লক্ষ্মীছড়ি-বর্মাছড়ি সড়কের নির্মাণকাজ বন্ধ পাঁচ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যতীন্দ্র কারবারিপাড়ায় মরাচেঙে খালের ওপর অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েেছ সেতু। তাই সম্পূর্ণ হয়নি লক্ষ্মীছড়ি–বর্মাছড়ি সড়কটিও l নীরব চৌধুরী
যতীন্দ্র কারবারিপাড়ায় মরাচেঙে খালের ওপর অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েেছ সেতু। তাই সম্পূর্ণ হয়নি লক্ষ্মীছড়ি–বর্মাছড়ি সড়কটিও l নীরব চৌধুরী

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা সদরের সঙ্গে বর্মাছড়ি ইউনিয়নের সরাসরি সড়ক যোগাযোগ নেই। পাঁচ বছর আগে উপজেলা সদর থেকে বর্মাছড়ি পর্যন্ত সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও বর্তমানে তা বন্ধ রয়েছে। সড়ক যোগাযোগ না থাকায় বর্মাছড়ি ইউনিয়ন এক প্রকার বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এ কারণে স্বাস্থ্য, শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে ইউনিয়নটি।
২০০৮-০৯ অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আট কোটি টাকা ব্যয়ে ১২ কিলোমিটার দীর্ঘ লক্ষ্মীছড়ি-বর্মাছড়ি সড়ক নির্মাণের উদ্যোগ নেয়। উপজেলা সদর থেকে যতীন্দ্র কারবারিপাড়া পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক নির্মিত হলেও বাকি অংশের নির্মাণকাজ টাকার অভাবে বন্ধ হয়ে যায়।
সম্প্রতি সরেজিমনে দেখা যায়, লক্ষ্মীছড়ি সদর ইউনিয়নের যতীন্দ্র কারবারিপাড়ায় মরাচেঙে খালের ওপর তিনটি সেতুর নির্মাণকাজ শেষ হয়নি। স্থানীয় বাসিন্দারা জানান, এই তিনটি সেতু নির্মাণ করা হলে সড়ক নির্মাণে আর কোনো বাধা থাকবে না।
লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুপারজ্যোতি চাকমা জানান, উপজেলা সদরের সঙ্গে বর্মাছড়ি ইউনিয়নের সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় ইউনিয়টি নানাভাবে পিছিয়ে আছে।
বর্মাছড়ি ইউনিয়নে যেতে হলে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা হয়ে যেতে হয়। এই সড়কটিও বর্ষার সময় গাড়ি চলাচলে অনুপযোগী হয়ে পড়ে।
উপজেলা সদর থেকে বর্মাছড়ি ইউনিয়নে সরাসরি সড়ক নির্মাণ করা হলে এই এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন সহজ হবে।
লক্ষ্মীছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজেন্দ্র চাকমা জানান, লক্ষ্মীছড়ি থেকে বর্মাছড়ি হয়ে রাঙামাটি জেলার কাউখালী উপজেলা সদর পর্যন্ত ৩০ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ করা হলে এলাকার যোগাযোগব্যবস্থা অনেক উন্নত হবে। তখন রাঙামাটি জেলার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ সহজ হবে। চট্টগ্রাম শহরকে পাশ কাটিয়ে ঢাকা থেকে রাঙামাটি আসা যাবে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ জানান, মূলত পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক বরাদ্দ না থাকার কারণে এই সড়কের নির্মাণকাজ বন্ধ আছে। পর্যাপ্ত বরাদ্দ পাওয়া গেলে নির্মাণকাজ শুরু হবে।