লক্ষ্য এবার এভারেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের হিমাচল প্রদেশের ২০ হাজার ৭৪ ফুট উচ্চতার মাউন্ট ইয়ানাম পর্বতে ওঠার পথে চট্টগ্রামের পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের অভিযাত্রীরা। ২ জুলাই সকাল ১০টা ২৫ মিনিটে চূড়ায় পৌঁছান তাঁরা l ছবি : সংগৃহীত
ভারতের হিমাচল প্রদেশের ২০ হাজার ৭৪ ফুট উচ্চতার মাউন্ট ইয়ানাম পর্বতে ওঠার পথে চট্টগ্রামের পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের অভিযাত্রীরা। ২ জুলাই সকাল ১০টা ২৫ মিনিটে চূড়ায় পৌঁছান তাঁরা l ছবি : সংগৃহীত

চট্টগ্রামের তিন তরুণ এবার জয় করে এলেন ভারতের হিমাচল প্রদেশের মাউন্ট ইয়ানাম নামের একটি পর্বত। সমুদ্রপৃষ্ঠ থেকে পর্বতটির উচ্চতা ২০ হাজার ৭৪ ফুট (৬ হাজার ১১৮ মিটার)। এটুকু পড়েই হয়তো অনেকে ভাবতে শুরু করেছেন, এ আর এমন কী! বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়াতেই (২৯ হাজার ৩৫ ফুট) তো কয়েক বছর আগে বাংলাদেশের বিজয় পতাকা উড়েছে! আসলে এই তিন তরুণের নাম আলাদা করে বলতে হচ্ছে, কারণ তাঁরা মাউন্ট ইয়ানাম জয় করেছেন ‘আলপাইন স্টাইল’ পদ্ধতিতে।
পর্বতারোহণের তুলনামূলক কঠিন পদ্ধতি এটি। শেরপা ছাড়া পর্বতে পথ চিনে চলা, নিজের মালামাল নিজে বহন করার এই পদ্ধতিকে ‘আলপাইন স্টাইল’ বলা হয়। সাধারণত পর্বতে অভিযান চালানোর জন্য অভিযাত্রীরা ক্লাইম্বিং শেরপা (পর্বতে পথ দেখানোর জন্য) ও পোর্টার শেরপার (ভারী মালামাল বহনের জন্য) সাহায্য নিয়ে থাকেন। এঁরা শুরু থেকে শেষ পর্যন্ত অভিযানে সাহায্য করেন। কিন্তু আলপাইন স্টাইলে অভিযাত্রী একাই সব কাজ করে থাকেন।
এই পদ্ধতিতে সফল অভিযান করা তরুণেরা চট্টগ্রামের পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের সদস্য। আলপাইন স্টাইলে পর্বতারোহণের অভিজ্ঞতা বিনিময়ের জন্য ২৩ জুলাই চট্টগ্রামে একটি সংবাদ সম্মেলন করেছিল ক্লাবটি। এরপর ২৫ জুলাই অভিযাত্রী দলের তিন সদস্য দেবাশীষ বল, বাবর আলী ও শিহাব উদ্দিনের সঙ্গে আড্ডা হলো প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে। জানা গেল, কেন তাঁরা বেছে নিলেন পর্বতারোহণের কঠিন এই পদ্ধতিটি। পেশায় শিক্ষক দেবাশীষ বললেন, ‘এই পদ্ধতি বেছে নেওয়ার মূল কারণ দুটি। একটি হচ্ছে, পর্বত আরোহণে নতুন কিছু করা, আর দ্বিতীয়টি হচ্ছে অর্থের স্বল্পতা। শেরপা সঙ্গে নিলে খরচ অনেক বেশি। কোনো স্পনসর না পাওয়ায় প্রত্যেককে নিজের পকেট থেকেই টাকা খরচ করতে হচ্ছে।’

মাউন্ট ইয়ানাম পর্বতের চূড়ায় তিন অভিযাত্রী দেবাশীষ বল, বাবর আলী ও শিহাব উদ্দিন l ছবি : সংগৃহীত
মাউন্ট ইয়ানাম পর্বতের চূড়ায় তিন অভিযাত্রী দেবাশীষ বল, বাবর আলী ও শিহাব উদ্দিন l ছবি : সংগৃহীত

