‘স্বপ্ন নিয়ে’ পাতায় এভারেস্ট-যাত্রা এবং এর প্রস্তুতির কাহিনি ধারাবাহিকভাবে লিখছেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম।আমরা অন্নপূর্ণা-৪ পর্বতের বেস ক্যাম্পের কাছাকাছিই রয়েছি—এটুকু বুঝতে পারছি। কিন্তু পর্বতে অনেক দূরের জিনিসও কাছে মনে হয়। আদতে তা কাছে নয়। হয়তো চার-পাঁচ ঘণ্টার পথ। সুতরাং, নিচে নেমে গিয়ে ফের পরের দিন বেস ক্যাম্পের খোঁজ করাটা বেশ ঝক্কির মনে হচ্ছে। কিন্তু এ ছাড়া তো আর কোনো পথও খোলা নেই।প্রয়োজনীয় জিনিসপত্র বের করতে শুরু করেছি, এমন সময় তৌহিদ হোসেন রাজিব বললেন, মুসা ভাই, দেখেন তো, একজন মনে হয় ওপরের দিকে উঠে আসছে। শুনে রোম খাড়া হয়ে গেল। বলেন কী!তাঁর কথায় ঘাড় ফিরিয়ে দেখলাম, দূরে পর্বতের রিজে হোয়াইট আউটের মধ্যে একটা কিছু নড়ছে। পর্বতারোহণে শেরপাদের মধ্যে অনেক রহস্যময় গল্প চালু আছে। বিশেষ করে বিশালকায় তুষারমানব ইয়েতির গল্পকে তো তাঁরা কিংবদন্তির পর্যায়ে নিয়ে গেছেন। হোয়াইট আউটের মধ্যে যা দেখছি, তা এমন কিছু নয় তো? আসলে বিপদে নিজের ওপর আস্থা না থাকলে মানুষ কত কিছুই না ভাবে!কিন্তু, একটু পর অবয়ব স্পষ্ট হয়ে উঠলে দেখলাম, একজন মানুষ আসলেই ওপরের দিকে উঠে আসছেন। এ নিশ্চয়ই পোর্টার সরদার। যাঁর সঙ্গে কিনা সবজে খোলার কাছে একটা জায়গায় দেখা হয়েছিল। কিছুক্ষণ পর নিশ্চিত হলাম, তিনি পোর্টার সরদারই। তিনি আমাদের অবস্থার কথা শুনে হেসেই বাঁচেন না। তাঁর মতে, আমরা যে জায়গায় পথ হারিয়েছি, সেখান থেকে বেস ক্যাম্প মাত্র ২০ মিনিটের পথ। আমরা সেটাই কিনা খুঁজছি প্রায় তিন ঘণ্টা ধরে। অবশ্য এ মুহূর্তে ২০ মিনিটের পথ হলেও পাঁচ মিনিট পর্বতে আরোহণ করতে পারব কি না সন্দেহ আছে। আমাদের অবস্থা বুঝে তিনি বেস ক্যাম্পে গিয়ে একজন কিচেন বয়কে পাঠিয়ে দিলেন হাতে হট লেমন জুস ও বিস্কুট দিয়ে।জুস আর বিস্কুট খেয়ে শরীরে কিছুটা শক্তি সঞ্চয় করে ফের সামনে এগোনোর পালা। আধঘণ্টার মধ্যেই একটা রক ফেস আরোহণ করে বেস ক্যাম্পে (উচ্চতা ১৫ হাজার ৯১ ফুট) পৌঁছাতেই সোম বাহাদুর, গনেশ মাগার ও কৈলাস তামাং হই হই করে উঠলেন। রাজিব, সারিন প্রকাশ প্রধান এবং আমি—সবাইকে তাঁরা আলিঙ্গন করে বরণ করে নিলেন। আমরা সবাই যেন একটা জয়ের উৎসবে মাতলাম। তখন সন্ধ্যা প্রায় সাতটা বাজে।ডাইনিং তাঁবুতে বসে শুনছিলাম শেরপাদের অগ্রগতি। তাঁরা সবাই সুস্থ এবং ইতিমধ্যেই ক্যাম্প-টু স্থাপন করে ফেলেছেন। তবে ক্যাম্প-ওয়ান থেকে ক্যাম্প-টুর পথ বেশ বেকায়দা রকমের খাড়া। শেরপাদের ভাষায় ‘জানকা খাতরা’। তাঁদের অভয় দিয়ে বললাম, আপনারা যদি অন্নপূর্ণা-৪ পর্বতের ক্যাম্প-টু পর্যন্ত যেতে পারেন, তাহলে সেটা আমরাও পারব। হয়তো আমাদের জন্য সময় একটু বেশি লাগবে। লাগুক। তাতে কোনো সমস্যা নেই। আগামী দিনের পরিকল্পনা জেনে রাতের খাবার খেয়ে ঘুমোতে চলে গেলাম।