লক্ষ্য তাঁর বহুদূর

বয়স তখন কত হবে তিন কি চার। ছোট্ট খুকি মায়ের ওড়না গায়ে চাপিয়ে পরত শাড়ি। হাতে নিত স্ক্রু ড্রাইভার। তার কাছে সেটা মাইক্রোফোন। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে নানা ভঙ্গিমায় গান গাওয়ার চেষ্টা। কখনো কখনো এক–আধ লাইন নাটকের সংলাপ বলা। আড়াল থেকে মা দেখে হাসতেন। কিন্তু কখনো বাধা দেননি। বরং মেয়ের আগ্রহে রসদ জোগাতেন। তাকে সঙ্গে নিয়ে নাটক দেখতেন, গান শুনতেন।
ছোটবেলার সেই আগ্রহ একসময় স্বপ্ন জাগাল। বড় হয়ে সেই খুকি পুরোদস্তুর হয়ে উঠেছেন অভিনয়শিল্পী। তিনি শারমিন আঁখি। ছোট পর্দার পরিচিত মুখ। দীপ্ত টিভির মেগা ধারাবাহিক অপরাজিতার চঞ্চল মেয়ে নন্দিতার কথা কি সহজে ভোলা যায়? আদুরে আহ্লাদী মেয়েটি মাতিয়ে বেড়ায় বাড়ি। এ ছাড়া আরও একটি মেগা ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। এর নাম ওরা থাকে অধারে। এটিও প্রচারিত হবে দীপ্ত টিভিতে। শেষ করেছেন রওনক হাসানের পরিচালিত নাটক ভোরের প্রসূতি। এটি দেখানো হবে মাছরাঙা টেলিভিশনে।
নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। চট্টগ্রামে বেড়ে ওঠা মেয়েটি ঢাকাবাসী হয়েছেন নাটকের টানেই। সম্প্রতি চট্টগ্রাম এলে কথা হয় তাঁর সঙ্গে। প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে আড্ডায় জানান তাঁর উঠে আসার গল্প।
শুরুতেই মঞ্চ ও টেলিভিশনের পর্দার কাজের ফারাক—দুই মাধ্যমের কোনটিতে স্বচ্ছন্দ? এমন প্রশ্নে একেবারে ‘কূটনীতিকের’ উত্তর—‘দুটো মাধ্যম আমার সমান প্রিয়। কাজের ভিন্নতা তেমন নেই। মঞ্চে ডাক পেলেই ছুটে আসি। আমার ভিত তো মঞ্চে। আবার টিভি নাটকে আমি পেশাদার।’
টেলিভিশন নাটকে কাজ তো অনেক হলো। সংখ্যার হিসাবে কত? হাতে গুনে, স্মৃতি হাতড়ে বললেন, ‘পঞ্চাশের বেশি।’ এর মধ৵ থেকে নিজের ভালো লাগার চরিত্র বাছাই করলে কোনটি করবেন? শুনে কয়েক সেকেন্ড চুপ। চিন্তা করে বললেন, ‘সব চরিত্রেই মিশে যাওয়ার চেষ্টা করি। নাটকের স্ক্রিপ্ট ভালোমতো পড়ে তারপর নিজে ঘরে এক দফা অনুশীলন করে ক্যামেরার সামনে দাঁড়াই। এর মধ্য থেকে শিহাব শাহীনের অনামিকা নাটকের অনামিকা চরিত্রটি করার সময় অন্য রকম ভালো লাগা ছুঁয়ে যায়। নাটকের কাহিনি পত্রমিতালির প্রেমের। এখন তো সবকিছু যান্ত্রিক। এই চরিত্রের মাধ্যমে সেই সময়টাকে অনুভব করেছি। নাটকটি গত রোজার ঈদে গাজী টিভিতে প্রচারিত হয়।’
আঁখির অভিনয়ের হাতেখড়ি ফেইম স্কুল অব ডান্স ড্রামা অ্যান্ড মিউজিক থেকে। অভিনয়ের অ, আ, ক, খ শিখেছেন ফেইমেই। এরপর অরিন্দম নাট্য সম্প্রদায়ে যোগ দেন। এখনো অরিন্দমের সঙ্গে আছেন।
মঞ্চের মানুষটি এখন কি আগের মতো নিয়মিত? বললেন, ‘ডাকের অপেক্ষায় থাকি। ডাক পেলেই ছুট। অরিন্দমের সাম্প্রতিক সময়ের প্রযোজনা দুতিয়ার চান ও কবি নাটক মঞ্চস্থ হলেই আমি আসি।’
মঞ্চ আর ছোট পর্দার কাজে পোক্ত আঁখি। বড় পর্দায় যাওয়ার ইচ্ছা কী নেই? একটি শব্দে সেই উত্তর, ‘অবশ্যই’। পরক্ষণে যোগ করেন—‘চলচ্চিত্র অনেক বড় ব্যাপার। আমার এখনো অনেক কিছু শেখার আছে। চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব আসছে। কিন্তু আমি এখনো সেদিকে এগোতে চাই না। নিজেকে তৈরি করে তারপর বড় পর্দায় আসব। তা ছাড়া রাতারাতি তারকা হওয়ার ইচ্ছা নেই। নিজেকে ঝালাই ছাড়া এলে সহজে ঝরে পড়ার আশঙ্কা থাকে। আর ভিত মজবুত থাকলে সবকিছু সামাল দেওয়া যায়।’
কথায় কথায় সময় গড়ায়। মুঠোফোন বেজে চলেছে আঁখির। রিংটোনের কণ্ঠ রোধ করছেন বারবার। যাওয়ার তাড়া। শেষ করতে চাই স্বপ্ন দিয়ে। আঁখি কোথায় দেখতে চান নিজেকে। বললেন, ‘লক্ষ্য এখনো অনেক দূর। সেই লক্ষ্যের পেছনেই ছুটছি।’