আলপাইন স্টাইলে পর্বত জয় করবেন, এমন পরিকল্পনা নেওয়ার পর প্রস্তুতি নিতে শুরু করেন ভার্টিক্যাল ড্রিমার্সের চার সদস্য। এই তিনজনের সঙ্গে ছিলেন রাশিক হাফিজ নামের আরেক তরুণও। মাস দেড়েক ধরে অন্যান্য প্রস্তুতির সঙ্গে চলেছে তাঁদের শারীরিক ফিটনেস বাড়ানোর কসরতও। প্রত্যেকেই পেশায় চাকরিজীবী। তাই চাকরি শেষে সন্ধ্যার পর আর ছুটির দিনেই অনুশীলন করতে হয়েছে।
প্রস্তুতি শেষে ২৩ জুন বাংলাদেশ থেকে রওনা হন ভার্টিক্যাল ড্রিমার্সের চার সদস্য। ভারতে পৌঁছানোর পর ২৮ জুন থেকে শুরু হয় তাঁদের পর্বত অভিযান। ইয়ানাম পর্বতের ১৭ হাজার ফুট উচ্চতায় বেস ক্যাম্প বসান অভিযাত্রীরা। কিন্তু সেখানেই অসুস্থ হয়ে পড়েন রাশিক হাফিজ। তাঁর পক্ষে আর এগোনো সম্ভব হয়নি। অগত্যা রাশিককে রেখেই চূড়ার দিকে এগোতে শুরু করেন বাকি তিন অভিযাত্রী। ২ জুলাই সকাল ১০টা ২৫ মিনিটে চূড়ায় পৌঁছান তাঁরা।
অভিযানের পাঁচ দিনের অভিজ্ঞতা বলতে গিয়ে তিনজনেই জানালেন, আলপাইন স্টাইলের কারণে প্রত্যেককেই ২২-২৩ কেজি ওজনের নিজের মালামাল বহন করতে হয়েছে। তাঁবু খাটাতে হয়েছে, খাবারও তৈরি করতে হয়েছে নিজেদের। টুকটাক বিপদের মুখেও পড়তে হয়েছে।
পেশায় ব্যাংকার শিহাব হেসে বলেন, ‘অভিযান শুরুর আগে ভেবেছিলাম, এবার অনেক ছবি তুলব। কিন্তু অভিযান শুরুর পর নিজের মালামাল বয়ে নিতেই এত ক্লান্ত হয়ে পড়তাম, ছবি তোলার শক্তিটুকুও থাকত না। একবার তো হিমবাহ গলা পানির স্রোতে খানিকটা ভেসেও গিয়েছিলাম। বাকিরা আমাকে উদ্ধার করেন।’
‘ঠান্ডায় প্রায় জমে যাওয়া শিহাব ভাইকে সেদিন স্বাভাবিক করতে আমাদের কয়েক ঘণ্টা লেগে যায়।’ যোগ করেন তরুণ চিকিৎসক বাবর আলী। কিন্তু চূড়ায় ওঠার পর সব সাফল্যের আনন্দে সব কষ্ট আর ক্লান্তিই দূর হয়ে যায় অভিযাত্রীদের।
অভিযাত্রী দেবাশীষ বল বলেন, ‘আলপাইন স্টাইলে বাংলাদেশ থেকে ২০ হাজার ফুট উচ্চতার পর্বত আরোহণ এটাই প্রথম। এ ধরনের আরও অনেক অভিযানে যেতে চাই।’
সব পর্বতারোহীর মতো ভার্টিক্যাল ড্রিমার্সের সদস্যদেরও স্বপ্ন মাউন্ট এভারেস্ট জয় করা। কিন্তু মাউন্ট এভারেস্টে আরোহণের অন্যতম শর্তের একটি হচ্ছে, অভিযাত্রীদের সাত হাজার ফুট উচ্চতার পর্বত আরোহণের অভিজ্ঞতা থাকতে হবে। সঙ্গে গুনতে হবে মোটা অঙ্কের ফি। তাই এই ক্লাবের সদস্যদের পরবর্তী লক্ষ্য সাত হাজার মিটার উচ্চতার পর্বত জয়। দেবাশীষ বলেন, ২০১৮ সালের মধ্যেই এভারেস্টে যাওয়ার সক্ষমতা অর্জন করতে পারব নিশ্চিত। কিন্তু এর জন্য পৃষ্ঠপোষক প্রয়োজন।’
বিশ্বের বিভিন্ন পর্বত জয়ের স্বপ্ন নিয়ে ২০১৪ সালের ৩০ মে সংগঠনটি যাত্রা শুরু করেছে। দেশের বিভিন্ন পাহাড়ে ট্র্যাকিং করা ছাড়াও গত দুই বছরে সংগঠনের সদস্যরা বিদেশে পাঁচটি পর্বতে অভিযান ও দুটি সফল ট্র্যাকিং অভিযান করেছেন।