লক্ষ্য এখন ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে ২৯ অক্টোবর থেকে। শুরুতেই খ ইউনিটের পরীক্ষা। এরপর পর্যায়ক্রমে প্রতি সপ্তাহেই চলবে ক, গ, ঘ এবং চ ইউনিটের পরীক্ষা।স্বপ্ন নিয়ের আহ্বানে ২৩ অক্টোবর প্রথম আলো কার্যালয়ে এসেছিলেন ২০০৯ সালের ভর্তি পরীক্ষায় পাঁচ ইউনিটে প্রথম স্থান অধিকারী পাঁচ মেধাবী। সে বৈঠকে তাঁরা এবারের ভর্তি পরীক্ষার্থীদের জন্য দিয়েছেন মূল্যবান কিছু পরামর্শ।খ ইউনিট২৯ অক্টোবর খ ইউনিটের ভর্তি পরীক্ষা। এ লেখা যখন তোমাদের হাতে পৌঁছাবে তখন পরীক্ষার মাত্র দুই দিন বাকি। এ সময় মাথা ঠান্ডা রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। জানা বিষয়গুলোই বারবার দেখতে হবে। নতুন কিছু মুখস্থ করার চেষ্টা না করাই ভালো।খ ইউনিটে বাংলা ও ইংরেজির সঙ্গে সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন থাকে। সাম্প্রতিক ঘটনাগুলো থেকে অনেক প্রশ্ন আসতে পারে। তাই সাম্প্রতিক ঘটে যাওয়া বিষয়গুলোর সাল-তারিখ-নাম আবার দেখে নাও, মনে রাখতে চেষ্টা করো।আমার পরীক্ষার আগে, আমি সব বিষয়ের কিছু নোট করে নিয়েছিলাম। নিশ্চয়ই তোমরাও ইতিমধ্যে ছোটখাটো তথ্যসমৃদ্ধ নোট করে ফেলেছ। এর মধ্যে যেটা তুমি ভুলে যাও, সেগুলোতে এখন চোখ বুলিয়ে নিতে পারো।এ সময়ে ইংরেজিতে একটু সময় দিতে পারো। ইংরেজির যে বিষয়গুলো তোমার কাছে কঠিন মনে হয়, সেগুলো আর একবার করে দেখে নাও। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এখন আর সবকিছু রিভিশন দেওয়ার কোনো প্রয়োজন নেই।পরীক্ষার আগের দিন তোমার আসন কোথায়, দেখে নিশ্চিত হওয়া ভালো। তা না হলে পরীক্ষার দিন সময় নষ্ট হতে পারে, যা তোমার পরীক্ষায় বিরূপ প্রভাব ফেরতে পারে। অনেক পরীক্ষার্থীই ঢাকার বাইরে থেকে আসে, তাদের জন্য আগের দিন পরীক্ষার হল খুঁজে রাখা খুবই জরুরি। নিজে না গিয়ে পরিবারের কাউকে পাঠিয়ে পরীক্ষার আসন ও স্থান জেনে আসা দরকার।আমি পরীক্ষার আগের রাতে সাড়ে ১০টার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। অবশ্য কে কতটা জাগবে তা তার নিজের ওপর নির্ভর করে। কিন্তু তারপরও বলব, পরীক্ষার আগের রাতে বেশি জাগা উচিত নয়। ঘুমোতে যাওয়ার আগে পরীক্ষার জন্য যা যা দরকারি, সব একটা স্থানে গুছিয়ে রাখা ভালো। এতে করে সকালে তড়িঘড়ি করে প্রবেশপত্র বা কলম নিতে ভুলে যাওয়ার আশঙ্কা থাকবে না। ঢাকার যানজট হিসাব করে একটু আগে বের হওয়া উচিত। অন্তত আধাঘণ্টা আগে হলে পৌঁছাও। পরীক্ষার হলে কারও সঙ্গে আলাপ করার দরকার নেই। মনে রাখবে, তুমি এরই মধ্যে যা পড়েছো, সেটাই সঠিক। সেটাই বিশ্বাস করো। পরীক্ষা শুরুর আগে অন্য কারও কথায় বিভ্রান্ত হবে না। উত্তরপত্রে সেট কোড লিখবে প্রশ্ন হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে। ঘণ্টা পড়ার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু সময় কমতে থাকবে। তাই আগে তোমার যে বিষয় সহজ মনে হয়, সেটার উত্তর করো। সাবধানে বৃত্ত ভরাট করবে।