লক্ষ্মীছড়ির বনে মরে যাচ্ছে শতাধিক বয়সী গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের লক্ষ্মীছড়ি সংরক্ষিত বনাঞ্চলের গাছে মড়ক লেগেছে। ছবিটি ১৪ অক্টোবর সংরক্ষিত বনের দৌজরী এলাকা থেকে তোলা  সুপ্রিয় চাকমা
পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের লক্ষ্মীছড়ি সংরক্ষিত বনাঞ্চলের গাছে মড়ক লেগেছে। ছবিটি ১৪ অক্টোবর সংরক্ষিত বনের দৌজরী এলাকা থেকে তোলা সুপ্রিয় চাকমা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের লক্ষ্মীছড়ি সংরক্ষিত বনে বয়সের ভারে শত শত গাছ মরে যাচ্ছে। এসব গাছ দেড় শ থেকে দুই শ বছরের পুরোনো বলে জানা গেছে।
বন বিভাগে সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রামের উত্তর বন বিভাগের লক্ষ্মীছড়ি সংরক্ষিত বনের আয়তন মোট ৬৮ হাজার ৪২ একর। এর মধ্যে বনের প্রায় ২০ হাজার একর জমিতে বসতভিটা ও জুমচাষের জমি রয়েছে। এ এলাকায় বসবাসকারী লোকজন ১৯৮৮ সালের অভ্যন্তরীণ উদ্বাস্তু। বাকি ৪০ হাজার একরের বেশি জায়গায় রয়েছে প্রাকৃতিক বন। শত বছর বয়সী গর্জন, চাপালিশ, চাম্পাসহ নানা ধরনের গাছ রয়েছে এই বনে। বন বিভাগের দাবি, বয়স হয়ে যাওয়ায় এই এলাকার বহু গাছ মরে যাচ্ছে।
বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ১৯৬২ সালে বন বিভাগের সঙ্গে চুক্তির ভিত্তিতে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন (বিএফআইডিসি) সাজেকের বাঘাইহাট এলাকায় গাছ সংগ্রহ করার জন্য একটি স্টেশন স্থাপন করে। বনের গাছ সংগ্রহের জন্য ১৪টি গাড়ি ও ১৫টি হাতিও সংগ্রহ করা হয়। কিন্তু দীর্ঘ ৪২ বছর গাছ আহরণ করলেও লক্ষ্মীছড়ির বনের ওই এলাকার গাছ আহরণ করা হয়নি। ফলে, অব্যাহতভাবে পুরোনো গাছগুলো মরে যাচ্ছে। বন বিভাগের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ২০০৪ সালে বিএফআইডিসির কার্যক্রমও বন্ধ হয়ে যায়।
সম্প্রতি উত্তর বন বিভাগের লক্ষ্মীছড়ি বনের দুলুছড়ি, দোজরী, উগলছড়ি, থলছড়া, ভুলং বাজা, লক্ষ্মীছড়ি, চামুকছড়ি, চাঢাড়া ঢালা, গোলাছড়ি ও কলাবন্যা এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, সবচেয়ে বড় গাছগুলো মরে গেছে। অনেক এলাকায় শত বছরের গাছ মাটিতে পড়ে পচে যাচ্ছে। এ ছাড়া আরও অনেক গাছে মড়ক লেগেছে।
থলছড়া গ্রামে ইন্দু কুমার চাকমা (৬০) প্রথম আলোকে বলেন, প্রতিবছর অনেক গাছ মরতে দেখা যায়। যেসব গাছ মরে যাচ্ছে, সেগুলো আকারে অনেক বড়। এই গাছগুলোর বয়স দেড় শ বছরের কম হবে না। এসব পুরোনো গাছ বাজারজাত করলে সরকারের কোটি টাকা আয় হতো।
স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নতুনজয় চাকমা বলেন, কয়েক বছর ধরে প্রাকৃতিকভাবে জন্মানো পুরোনো গাছগুলো মরতে শুরু করেছে। কোনো কারণ ছাড়া এসব গাছ মরে যাচ্ছে। গাছ না কাটায় এসব মরে যাওয়া গাছ বনের মধ্যে পচেও যাচ্ছে।
পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্তকর্তা মো. এস এম কাউসার বলেন, পার্বত্য চট্টগ্রামের উত্তর বন বিভাগের সংরক্ষিত বনগুলো অনেক পুরোনো। সেখানে দুই শ বছরেরও বেশি বয়সী গাছ রয়েছে। বয়সের ভারেই এখানকার অনেক গাছ মরে যাচ্ছে।