লক্ষ্মীছড়ির দরিদ্র মানুষের পাশে সেনাবাহিনী
সেনাবাহিনীর ১৬ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের উদ্যোগে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার স্থানীয় দরিদ্র মানুষজনের মধ্যে কৃষি উপকরণ, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। ২৫ জানুয়ারি লক্ষ্মীছড়ি সেনা জোন সদরে এ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর গুইমারা ২৪ আর্টিলারি ব্রিগেডের আঞ্চলিক অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুজ্জামান।
অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুজ্জামান স্থানীয় বাসিন্দাদের প্রতি পাহাড়ে শান্তি–সম্প্রীতি রক্ষার আহ্বান জানান। তিনি শান্তি বিনষ্টকারীদের ইন্ধনে সায় না দিতে এলাকাবাসীকে অনুরোধ করেন। তিনি বলেন, ভ্রাতৃত্ববোধ ও বিশ্বাস থাকলে পার্বত্যাঞ্চল স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।
সেনাবাহিনীর উদ্যোগে উপজেলার ৩০ জন চাষির মধ্যে কৃষি উপকরণ ও ছয়টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়। এ ছাড়া দরিদ্র শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি দুস্থ লোকজনকে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ টাকাও দেওয়া হয়।
সাহায্য প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লক্ষ্মীছড়ি ১৬ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল নূরুল আমিন, লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শওকত ওসমান প্রমুখ।