সাঁতারের বিস্ময় মাইকেল ফেল্প্স ১৮টি স্বর্ণপদকসহ ২২টি অলিম্পিক পদক জয় করে সর্বকালের রেকর্ড গড়েছেন। এথেন্স অলিম্পিকে ছয়টি, বেইজিং অলিম্পিকে আটটি, আর এবারের লন্ডন অলিম্পিকে জিতেছেন চারটি স্বর্ণপদক। মাইকেল ফ্রেড ফেল্পেসর জন্ম ১৯৮৫ সালের ৩০ জুন যুক্তরাষ্ট্রে।ছোটবেলা থেকে কোনো কিছুকে জীবনের লক্ষ্য হিসেবে মনেপ্রাণে ধারণ করলে তা একদিন বাস্তব হবেই। আমার বড় দুই বোনের কারণে অনেক ছোটবেলায় আমি লক্ষ্য নির্ধারণ করি। আমার মা আমাদের পুলে ফেলে দিতেন। সেটা সাঁতারু হওয়ার জন্য ছিল না, ছিল জীবনের নিরাপত্তার জন্য। নিরাপত্তার জন্য শেখা সাঁতারকে অজান্তেই পছন্দ করে ফেলি একসময়। মা আর বোনদের উৎসাহেই আমি মাত্র সাত বছর বয়সে সাঁতারু জীবন শুরু করি। আমার বয়স যখন ১১ বছর, তখন আমার কোচ বব বাউম্যান আমাকে বলেন, পরিশ্রম করলেই আমি অলিম্পিক গেমসে সাঁতারে অংশ নিতে পারব। কোচের কথামতো প্রশিক্ষণ আর পরিশ্রম করা শুরু করি। ২০০০ সালে সিডনি অলিম্পিকে আমি সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে মার্কিন সাঁতারু দলে যোগ দিই। কিন্তু সেবার আমি প্রচণ্ড হতাশ হই। কারন আমি আমার প্রথম অলিম্পিকের ২০০ মিটার বাটারফ্লাই সাঁতারে পঞ্চম স্থান অধিকার করি। হতাশার পরে আমি আমার লক্ষ্য নতুন করে তৈরি করি। আমি অলিম্পিকের সাঁতারের আট ইভেন্টেই স্বর্ণ জয়ের লক্ষ্য নির্ধারণ করি। আগের থেকে বেশি পরিশ্রম আর সাঁতারে মনোযোগ দিতে থাকি। অলিম্পিকে সাঁতারের সবগুলো স্বর্ণ অর্জন হয়ে ওঠে আমার নতুন লক্ষ্য। যার ফলে ২০০১ সালে ১৫ বছর বয়সে ২০০ মিটার বাটারফ্লাই সাঁতারে এক মিনিট ৫৫ সেকেন্ডের কম সময়ে (১:৫৪.৯২ সে) অতিক্রম করে নতুন বিশ্ব রেকর্ড করি। প্রচণ্ড আগ্রহে আমি পুলে নিজেকে প্রস্তুত করতে থাকি। ২০০৪ সালের এথেন্স অলিম্পিকে আমি ছয়টি স্বর্ণপদকও লাভ করে ফেলি। কিন্তু তার পরও আমি ভীষণ হতাশ হই। কারণ সাঁতারের ২০০ মিটার ফ্রি-স্টাইল ও চারজনের ১০০ মিটার ফ্রি-স্টাইল রিলে সাঁতারের হিট রাউন্ডেই ফলাফল খারাপ করি। ফ্রি-স্টাইলের বাছাইপর্বে আমি পঞ্চম হয়ে ফাইনালে অংশ নিই। আবার চারজনের ১০০ মিটার ফ্রি-স্টাইল রিলেতে তৃতীয় দল হিসেবে পরবর্তী রাউন্ডে অংশ নিই। ব্যর্থতার কারণে আমি কোচের কাছে হতাশা প্রকাশ করি। পরের দুটি ইভেন্টে অংশ নিতে অনিচ্ছা জানাই। কোচের নির্দেশ আর উৎসাহে আমি অংশ নিতে রাজি হই। হতাশার মধ্যে আমি আরও দুটি ব্রোঞ্জপদক দিয়েই সেবারের অলিম্পিক শেষ করি। এ রকম দুঃসময় আমার জীবনে অনেকবারই এসেছে। আমার সাঁতার ছেড়ে দিতে ইচ্ছা করেছে। তখন আমার মা আমাকে প্রায়ই একটা কথা জিজ্ঞেস করেন, ‘আমি আমার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিচ্ছি কি না?’ আমি চিন্তাভাবনা করে বুঝতে পারি, এটা আমার জন্য সেরা সিদ্ধান্ত হবে না। আমি ফের আমার লক্ষ্যের দিকে তাকাই, আমি সিদ্ধান্ত নিই আমি হাল ছেড়ে দেব না, আমি আমার লক্ষ্য পূরণ করবই। আমি ধরেই নিয়েছিলাম, আমার কিছু হারানোর নেই, নিঃশেষ হলে হয়ে যাবে। এই ইচ্ছাতেই আবার পানিতে নামি। আমি হাল ছেড়ে না দিয়ে হতাশা কাটানোর জন্য পুলে সময় কাটাতে থাকি। আমি সব সময়ই আমার সেরা সময় আর দুঃসময়ের কথা চিন্তা করি। আমি যেকোনো সময়ই সাঁতারে অযোগ্য হতে পারি, কখনো আমার গগলসে পানি ঢুকে যেতে পারে, গগলস হারিয়েও যেতে পারে। এই চিন্তা আমাকে বেশ সাহায্য করে। আমি হারতে পছন্দ করি না। তার পরও যদি আমি হেরে যাই, তখন নিজেকে প্রশ্ন করি, ‘আমি কী করলে এই ব্যর্থতা আর হবে না?’ এটা আমাকে বুঝতে সাহায্য করে চোখের পলকেই যেকোনো কিছু ঘটতে পারে। আমি বুঝতে পারি কল্পনার যেকোনো কিছুই বাস্তবে ঘটতে পারে। একবার সাঁতারের সময় আমার কবজি ভেঙে যায়। তার পরও আমি পানিতে নামি। আমি প্রথম কয়েক দিন খুবই হতাশ ছিলাম। তখন আমি অনেক সময় পেয়েছিলাম চিন্তাভাবনা করার। আমি বুঝতে পারলাম যারা বলে আমি কিছু করতে পারব না, তাদের কথাবার্তায় আমার পথকে আরও কঠিন করে দেয়। আমি তাদের কথা পাত্তা না দিয়েই পানিতে নেমে পড়ি। সেবারই আমি প্রথম শিখতে পারি ‘কখনো হাল না ছাড়া’। জীবনে কোনো অর্জনই সহজে আসে না। প্রাপ্তি নির্ভর করে কীভাবে তুমি বাধাবিপত্তি সামলাবে। বাধাগুলো এক এক করে দূর করলেই তুমি হয়ে উঠবে শক্তিশালী মানুষ। কিন্তু ব্যর্থ হলে কী হবে? ব্যর্থতাগুলো যখন পুনরাবৃত্তি হতে থাকবে, তখন কোনো একসময় তুমি সফলতা লাভ করবেই। আমার স্কুলের সাঁতারের শিক্ষক বলতেন, ‘কোনো কিছুতেই শেষ সীমানা তৈরি করা যাবে না। যত বেশি স্বপ্ন দেখবে তত বেশি সামনে যাবে।’ সেই স্বপ্ন দেখার ফল আসে আমার হাতে, যখন আমি পরের বেইজিং অলিম্পিকে রেকর্ড আটটি স্বর্ণপদক লাভ করি।আমি সব সময়ই চেষ্টা করি আগের মাইকেল ফেল্প্সকে অতিক্রম করে যেতে। আমার জীবনের আদর্শ মাইকেল জর্ডান। যদিও তাঁর সঙ্গে আমার কখনোই দেখা হয়নি, তার পরও তিনি আমার আদর্শ। তিনি জানেন, কীভাবে বাস্কেটবল কোর্টের ভেতরে ও বাইরে খেলতে হয়। বাস্কেটবল কোর্টে তিনি শুধুই খেলতেন, অন্যদিকে মনোযোগ ছিল না তাঁর। এটাই আমার আদর্শ—আমি যখন যা করব তাতে থাকবে সম্পূর্ণ মনোযোগ।