আমি প্রথমে সাধারণ জ্ঞান, তারপর বাংলা এবং শেষে ইংরেজির উত্তর দিয়েছিলাম। তবে যে কেউ অন্যভাবেও তা পূরণ করতে পারে। তবে আমার অনুরোধ থাকবে, ইংরেজির অনুচ্ছেদটা শেষে উত্তর করার জন্য। প্রতি চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যায়, তাই না জেনে কেউ আন্দাজে উত্তর দিয়ো না। এতে লাভের চেয়ে বেশি ক্ষতি হতে পারে। গভীর মনোযোগ দিয়ে উত্তর দিয়ে যাও। দেখবে নির্দিষ্ট সময়ের আগে তুমি ভালোভাবে উত্তর শেষ করেছ।এই একটি পরীক্ষায় ভালো করতে পারলেই তুমি চলে আসবে তোমার স্বপ্নের ঠিকানা—ঢাকা বিশ্ববিদ্যালয়ে।ক ইউনিটতোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে বিজ্ঞানে পড়তে চাও, তাদের মনে রাখতে হবে এখানে গাণিতিক সমস্যা বেশি আসে। বিশেষ করে গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে। আর রসায়নের ক্ষেত্রে বই একটু বেশি করে পড়তে হবে।কেননা এখানে যে প্রশ্নগুলো আসে, তা তোমাকে বিভ্রান্ত করতে পারে। ঐচ্ছিক হিসেবে জীববিজ্ঞান বা ইংরেজি একটা উত্তর করতে হয়। এ দুটি থেকে যেটাতে তোমার আস্থা বেশি, সেটার উত্তর করবে। আমি অবশ্য জীববিজ্ঞান বেছে নিয়েছিলাম। পরীক্ষার যেহেতু হাতে গোনা কয়েক দিন বাকি, সুতরাং আমি বলব আগে যা পড়েছ, বিশেষ করে সূত্র সংশ্লিষ্ট বিষয়গুলোর ওপরই এ সময়ে জোর দাও। আর রসায়নের ক্ষেত্রে বিক্রিয়াবিষয়ক অনেক প্রশ্ন থাকে, সেগুলোর বারবার দেখে নাও।যারা জীববিজ্ঞানের উত্তর করতে চাও, তাদের বলব বিগত বছরের প্রশ্নগুলো দেখে যেতে পারো, এতে অনেক সময় কমন দু-একটা এসে যেতে পারে। না এলেও ধারণাগুলো কাজে দেবে। তবে যেগুলো একেবারেই পড়া হয়নি তা আর এখন পড়তে যেয়ো না।পরীক্ষার আগের রাতে কোনোভাবেই বেশি চাপ নেওয়ার দরকার নেই। ভালো পরীক্ষার জন্য আগের রাতের ভালো ঘুম খুব জরুরি।এটা যেহেতু এমসিকিউ পরীক্ষা, তাই ঠিকভাবে বৃত্ত ভরাট করা খুবই জরুরি। প্রশ্ন পেলে উল্টিয়ে দেখে নেন সব পাতা ঠিক আছে কি না।দ্রুত উত্তর শুরু করে দাও। যেটার প্রস্তুতি সবচেয়ে ভালো, সে বিষয়ে আগে উত্তর দেওয়া ভালো। তোমার জানার বাইরে কিছু প্রশ্ন হতেই পারে। এতে ঘাবড়ে না গিয়ে সেগুলো বাদ দিয়ে অন্য প্রশ্নে চলে যাও। না বুঝে কোনোভাবেই ভুল উত্তর দিয়ো না। টেনশন ঝেড়ে ফেলো, শেষ সপ্তাহটা কাজে লাগাও, জয় তোমরাই হবে।গ ইউনিট সবার মতো আমারও একই কথা, এখন নতুন আর কোনো বিষয় পড়তে যেয়ো না। যেহেতু প্রায় এক মাসখানেক সময় আছে, তাই আগের পড়াগুলো নতুন করে দেখার বেশ সময় পাচ্ছো।