াছড়ি, তুলির আঁচড়। বিশ্বাস করতে কষ্ট হয়, এটি আলোকচিত্র। ২ এপ্রিল পাঁচ তারকা হোটেল র্যা ডিসন ব্লু বেল ভিউ চিটাগাংয়ে শুরু হয়েছে শিল্পী রেজাউল হক খানের ‘পেইন্টিং থ্রু টেকনোলজি’ শিরোনামের প্রদর্শনী। ক্যামেরায় তোলা ছবিকে কম্পিউটার গ্রাফিকসের মাধ্যমে তেলরঙের আবহ দিয়েছেন তিনি। ছবিগুলোতে নিখুঁতভাবে এনেছেন হাতে অাঁকা ছবির ব্যঞ্জনা।
শিল্পী রেজাউল হক খান কম্পিউটারে ছবি অাঁকেন। তুলি হাতে একজন অাঁকিয়ে ক্যানভাসে যে সৃজন-ভাবনার প্রকাশ ঘটান, সেটা তিনি করেন কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে। তবে কেবল প্রযুক্তি দক্ষ হলেও এমন ছবি বের করে আনা সম্ভব নয়। এই প্রদর্শনীর ছবিগুলো দেখেই তা উপলব্ধি করা যায়। যে প্রক্রিয়ায় তিনি ছবি বানান না কেন, শেষ বিচারে তা মৌলিক চিত্রকর্ম হয়েই দর্শকের সামনে হাজির হয়।
শিল্পীর চতুর্থ একক প্রদর্শনী এটি। প্রদর্শনীতে স্থান পাওয়া ৩৬টি ছবির বিষয় বাংলাদেশ ও দেশের মানুষের জীবন। আছে তাঁর প্রিয় বিষয় নৌকা ও জেলে জীবন। সবগুলো ছবিরই শিরোনাম ‘বাংলার মুখ’। বিভিন্ন সময়ে, নানা স্থানে তোলা আলোকচিত্রকে তেলরঙের আদল দিয়েছেন তিনি। ক্যানভাস ও প্লাইউডে ছেপেছেন সেসব ছবি। দেখতে দেখতে দর্শকের মনে একটা ঘোর তৈরি হয়। মনে হয় প্রতিটি ছবিজুড়েই রচিত হয়েছে এক-একটি দৃশ্যকাব্য।
২ এপ্রিল প্রদর্শনীটি উদ্বোধন করেন র্যা ডিসন ব্লু হোটেলের মহাব্যবস্থাপক গিইর সিক্কু। অতিথি ছিলেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক ও আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক রাফায়েল ইয়েগার।
প্রদর্শনী কক্ষে ঢুকতেই দেখা গেল ‘বাংলার মুখ ৩৫৫’ শিরোনামের একটি ছবি। মাথায় গামছা বাঁধা, গায়ে গেঞ্জি পরা একজন কৃষক। তার পাশে কিষানি। দুজনেই ধান মাড়াইয়ে ব্যস্ত। ক্যানভাসজুড়ে সাদা, হলুদ ও লাল রঙের ছটা। কৃষকের সোনালি ধান ঘরে তোলার অনুভূতি যেন সঞ্চারিত হয় দর্শকদের মনেও।
কর্মমুখর মানুষ, জেলে, ফেরিওয়ালা, একতারা হাতে শিল্পী, কাজের অবসরে রিকশাচালক, কর্মব্যস্ত নগরী—এসব তিনি তুলে এনেছেন বিষয় হিসেবে। ইম্প্রেশনিস্ট ধারার শিল্পীদের কাজের প্রভাবও লক্ষ করা যায় তাঁর শিল্পকর্মে। উজ্জ্বল রং ব্যবহার করে তিনি পরিপার্শ্বকে অচেনা করে তুলেছেন। এরপর নিজের মনের রঙে চিত্রিত করেছেন সবকিছুকে। তাই দর্শকও চিরচেনা এসব অনুষঙ্গ যেন আবার নতুন করে আবিষ্কারের সুযোগ পেল। প্রদর্শনীটি চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।