আমি সব সময় অন্যদের কথা চিন্তা করে শিহরিত হই। অলিম্পিক ভিলেজে আমি এক ছাদের তলায় মার্কিন বাস্কেটবল দল, টেনিসের রাফায়েল নাদাল-রজার ফেদেরারকে দেখতে পাই। আমি বড়মাপের এই খেলোয়াড়দের দেখে রোমাঞ্চিত হই। আমি যখনই হতাশ হয়ে পড়ি তখনই তাদের দেখে উজ্জীবিত হয়ে উঠি। এই বড়মাপের মানুষদের দেখার জন্য আমি প্রতিদিন ঘুম থেকে উঠেই খেলার চ্যানেলে চোখ রাখি। আগের রাতে তারা কী করছে তা দেখার জন্য উৎসুক হয়ে থাকি।আমি সাঁতারের জন্য অনেক শুভেচ্ছা ও ফোন পেয়ে থাকি। আমাকে সবাই উৎসাহ দেয়। আমি সেই উৎসাহকে আমার জন্য বিশাল কিছু মনে করি। মনে হয় তাদের জন্য হলেও আমাকে পানিতে সাঁতরাতে হবে!আমার লকারে একটা ছবি রাখা ছিল। ছবিটা ছিল ইয়ান ক্রকারের, যে আমাকে ২০০৫ সালের এক প্রতিযোগিতায় হারিয়ে দেয়। আমি খুবই বিরক্ত হয়েছিলাম যখন অস্ট্রেলীয় সাঁতারু ইয়ান থর্প বলেছিল আটটি স্বর্ণপদক জেতা কারও পক্ষে কখনোই সম্ভব না। আমি আমার প্রস্তুতির সময় সেই ছবিটা আর থর্পের সাক্ষাৎকার ছাপানো সংবাদপত্রের কাটা অংশটা প্রতিদিন দেখতাম। এই দুটি জিনিস আমাকে আরও পরিশ্রমী করে তোলে। আমাকে কেউ সমালোচনা না করে সন্দেহ করলে আমি বেশ রেগে যাই, যা আমাকে আরও জেদি করে তোলে। আমি সব সময়ই আমার নিজের জন্য উৎসাহ খুঁজে বেড়াই। আমি হতাশার মাঝেও উৎসাহ খুঁজে বেড়াই, যা আমাকে আবার জেগে উঠতে সাহায্য করে।ইয়ান থর্প আমার প্রতিযোগী হলেও আমি তাকে অনেক শ্রদ্ধা করি। যদিও তার জন্যই ২০০৪ সালের এথেন্স অলিম্পিকে হতাশা তৈরি হয়েছিল। তাকে প্রতিযোগী হিসেবে অবহেলার কিছু নেই, তার কাছ থেকে শেখার আছে অনেক কিছু। তার কারণেই বিশ্ব সাঁতার অনেক ওপরে উঠে এসেছে। যে কাজই করুন না কেন, আপনাকে অবশ্যই নীতির সঙ্গে কাজে মনোযোগ দিতে হবে। শক্তিশালী মন তৈরি করতে হবে প্রেরণা গ্রহণের জন্য। এই শক্তিশালী মনই আপনার মাঝে অনেক কিছু নিয়ে আসে, আপনি নিজেই নিজেকে নতুন করে চিনবেন। আমি সব সময়ই এমনই কিছু করার চেষ্টা করি যা কেউ আগে করেনি, আমি সাঁতারের ধারণা বদলে দিতে চেয়েছি মাত্র।২০০৮ সালে প্রকাশিত ফেল্পেসর আত্মজীবনী নো লিমিটস: দ্য উইল টু সাকসিড এবং সিএনএনের সাক্ষাৎকার অবলম্বনে ভাষান্তর জাহিদ হোসাইন