আমার পরামর্শ হচ্ছে, এ সময়ে ইংরেজিতে একটু বেশি মনোযোগ দেওয়া ভালো। ইংরেজি গ্রামার থেকে ১৫টির মতো প্রশ্ন থাকে এবং অনেক সময় তা একটু কঠিন হয়। তাই ইংরেজির প্রতি বেশি গুরুত্ব দেওয়া দরকার।পরীক্ষা হবে ইংরেজি, বাংলা, অ্যাকাউন্টিং আর ব্যবসায় নীতি ও প্রয়োগ থেকে। প্রতি বিষয়ে ২৫টি করে প্রশ্ন এবং প্রতি প্রশ্নের মান ১.২। তবে ভুল পাঁচটি উত্তরের জন্য একটি সঠিক উত্তরের নম্বর কাটা যায়।এ সময়ে ইংরেজি ছাড়াও অ্যাকাউন্টিংয়ের অঙ্কগুলো বেশি বেশি চর্চা করো। বাসায় বসে গ ইউনিটের বিগত বছরের প্রশ্নগুলোর সমাধান করো। সপ্তাহে অন্তত পাঁচ দিন এভাবে নিজের মেধাকে ঝালাই করো, প্রতিটির জন্য এক ঘণ্টা সময় নিয়ে। এতে তোমার যেসব দুর্বলতা আছে, তা কাটিয়ে উঠতে পারবে। অন্যকে অনুসরণ না করে নিজের ভালো লাগার বিষয় বারবার চর্চা করো।পড়ার বাইরের একটা কথা বলা দরকার। এই এক মাস শরীরের প্রতি যত্ন নাও। পরীক্ষার আগে গোসল বা খাওয়া ভুলে গেলে অসুস্থ হয়ে পড়তে পারো। আমার মতে, বেশি রাত জেগে না পড়াই ভালো। সকালের আবহাওয়ায় কঠিন বিষয়গুলো রপ্ত করা সহজ হয়। তাই রাত না জেগে দিনে পড়ো।এ সময়ে বাংলার জন্য মাধ্যমিকের দ্বিতীয় পত্র এবং উচ্চমাধ্যমিকের প্রথম পত্রটা পুনরায় পড়তে পারো। পরীক্ষার দিনে অন্তত ৪০ মিনিট আগে হলে উপস্থিত হওয়া ভালো। এতে পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া সহজ হয়। উত্তরপত্রে সঠিকভাবে প্রয়োজনীয় তথ্যের ঘর পূরণ করতে হবে। প্রশ্নের কোড নম্বর মিলিয়ে লিখতে হবে। এতে ভুল হলে যত ভালো পরীক্ষা হোক লাভ নেই।উত্তর করার ক্ষেত্রে যেটা ভালো পারো, সেটা আগে বেছে নাও। তবে গ ইউনিটের জন্য আমি বলব, ইংরেজি যতই ভালো পারো, ওটা শেষে উত্তর করাই বুদ্ধিমানের কাজ। উত্তর দেওয়ার সময় সময়জ্ঞান খুব জরুরি বিষয়। আরেকটা কথা, পরীক্ষা হলে এক ঘণ্টার জন্য স্বার্থপর হতে হবে। নিজেকে ছাড়া কারও কথা ভাবা যাবে না। মনোযোগসহকারে উত্তর করো। আশা করি, তুমি ভালো করবে। তোমার জন্যই অপেক্ষায় আছে ঢাকা বিশ্ববিদ্যালয়।ঘ ইউনিটঘ ইউনিট হলো বিভাগ পরিবর্তনের ইউনিট। বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগের সবার জন্য এটি উন্মুক্ত। সবচেয়ে বেশি শিক্ষার্থী পরীক্ষা দেয় এই ইউনিটে। ঘ ইউনিট থেকে বিজ্ঞানের শিক্ষার্থীরা চাইলে বাণিজ্য বা কলা বিভাগে যেতে পারবে। বাণিজ্য থেকে কলায় কিংবা কলা থেকেও বাণিজ্যে যেতে পারবে। বিজ্ঞান, কলা বা বাণিজ্য—পরীক্ষাপদ্ধতি কিন্তু সব শিক্ষার্থীর জন্য একই।ঘ ইউনিটে ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানবিষয়ক প্রশ্ন থাকে। তোমরা যারা ঘ ইউনিটে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছো, তাদের জন্য বলব, বাংলা ও ইংরেজি গ্রামারটা ভালো করে বোঝার চেষ্টা করো। অকারণে মুখস্থ করতে যেয়ো না।