লক্কড়-ঝক্কড় বাস কেড়ে নিচ্ছে প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে লক্কড়-ঝক্কড় বাস দিয়ে চলছে যাত্রীসেবা। ফিটনেসবিহীন এসব বাস প্রায় সময় পড়ছে দুর্ঘটনায়। কাপ্তাই বাস মালিক সমিতির হিসাবে গত এক বছরে ৩১টি বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৩ জন যাত্রী। এসব দুর্ঘটনার বেশির ভাগ ঘটেছে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে।যাত্রীদের অভিযোগ, অন্য রুটের বাতিল বাসগুলো চলে কাপ্তাই সড়কে। সেবার মান খারাপ হওয়ায় যাত্রীরা লোকাল বাসে চড়া কমিয়ে দেয়। এর পরিপ্রেক্ষিতে লোকাল সার্ভিস বন্ধ হয়ে যায় দুই বছর আগে। বর্তমানে কাপ্তাই, চন্দ্রঘোনা, ধামাইরহাট ও পদুয়া রাজারহাট পর্যন্ত বিরতিহীন বাস সার্ভিস চালু রয়েছে। সেবা বলতে বিরতিহীনের নামে বাড়তি ভাড়া আদায়। বাসে বসলে দেখা যায় সিটগুলো নড়বড়ে। জানালাগুলো ভাঙা। চলার পথে জানালাসহ বিভিন্ন অংশ ভেঙে রাস্তায় পড়ে যায়। বর্ষার সময় বাসের চালার ফুটো দিয়ে পানি পড়ে শরীর ভিজে যায়। বৃষ্টির পানি থেকে বাঁচতে ভাঙা জানালা পলিথিনে মুড়িয়ে রাখা হয়। কাপ্তাই বাস যাত্রীকল্যাণ সমিতির সভাপতি আলী আহমদ জানান, কাপ্তাই সড়কে চলাচলরত বাসগুলো অনেক পুরোনো। সড়কে চলাচলের অনুপযোগী। ফলে দুর্ঘটনা ঘটছে প্রায় সময়। গত বছর বড় দুর্ঘটনা ঘটে গত ২৬ অক্টোবর কোরবানির ঈদের আগের দিন। কাপ্তাই থেকে ছেড়ে আসা শাহ আমানত সার্ভিসের বাস (চট্টগ্রাম-জ-১১৭) নিয়ন্ত্রণ হারিয়ে রেশম বাগান এলাকায় সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে শিশুসহ সাতজন যাত্রী প্রাণ হারান। আলী রেজা নামের এক যাত্রী বলেন, আমি প্রতিদিন চট্টগ্রাম শহরের কর্মস্থলে আসা-যাওয়া করি। প্রায় সময় মাঝপথে বিকল হয়ে যায় গাড়ি। এ সময় যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহান। এ ছাড়া বেশি বিপজ্জনক বাসগুলো অনেক সময় চালকদের বদলে হেলপাররা চালায়। ফলে তারা বাসের গতির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। এ ব্যাপারে কাপ্তাই বাস মালিক সমিতির সভাপতি মোরশেদুল আলম কাদেরী বলেন, ‘সড়কে কিছু লক্কড়-ঝক্কড় মার্কা বাস আছে সেটা ঠিক। তবে সেগুলো মেরামত করার জন্য বাস মালিকদের তাগাদা দেওয়া হয়েছে। আশা করি অল্প সময়ের মধ্যে সেটা বাস্তবায়ন সম্ভব হবে।’