পরদিন সকালে ঘুম থেকে উঠলাম বেশ ঝরঝরে হয়ে। কিন্তু রাজিবের মাথাব্যথা শুরু হয়েছে। কারণ হিসেবে জানা গেল, রাতে বেশ একটা সময় ধরে তাঁর মাথা তাঁবুর সঙ্গে লেগে ছিল। ঠান্ডায় এখন মাথাব্যথা শুরু হয়েছে। তাঁকে গরম পানি আর চা খাওয়ার পরামর্শ দিলেন সোম বাহাদুর ও সারিন। বেশি সমস্যা হলে ওষুধ খাওয়ার কথা বলা হলো। এ দিন যেহেতু বিশ্রাম, সুতরাং রাজিব সুস্থ হয়ে ওঠার সময় ও সুযোগ পাবেন। হলোও তাই। বেলা ১০টা নাগাদ তিনি জানালেন, মাথাব্যথা সেরে গেছে। আমরা দুপুরের পর ক্যাম্প-ওয়ানের পথে ডায়নামিক মোরেনের ওপর কিছুটা হেঁটে এলাম।শেরপাদের মধ্যে কৈলাস তামাং ছিলেন দুবার এভারেস্ট জয়ের অভিজ্ঞতাসম্পন্ন। আর সোম বাহাদুর পর্বতারোহণ গাইড পেশায় রয়েছেন ২৫ বছর ধরে। গনেশ মাগারও ঝানু গাইড। সুতরাং তাঁদের ওপর নিশ্চিন্তে ভরসা করা চলে। আগামী দিন (১০ জুন) আমরা যাব ক্যাম্প-ওয়ান (উচ্চতা ১৭ হাজার ৭১৬ ফুট)। বিকেল বেলা ডাইনিং তাঁবুতে বসে সবার শারীরিক অবস্থা পরীক্ষা করা হলো। সবাই সুস্থ। সবার মনোবল চাঙা রাখতে বললাম—দেখেন, আমরা যত প্রতিকূলতা পার হয়ে অন্নপূর্ণা ফোর পর্বতে অভিযানে এসেছি, এভাবে মনে হয় কেউই অভিযানে নামেন না। সুতরাং, আমাদের সবাইকে এমনভাবে এগোতে হবে, যেন সবাই একই হাতের পাঁচ আঙুল। আঙুলগুলো যেমন হাতের মধ্যে প্রোথিত, আমরাও এই অভিযানে সেভাবে ঢুকে আছি। আর এটা যেহেতু নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশের (এনএসিবি) এভারেস্ট অভিযানের পথে একটা গুরুত্বপূর্ণ ধাপ; সুতরাং সবাইকে সর্বোচ্চটুকু ঢেলে দিয়ে এ অভিযান সফল করতে হবে।১০ জুন সকাল আটটায় বেস ক্যাম্পে কুক, পোর্টার সরদারদের কাছ থেকে বিদায় নিয়ে তিনজন শেরপা আর তিনজন আরোহী চললাম ক্যাম্প-ওয়ানের দিকে। সাড়ে তিন ঘণ্টায় সবাই পৌঁছে সেখানে তাঁবু খাটালাম। এরপর ব্যাগপ্যাক রেখে আইসবুট ও ক্র্যাম্পন পরে হারনেস, জুমার, ক্যারাবিনা লাগিয়ে ক্যাম্প-টুর দিকে ‘গো হাই, স্লিপ লো’—এই নিয়ম অনুসরণ করার জন্য এগিয়ে গেলাম। শুরুর দিকে কিছুটা রক ক্লাইম্বিং। কিন্তু পরের দিকে পুরোটাই বরফে আরোহণের বিষয়। সবাই প্রয়োজনীয় ছবি তুলছিলাম। কিন্তু আমার কাছে মাত্র এক জোড়া অতিরিক্ত ব্যাটারি রয়েছে। সুতরাং, ব্যাটারির আয়ু ধরে রাখার ব্যাপারে বেশ যত্নবান হতে হলো।ক্যাম্প-ওয়ান থেকে ক্যাম্প-টুর (উচ্চতা ২১ হাজার ৮১৭ ফুট) দিকে আমরা প্রায় এক হাজার ফুট উচ্চতা আরোহণ করে আবার নামতে শুরু করলাম। এই এক হাজার ফুট আরোহণ করতে গিয়ে সবার ঘাম ঝরল। কিন্তু আমরা লক্ষ্য অর্জনে ছিলাম একাট্টা।