বাংলা প্রথম পত্রের গল্প ও কবিতা থেকে প্রশ্ন হয়। ইংরেজির বিপরীত শব্দ, প্রতিশব্দ ইত্যাদি মনে রাখবে—এ ধরনের প্রশ্ন বিগত বছরগুলোয় এসেছে। সত্যি বলতে কি ঘ ইউনিটে সাধারণ জ্ঞান অংশটা ভালো করলে সুযোগ পাওয়াটা সহজ হয়। এ জন্য নিয়মিত সংবাদপত্র পড়া আর টিভির খবর দেখার বিকল্প নেই।পত্রিকা পড়তে গিয়ে নতুন কোনো তথ্য পেলে তা অবশ্যই নোট রাখবে। তাহলে পরীক্ষার আগের দুই দিন ওখানে চোখ বোলাতে পারবে।ঘ ইউনিটে ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখানে প্রতি প্রশ্নের মান ১.২৫। বাংলা ও ইংরেজি থেকে ২৫টি করে এবং সাধারণ জ্ঞান থেকে ৫০টি প্রশ্ন থাকে। সাধারণ জ্ঞানের মধ্যে আবার বাংলাদেশবিষয়ক ২৫টি ও আন্তর্জাতিক ঘটনা থেকে ২৫টি প্রশ্ন থাকে। সাধারণ জ্ঞানে ভালো করতে মানচিত্রটা মনে গেঁথে নিতে পারো। খেলাধুলা, আবিষ্কার, রাজনীতি, স্থাপনা, পুরস্কার, সাম্প্রতিক আলোচিত ঘটনা ইত্যাদি সম্বন্ধে ভালো ধারণা রাখতে হবে। বিভিন্ন সাল-তারিখ মনে রাখতে হবে।পত্রিকা পড়া ছাড়াও সাধারণ জ্ঞানের বই পড়তে হবে। বিসিএস গাইড বই থেকে সাধারণ জ্ঞানের অধ্যায়গুলো ভালো করে পড়তে পারো। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যেকোনো প্রশ্ন আসতে পারে। তাই তোমার তথ্যভান্ডার যত সমৃদ্ধ হবে, তোমার জন্য উত্তর করা তত সহজ হবে।পরীক্ষার দু-তিন দিন আগে বাইরে না যাওয়া ভালো। আমার যত দূর মনে পড়ছে, আমি আগে বাংলা, তারপর সাধারণ জ্ঞান, শেষে ইংরেজি উত্তর করেছিলাম। তবে তুমি তোমার ইচ্ছামতো উত্তর করতে পারো। তবে ইংরেজিটা শেষে দেখাই ভালো।প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে তা একবার দেখে নিতে পারো। এ ক্ষেত্রে যেগুলো প্রথম দেখাতেই পারবে মনে করছ, তা প্রশ্নে দাগ দিয়ে নিতে পারো। উত্তর দেওয়ার সময় অন্যের সঙ্গে কোনো আলোচনা নয়, বিভ্রান্ত হওয়ার তোমার পরীক্ষা বাতিল হওয়ার আশঙ্কা থাকে। কোনোভাবেই ভুলউত্তর করা যাবে না। মনে রেখো, প্রতিটি ভুলের জন্য শূন্য দশমিক ৩০ নম্বর কাটা যায়। উত্তরপত্রে বৃত্ত ভরাট করার সময় অবশ্যই প্রশ্নের নম্বর ও উত্তরের নম্বর দেখে নিতে হবে। অনেক সময় একটি ঘর ভুলের কারণে পরবর্তী সব উত্তর এক ঘর পিছিয়ে যায়। ফলে সব উত্তর ভুল হয়ে যেতে পারে। তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে।ভর্তি পরীক্ষার এক ঘণ্টা তোমার পরবর্তী শিক্ষাজীবন কেমন হবে তা নির্ভর করে। ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে আমি এক কথায় বলব, নিজের প্রতি আস্থা রাখো। আত্মবিশ্বাসই তোমাকে অনেক এগিয়ে দেবে। চ ইউনিট চ ইউনিট হচ্ছে চারুকলার জন্য। