লংগদুতে বনভান্তের প্রতিমূর্তি স্থাপন অনুষ্ঠান বৃহস্পতিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ সাধক বনভান্তে শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবিরের প্রতিমূর্তি স্থাপন করা হবে তাঁর একসময়ের সাধনাস্থল লংগদু উপজেলার তিনটিলা বন বিহারে। এ উপলক্ষে আগামী বৃহস্পতি ও শুক্রবার (২৬ ও ২৭ জুলাই) দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আয়োজকেরা জানান, বনভান্তের মহাপ্রয়াণের পর সাধনাস্থলে এটাই তাঁর প্রথম প্রতিমূর্তি স্থাপন। উল্লেখ্য, চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ বিহারে প্রব্রজ্যা (বৌদ্ধ সাধক হিসেবে দিক্ষা) গ্রহণের পর পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে দীর্ঘদিন সাধনা করেন তিনি। এর মধ্যে লংগদু তিনটিলা এলাকায় ১৯৭০ থেকে ৭৫ সাল পর্যন্ত সাধনা করেন। এ সময় তাঁর নাম পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে ছড়িয়ে পড়ে। একসময় তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদের অনুরোধে রাঙামাটি রাজবন বিহারে চলে আসেন। তিনটিলা বনবিহার উপাসক উপাসিকা পরিষদের সভাপতি সুবল চন্দ্র চাকমা ও সাধারণ সম্পাদক মানিক কুমার চাকমা জানান বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু হয়ে শুক্রবার দুপুর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।