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পরীক্ষা দেবে নিশ্চয়ই প্রস্তুতি বেশ আটঘাট বেঁধে শুরু করেছ? এখনো তোমাদের সামনে এক মাসের মতো সময় আছে। তাই এ সময় প্রতিদিন নিয়ম করে আঁকার চর্চাটা রাখা দরকার। একদিন যদি আঁকা বাদ রাখো, তাহলে কিন্তু হাত ভারী হয়ে যাবে। তাই এ বিষয়টা খেয়াল রাখা খুব জরুরি।চ ইউনিটে পরীক্ষা দিতে হয় ২০০ নম্বরের। এর মধ্যে ১০০ নম্বর অঙ্কন আর ১০০ লিখিত। এখানে অঙ্কন পরীক্ষা আসলে ব্যবহারিক পরীক্ষা। এর জন্য সময় বরাদ্দ থাকে দেড় ঘণ্টা। ফিগার ড্রয়িংটা বেশি আসে। এ ক্ষেত্রে গ্রামার ঠিক থাকা চাই এবং বিন্যাসটা ঠিকমতো করতে হবে। ফিগার ড্রয়িংয়ে অঙ্গ-প্রত্যঙ্গের প্রতি খেয়াল রাখবে। কারণ, এতে আলাদা নম্বর থাকে। অনেকে দেখা যায়, মুখটাকে বেশি ফুটিয়ে তুলতে গিয়ে সময় নষ্ট করে, এর কোনো দরকার নেই। ফিগার ড্রয়িংয়ে যেন অনুপাতটা ঠিক থাকে, সেদিকে বেশি যত্ন নিতে হবে। চেহারা ভালো দেখানো কিন্তু এ পরীক্ষায় বেশি গুরুত্বপূর্ণ নয়।প্রশ্নপত্রটা খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, দেখতে হবে, সেখানে কী চাওয়া হয়েছে। লাইনের মাধ্যমে ড্রয়িং করতে হবে। এটা যেন টোন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। লাইনের ভেতরই আলো-ছায়া টানতে হবে। যদি স্টিল লাইফ আঁকো, তাহলে কাছে-দূরের ব্যাপারটা খেয়াল রাখতে হবে।তবে সবচেয়ে জরুরি হচ্ছে, প্রতিদিন চর্চার মাধ্যমে নির্ধারিত সময়ে কাজ শেষ করার অভ্যাস গড়ে তোলা। অসম্পূর্ণ অঙ্কন যত ভালোই হোক, তা থেকে বেশি নম্বর পাওয়া যাবে না। যারা হিস্ট্রি অব আর্টে পড়তে চাও, তাদের লিখিত পরীক্ষায় ভালো করা জরুরি।চ ইউনিটে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও হিস্ট্রি অব আর্ট বিষয়ে পরীক্ষা দিতে হয়। বিশ্ব বিখ্যাত শিল্পীদের নাম, তাঁদের বিখ্যাত সব কাজের পেছনের গল্প, জন্ম-মৃত্যু তারিখ পরীক্ষায় আসে। একই বিষয় থেকে টীকা আসতে পারে, আবার টিক চিহ্নও আসতে পারে।মনে রাখতে হবে, সবচেয়ে বেশি প্রশ্ন আসে হিস্ট্রি অব আর্ট থেকে। তাই বেশি করে এ বিষয়ে পড়তে হবে। কারণ, আমরা তো কেউই এইচএসসিতে শিল্পকলার ইতিহাস পড়ার সুযোগ পাই না।লিখিত পরীক্ষায় এক ঘণ্টায় ১০০ নম্বরের উত্তর করতে হয়। তুমি যেটা ভালো পারবে, তা আগে লিখে ফেল। সাধারণ জ্ঞানে সাম্প্রতিক বিষয়, দেশের বিভিন্ন আর্ট গ্যালারি, প্রদর্শনী, রেনেসাঁ যুগের কথা ইত্যাদি সব জানা থাকা জরুরি।বাংলা বিষয়ে মূল বই ও লোকশিল্পের ওপর প্রশ্ন হয়। ইংরেজিতে গ্রামার থেকে প্রশ্ন হয়; আবার সৃজনশীল বিষয়েও প্রশ্ন হয়ে থাকে।অল্প সময়ে যেহেতু অনেক প্রশ্নের উত্তর দিতে হয়, তাই সময় জ্ঞানটা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার হলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করো, তাহলে নিশ্চয় তোমাকেও পাব আমাদের চারুকলার ক্যাম্পাসে।